বিতর্কের টুর্নামেন্ট দৃষ্টি প্রিমিয়ার লিগ সপ্তম আসর গত শুক্রবার থেকে শুরু হয়েছে। নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। টুর্নামেন্ট উদ্বোধন করেন দৃষ্টি ডিবেট ক্লাবের চেয়ারম্যান সাফিয়া গাজী রহমান। বিশেষ অতিথি ছিলেন সিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কায়েস চৌধুরী। অতিথি ছিলেন প্রথম আলোর উপবাণিজ্য সম্পাদক সুজয় মহাজন, হাবিব তাজকিরাজের পরিচালক রুম্মান আহমেদ ও মিডিয়া গ্রাফির ব্যবস্থাপনা পরিচালক মিল্টন দাস। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৃষ্টির সাধারণ সম্পাদক বনকুসুম বড়ুয়া, যুগ্ম সম্পাদক শহীদ হিরো ও সাবের শাহ, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দীন মুন্না, দপ্তর সম্পাদক রাকিব তৌসিফ ও সহ-বিতর্ক সম্পাদক কাজী আরফাত।
চট্টগ্রামের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সেরা ২৪ জন বিতার্কিক আটটি দলে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। দলগুলোর নামকরণ করা হয়েছে চট্টগ্রামের আটটি স্থানের নামে। যথা পাইরেটস অব চকবাজার, লালখানবাজার খানস, চান্দগাঁও টাইগার্স, প্রবর্তক ইলুমিনাত্তি, জিইসি জায়েন্স, জামালখান ক্রিস্টালস, দেওয়ানবাজার স্পাইডার্স ও আগ্রাবাদ এরিস্টোক্র্যাট। সাবেক সেরা বিতার্কিক ও বিতর্ক সংগঠকদের মধ্য থেকে আটজন ব্যবস্থাপকের তত্ত্বাবধানে পরিচালিত হবে দলগুলো।
এবারের আসরে অংশগ্রহণ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি), সাদার্ন বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়, হাজী মুহম্মদ মুহসীন কলেজ, চট্টগ্রাম কলেজ, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, পটিয়া সরকারি কলেজ ও দৃষ্টি ডিবেট ক্লাবের বিতার্কিকেরা। বিজ্ঞপ্তি।