দৃষ্টি নেই, তবু আশা মুছে যায়নি
রিন্টু ও মিন্টু তঞ্চঙ্গ্যা দুই ভাই-ই জন্মান্ধ। দৃষ্টি নেই, কিন্তু চোখ থেকে মুছে যায়নি স্বপ্ন। একজন আইনজীবী হতে চান, অন্যজন চান একটি সরকারি চাকরি। এই স্বপ্নকে সফল করতে দুজনেই ভর্তি হয়েছিলেন সমন্বিত অন্ধশিক্ষা প্রকল্প বিদ্যালয়ে। এটি চট্টগ্রামে অন্ধদের জন্য একমাত্র পূর্ণাঙ্গ শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৯৭ সালে লোহাগাড়ায় প্রতিষ্ঠিত এই আবাসিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় ২০০০ সালে। শিক্ষক মাত্র দুজন। একজন রিসোর্স শিক্ষক এবং অন্যজন সহকারী শিক্ষক। চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছে দুজন। এখন ছাত্রসংখ্যা ১০ জন। দশম শ্রেণীর পাঁচজন, অষ্টম শ্রেণীতে একজন, ষষ্ঠ শ্রেণীতে চারজন। স্কুলের শিক্ষক সত্যজিৎ মজুমদার জানান, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাদানের উদ্দেশ্যে সরকার এ ‘অন্ধশিক্ষা প্রকল্প’ব্যবস্থা চালু করেন। লোহাগাড়ার এ আবাসিক বিদ্যালয়ে থাকার ব্যবস্থা রয়েছে ১০ জনের। একটি রুমের মধ্যে ১০ জনকে খুব কষ্ট করে থাকতে হয়। ভবনটি সংস্কারহীন অবস্থায় রয়েছে দীর্ঘদিন। বর্ষাকালে পানি চুপসে পড়ে ভেতরে। দরজা-জানালা অধিকাংশ ভেঙে গেছে। বাথরুমেও অস্বাস্থ্যকর পরিবেশ। কিন্তু অন্ধ মেয়েদের লেখাপড়ার সুযোগ থাকলেও আবাসিক কোনো সুবিধা নেই। ফলে আনা-নেওয়ার কষ্টে অন্ধ ছাত্রীরা ইচ্ছা থাকলেও লেখাপড়া থেকে ঝরে পড়ে। শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে দশম শ্রেণীর ছাত্র শাকিল, মিন্টু, রিন্টু জানায় বিভিন্ন অভাব অভিযোগের কথা। শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধীদের উপযোগী রাইটিং ফ্রেম, অ্যাবাকাস, ট্রেলার, টেপ রেকর্ডার জাতীয় শিক্ষা উপকরণ খুব কম। এ জন্য শিক্ষাদান ব্যাহত হয়। অন্ধ শিক্ষার্থীরা তাদের উপযোগী খেলাধুলার সামগ্রী প্রদানের দাবি জানায়। স্কুলের দশম শ্রেণীর ছাত্ররা তাদের এসএসসি পরীক্ষার সময় অষ্টম শ্রেণীর বদলে নবম শ্রেণীর রাইটার প্রদানের দাবি জানায়। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আবদুল কাইয়ুম জানান, প্রতিবন্ধী শিক্ষার্থীরা মানসিকভাবে দুর্বলচিত্তের হয়। তাদের জন্য প্রয়োজন প্রোটিনযুক্ত খাবার। শিক্ষার পাশাপাশি বিনোদন ও ক্রীড়া সামগ্রীর ব্যবস্থা নিলে অবশ্যই প্রতিবন্ধীদের জন্য ভালো হয়। এ ব্যাপারে স্কুলের রিসোর্স শিক্ষক নুরুল আলম প্রথম আলোকে জানান, প্রত্যেক শিক্ষার্থীদের জন্য মাসিক এক হাজার টাকা সরকারি বরাদ্দ রয়েছে। এর মধ্যে একজন শিক্ষার্থীর খাওয়া, থাকা, শিক্ষা, চিকিৎসাসহ অন্যান্য ব্যয় বহন করতে হয়। সরকারি-বেসরকারি সংস্থার মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষার সামগ্রী, বিনোদন ও ক্রীড়া সামগ্রী পেলে শিক্ষার্থীরা অবশ্যই ভালো ফল করবে। এতে সরকারি এ প্রকল্প আরও বেশি ফলপ্রসূ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।