দৃষ্টি এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটে চট্টগ্রাম পূর্ণ নম্বর পেয়ে পাস করেছে। দুই দুটি ম্যাচের পর সাকিবও বলতে দ্বিধা করলেন না চট্টগ্রাম লাকি গ্রাউন্ড। এখন চট্টগ্রামের ক্রীড়ামোদীদের চোখ ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে। আইসিসি এক দিনের বিশ্বকাপে বাংলাদেশসহ তিনটি দেশ যৌথ আয়োজক হলেও টি-টুয়েন্টির একমাত্র আয়োজক বাংলাদেশ। তাই ওই আসরে চট্টগ্রাম আরও বেশি ম্যাচ আয়োজনের দাবিটা তুলতেই পারে। যেকোনো দেশ স্বাগতিক দলের ক্রিকেটারদের সামর্থ্যের দিক বিবেচনায় রেখে উইকেট ও মাঠ তৈরি করে থাকে। এতে দোষের কিছু নেই। দুই উইকেটে পরাজয়ের পর ইংলিশ অধিনায়ক স্ট্রস যতই চট্টগ্রামের উইকেটের সমালোচনা করুক। স্পিন ও ব্যাটিং-নির্ভর উপমহাদেশের উইকেটের আদর্শ একটি মাঠ চট্টগ্রাম। এখানে স্পিনাররা যেমন বাড়তি সুবিধা পান তেমনি ধৈর্য ধরে খেললে ব্যাটসম্যানরা রান পেতে পারেন এমন ব্যাখ্যা ক্রিকেটবোদ্ধাদের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ পর্যন্ত ১১টি ম্যাচ হয়েছে। এর মধ্যে ছয়টিতেই জিতেছে বাংলাদেশ। আর যদি শুধু বিশ্বকাপ হিসাবে আনা হয় তাহলে সেখানে দুটি ম্যাচের দুটিতেই জয়। সাফল্য শতভাগ। অন্যদিকে ঢাকা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এখন পর্যন্ত বিশ্বকাপের তিনটি ম্যাচে স্বাগতিকদের জয় মিলেছে একটিতে। সাফল্যের শতাংশ বিচারে ৩৩ নম্বর পেয়ে পাস করার মতো। যদিও ক্রিকেট এই পাস-ফেলের হিসাব কষে না। এ হিসাব শুধু সমর্থকেরা করেন। এ ছাড়াও টিম ম্যানেজমেন্টের মাথায়ও নিজেদের জয়ের পাল্লা কোন মাঠে ভারী থাকে এই জিনিসগুলো কাজ করে থাকে। অন্যদিকে মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ এই পর্যন্ত ৩৯টি এক দিনের ম্যাচ খেলে জিতেছে ১৮টিতে। এ তো গেল মাঠ ও উইকেটের বিশ্লেষণ। এখন আসা যাক দর্শকপ্রিয়তা ও আয়োজনের দিক প্রসঙ্গে। চট্টগ্রামে বিশ্বকাপের আয়োজন নিয়ে সার্বিক সন্তুষ্টিও প্রকাশ করেন ভেন্যু চেয়ারম্যান সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর। চট্টগ্রামের দুটি ম্যাচেই প্রচুর দর্শক হয়েছে। ম্যাচের তিন ঘণ্টা আগে থেকে দর্শকেরা ঢাকঢোল নিয়ে মিছিল করতে করতে স্টেডিয়ামের দিকে ছুটেছেন। অবশ্য একই দর্শকপ্রিয়তা পেয়েছে ঢাকার তিনটি ম্যাচও। তবে চট্টগ্রামের ম্যাচ দুটি দেখার জন্য ঢাকা থেকে সাধারণ দর্শকদের পাশাপাশি অনেক সেলিব্রেটিও ছুটে এসেছিলেন। তাঁদের মধ্যে উপস্থাপক শারমিন লাকী, অভিনেতা ইন্তেখাব দিনার, সামিনা চৌধুরী, আফসানা মিমি, সাহিত্যিক আনিসুল হক অন্যতম। ইএসপিএন ও স্টার স্পোর্টসের পর্দায় বারবার ভেসে উঠছিল এই মুখগুলো।তাই মিরপুর থেকে কোনো অংশে কম ছিল না চট্টগ্রামের উন্মাদনা। ক্ষেত্রবিশেষে বেশিই ছিল। তাই এখন ক্রীড়ামোদীরা দাবি করতেই পারেন বেশি ম্যাচের। চট্টগ্রামে বিশ্বকাপের অভিষেকের আগে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রামে বেশি ম্যাচ আয়োজনের ক্ষেত্রে একটি বাধার কথা উল্লেখ করেছিলেন বিশ্বকাপ প্রস্তুতি কমিটির সদস্যসচিব দেওয়ান শফিউল আরেফিন। তিনি বলেছিলেন, চট্টগ্রামে একাধিক ম্যাচ আয়োজনের ক্ষেত্রে মূল সমস্যাটা হলো আবাসন। একটি মাত্র হোটেল রয়েছে। এই হোটেলে দুই দল ও অফিসিয়ালরা থাকার পর আর তেমন জায়গা থাকে না।’কথাটা যৌক্তিক। তাই এই ঘাটতি যদি মেটানো যায় তাহলে চট্টগ্রামবাসী আগামী বছরের টি-টুয়েন্টি বিশ্বকাপে চার-পাঁচটি ম্যাচ আশা করতেই পারেন।