পূর্বে পাহাড়, পশ্চিমে সাগর। মাঝখানে বয়ে চলা চট্টগ্রাম-কক্সবাজার আঞ্চলিক মহাসড়ক ঘিরে বাঁশখালী উপজেলা। প্রাকৃতিক সৌন্দর্যের আধার এ উপজেলায় রয়েছে পর্যটনশিল্পের প্রসার ঘটানোর মতো দৃষ্টিনন্দন সব উপকরণ। আর পর্যটনকেন্দ্র বাস্তবায়ন করা গেলে এখান থেকে উল্লেখযোগ্য অঙ্কের রাজস্ব আয়ও করতে পারবে সরকার।এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিদের মতে, বাঁশখালীতে শরীর-মন জুড়ানোর অন্যতম আকর্ষণ হচ্ছে উপকূলীয় সমুদ্রসৈকত। এটি হতে পারে কক্সবাজারের পর দেশের দ্বিতীয় বৃহত্তম সৈকত। বালুচরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ঝাউবাগান ও সাগরের জলকেলির মতো মনোমুগ্ধকর দৃশ্য যে কারও ভালো লাগবে। বাহারছড়া ও খানখানাবাদ এলাকায় বালুচর ও বেড়িবাঁধে প্রায় তিন শ একর ঝাউবাগান নৈসর্গিক পরিবেশের সৃষ্টি করেছে। সরেজমিনে দেখা যায়, বাহারছড়া ও খানখানাবাদ ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার ১০ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসৈকতে রয়েছে উপকূলীয় সামাজিক বনায়নের আওতায় নির্মিত ঝাউবাগান। প্রেমাশিয়া মৌজার উত্তর-পশ্চিমাংশে প্রবাহিত সাঙ্গু নদীর মোহনার অপর পাশে গহিরা মৌজার ঝাউবাগানের চোখ ধাঁধানো সৌন্দর্য পর্যটকদের সহজেই মোহিত করে। এলাকার লোকজন জানান, প্রতিদিন বাঁশখালীর বিভিন্ন অঞ্চলের লোকজন ছাড়াও আশপাশের উপজেলাগুলো থেকেও ভ্রমণপিপাসু লোকেরা সাগর উপকূলে ভিড় করেন বিশেষ করে শুকনো মৌসুমে। তবে যোগাযোগ ও থাকা-খাওয়ার উপযুক্ত অবকাঠামো গড়ে না ওঠায় আশানুরূপ পর্যটকের আগমন এখানে হচ্ছে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন। খোঁজ নিয়ে জানা যায়, বাহারছড়া বশির উল্লাহ মিয়াজি বাজার, মোশারফ আলী বাজার ও প্রেমাশিয়া বাজারে কম দামি কয়েকটি খাবারের দোকান থাকলেও তা পর্যাপ্ত ও মানসম্পন্ন নয়। অমাবস্যা-পূর্ণিমার সময় জোয়ারের পানিতে ভাঙনের শিকার হয়ে উপকূলীয় এলাকার সৌন্দর্য অনেকখানি কমে গেছে। সৈকত এলাকায় যাওয়ার জন্য বাহারছড়া-ছলিয়াবর পুল এবং গুনাগরি-পশ্চিম বাঁশখালী সড়কটির বেহাল অবস্থা। ফলে দলবেঁধে বেশি বেশি পর্যটক এলে অনেকের জন্য তা অস্বস্তিকর হয়ে উঠবে। এ অবস্থায় ভ্রমণেচ্ছুদের খাবার সঙ্গে নিয়ে আসাই ভালো। এ ছাড়া সড়ক দুটি সংস্কার এবং উপকূলের ভাঙনরোধে সরকারের উদ্যোগ নেওয়া জরুরি।সম্প্রতি সাতকানিয়া উপজেলার এওচিয়া থেকে ভ্রমণে আসা নাজমুল হাসান ও রাফি উদ্দিন বলেন, ‘বাঁশখালীর উপকূলীয় এলাকায় এমন দৃষ্টিনন্দন সমুদ্রসৈকত রয়েছে তা আগে জানতাম না। শোনা কথায় ভ্রমণে এসে মুগ্ধ হলাম।’ এলাকাটিকে সরকারিভাবে পর্যটনকেন্দ্র ঘোষণা ও উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা হলে পর্যটকেরা হুমড়ি খেয়ে পড়বে বলে তাঁরা মন্তব্য করেন। বাহারছড়া ইউনিয়নের রত্নপুর গ্রামের মোহাম্মদ সেলিম, নজরুল ইসলামসহ অনেকের অভিমত, আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি এবং এ দেশের পর্যটনশিল্পের প্রসারের লক্ষ্যে বাঁশখালীর উপকূলীয় এলাকাকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা উচিত। বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান আহমদ জানান, সম্প্রতি বয়ে যাওয়া ঘূর্ণিঝড় সিডর, নার্গিস ও রেশমির আঘাতে নতুন করে সৃজিত ঝাউবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিমাঞ্চলকে পুনরায় ঝাউবাগানে পরিপূর্ণ করা গেলে বাঁশখালী পরিণত হবে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম আকর্ষণীয় সমুদ্রসৈকতে।বাঁশখালী উপজেলার চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী বলেন, বাঁশখালী উপকূলীয় এলাকাকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি। এ দাবি বাস্তবায়ন করে সরকার এখান থেকে পর্যাপ্ত রাজস্ব আয় করতে পারে। এ ব্যাপারে জেলা সমন্বয় সভায় প্রস্তাব করে পরে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রকল্প আকারে পেশ করা হবে।বাঁশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল বলেন, বাঁশখালীর উপকূলীয় এলাকার মতো সুন্দর দৃশ্য ও পরিবেশ সব উপজেলায় থাকে না। পর্যটন উপযোগী করে এ উপজেলাকে কাজে লাগাতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।