দূষণের চিহ্ন মুছে মাথা তুলছে সবুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্ছেদ হওয়া জাহাজভাঙা ইয়া​ের্ড বেড়ে ওঠা ঝাউ, আকাশমণি, মেহগনিসহ নানা জাতের গাছের পরিচর্যা করছেন বনকর্মী l প্রথম আলো
উচ্ছেদ হওয়া জাহাজভাঙা ইয়া​ের্ড বেড়ে ওঠা ঝাউ, আকাশমণি, মেহগনিসহ নানা জাতের গাছের পরিচর্যা করছেন বনকর্মী l প্রথম আলো

স্তূপ করা লোহালক্কড় আর জাহাজের কঙ্কাল উধাও। চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ির দুটি জাহাজভাঙা ইয়ার্ডজুড়ে এখন শোভা পাচ্ছে সবুজ গাছ।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি আদালতের নির্দেশে উচ্ছেদ করা এস কে স্টিল ও এস কে শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ড
দুটির জায়গায় গাছের চারা লাগিয়ে দিয়েছিল উপকূলীয় বন বিভাগ। দখল ও দূষণের সব চিহ্ন মুছে দিয়ে বড় হয়ে উঠছে চারাগাছগুলো।
উপকূলীয় বনাঞ্চল ধ্বংস করে গড়ে ওঠা ইয়ার্ড দুটি উচ্ছেদ করে বনায়নের নির্দেশ দিয়েছিলেন আদালত। উপকূলীয় বন বিভাগ সূত্রে জানা যায়, ২০০৯ সালে ৩ জুলাই রাতের আঁধারে মধ্যম সোনাইছড়িতে উপকূলীয় সবুজ বেষ্টনীর ১৫ হাজারের বেশি গাছ কেটে সেখানে এ দুটি ইয়াের্ডর নির্মাণকাজ শুরু হয়। তখন সেখানে প্রায় ১২৫ একর সবুজ বেষ্টনী ছিল। ২০১৩ সালের ৬ অক্টোবর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ইয়ার্ড দুটি উচ্ছেদ করে সেখানে নতুনভাবে বনায়নের নির্দেশ দেন।
গত বছরের ৩০ জানুয়ারি অপর এক আদেশে সেই বছরের ২৭ ফেব্রুয়ারির মধ্যে ইয়ার্ড দুটির স্থাপনা ও অন্যান্য সামগ্রী উচ্ছেদ করার নির্দেশ দেন আদালত। ওই নির্দেশ অনুযায়ী ২৪ ফেব্রুয়ারি ইয়ার্ড দুটি উচ্ছেদ করে গাছ লাগানো হয়। তবে সাগরে ভাসমান বর্জ্যতেলের কারণে এবং মিষ্টি পানির অভাবে কিছু গাছ মারা গেছে বলে বন কর্মকর্তারা জানান।
সরেজমিনে দেখা যায়, বেড়িবাঁধের পাশে কারখানা দুটির ভাঙাচোরা ভবন পার হলেই বাগান। সারি সারি ঝাউ, আকাশমণি, মেহগনি, জাম, রেইনট্রি ও নিমের চারা লাগানো হয়েছে। বাগান পাহারার দায়িত্বে থাকা স্বপন চন্দ্র দাস, মো. মোবিন উদ্দীন ও বেলাল উদ্দীন জানান, বেড়িবাঁধের ধারে গাছের বৃদ্ধি ভালো কিন্তু সাগরের ধারে কিছু গাছ মরে গেছে।
স্বপন চন্দ্র দাস বলেন, গাছে নিয়মিত পানি দিতে পারলে আরও অনেক বড় হতো। কিন্তু মিঠা পানি গাছে দেওয়া কোনোভাবে সম্ভব হয় না। এ ছাড়া মাটির নিচে অনেক ধাতব পদার্থ রয়েছে। ফলে গাছের মূল মাটির ভেতরে যেতে পারে না। তাই অনেক গাছ মরে গেছে, অনেক গাছ কাত হয়ে পড়ে যাচ্ছে। তবে গাছ মরে গেলে আবারও ওই স্থানে নতুন করে গাছ লাগানো হয়।
উপকূলীয় বন বিভাগ সূত্রে জানা গেছে, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইয়ার্ড দুটি উচ্ছেদের সময় ২ দশমিক ৫ হেক্টর কারখানা এলাকায় ৫ হাজার ২৫০টি গাছ লাগানো হয়। পরবর্তী সময়ে আরও অন্তত ২২ হাজার ২২০টি গাছ লাগানো হয়।
উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম মুনিরুল ইসলাম বলেন, জাহাজের কালো তেলের কারণে কিছু গাছ মরে গেছে। আবার নতুন করে শূন্যস্থান পূরণ করা হচ্ছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও গাছগুলো বেড়ে উঠেছে।