দৃষ্টি প্রিমিয়ার লিগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
দৃষ্টি প্রিমিয়ার লিগ ডিবেট চ্যাম্পিয়নশিপের চতুর্থ আয়োজন শেষ হলো ১৯ আগস্ট। চট্টগ্রামের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৪ জন সেরা এবং প্রতিভাবান বিতার্কিকের অংশগ্রহণে এই আয়োজনে আটটি দল অংশ নেয়। সাবেক আটজন বিতার্কিকের তত্ত্বাবধানে এই বিতর্ক দলগুলো পরিচালিত হয়। ৫ আগস্ট উন্মুক্ত নিলামের মাধ্যমে বিতার্কিকদের দলভুক্ত করে প্রতিটি দল গঠিত হয়। ফাইনাল প্রতিযোগিতায় প্রবর্তক ইলিমিনাত্তি চান্দগাঁও টাইগারসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বারোয়ারি বিতর্কে সেরা বক্তা নির্বাচিত হয়েছেন মুরাদপুর সুপার পাওয়ারের জুনায়েদ কৌশিক চৌধুরী, সেরা প্রতীক নির্বাচিত হয়েছে বনকুসুম বড়ুয়ার আগ্রাবাদ অ্যারিস্টোক্রেট। সমাপনী দিনে দৃষ্টি চট্টগ্রামের প্রধান উপদেষ্টা ফরিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সাফিয়া গাজী রহমান, চট্টগ্রাম চেম্বারের সচিব অভিক ওসমান, প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার, চবি মার্কেটিং বিভাগের অধ্যাপক মুহাম্মদ তৈয়ব চৌধুরী, নাট্যজন শুভ্রা বিশ্বাস ও ইন্ডিপেনডেন্ট টিভি ব্যুরোর প্রধান শাহনেওয়াজ রিটন। বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল, সাধারণ সম্পাদক ব্যাংকার সাইফ চৌধুরী, আবৃত্তিকার মিলি চৌধুরী, যুগ্ম সম্পাদক আদনান মান্নান, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোমিনুর রহমান, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সহসভাপতি আবদুল্লাহ মুহাম্মদ শুকরানা প্রমুখ। বিজ্ঞপ্তি।