দৃষ্টিপ্রতিবন্ধীদের আইনি সহায়তা দেন খাদেমুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদেমুল ইসলাম ক্ষীণ দৃষ্টিশক্তি নিয়ে জন্ম নিয়েছিলেন। চতুর্থ শ্রেণীতে পড়ার সময় টেনিস বলের আঘাতে পুরোপুরি দৃষ্টিশক্তি হারান তিনি। সেই শৈশব থেকে অন্ধকারের পথ বেয়ে বেয়ে তিনি আজ আলোর পথে এসেছেন। দৃষ্টিপ্রতিবন্ধী খাদেমুল ইসলাম গত ১১ বছর সহকারী সরকারি কৌঁসুলির দায়িত্ব পালন করেছেন। এখন নগরের নামকরা সিনিয়র আইনজীবী। তাঁর অধীনে কাজ করেন বেশ কয়েকজন। দৃষ্টিপ্রতিবন্ধকতা নিয়ে কীভাবে বেড়ে উঠলেন, কীভাবে তিনি জীবনের এই সফলতার প্রান্তে এলেন, সে কথাই জানালেন তাঁর সতীশ বাবু লেনের বাসায় এক দিনের আলাপচারিতায়। ১৯৫৮ সাল। খাদেমের বয়স তখন ১০ কি ১১। তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রতিবন্ধীদের জন্য তেমন কোনো ব্যবস্থা ছিল না। বাবা আমিনুল ইসলাম ছিলেন আইনজীবী ও ম্যাজিস্ট্রেট। বাবা তাঁকে করাচির একটি প্রতিবন্ধী বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করিয়ে দেন। পড়ালেখার যাবতীয় সরঞ্জাম লন্ডন থেকেই আনিয়ে নিতেন বাবা। ৬২ সালে খাদেমুল ইসলাম আবার ঢাকায় চলে এসে রোটারি স্কুলে ভর্তি হন। এরপর ১৯৬৫ সালে তিনি কুমিল্লা বোর্ড থেকে এসএসসি পরীক্ষার জন্য আবেদন করেন। কিন্তু অনুমতি পাননি। পরে অনেক কষ্টে ১৯৬৬ সালে এসএসসি পরীক্ষা দিতে পারেন এবং কৃতিত্বের সঙ্গে পাস করেন। এরপর ১৯৬৮ সালে তিনি সিটি কলেজ থেকে নিয়মিত ছাত্র হিসেবে এইচএসসি পাস করেন। ১৯৭০ সালে তিনি বিএতে সেকেন্ড ক্লাস ফার্স্ব হন। এরপর ১৯৭৪ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেন। এসব কিছুর পেছনেই ছিল তাঁর বাবা-মা, ভাই-বোনের সহযোগিতা ও মনোযোগ। তাঁর বাবা সব সময় তাঁর সহপাঠী একজনকে বাসায় রেখে দিতেন যেন খাদেমুল ইসলামের যাওয়া-আসা এবং পড়াশোনায় সহযোগিতা করতে পারে। তিনি সবকিছু শুনে শুনে ব্রেইল পদ্ধতিতে করে নিতেন। এর মধ্যে তিনি ১৯৭৬ সালে আন্দরকিল্লা ল’ কলেজে ভর্তি হলেন। তাঁর বাবা সব সময় তাঁকে অন্ধ আইনজীবী সাধন গুপ্তের কথা গল্প করতেন এই গল্পই তাঁকে প্রেরণা জুগিয়েছে আজকের এই অবস্থানে আসার।আইনে পড়াশোনা শেষ করার পর তিনি তাঁর বাবার অধীনে থেকেই অনুশীলন করেন। প্রথম দিকে এই দৃষ্টিপ্রতিবন্ধিতা তাঁর পেশায় প্রভাব ফেলেছে, কিন্তু বর্তমানে তিনি একজন সফল আইনজীবী। একবার যাঁরা তাঁর সেবা নিয়েছেন, তাঁরা আর কখনো তাঁকে ছাড়েননি।খাদেমুল ইসলাম ব্যক্তিগতভাবে দৃষ্টিপ্রতিবন্ধীদের আইনি সহায়তা দিয়ে থাকেন। বর্তমানে তিনি সিএসডির (চিটাগাং সোসাইটি অব ডিসেবল) এক্সিকিউটিভ মেম্বার। তাঁরা বর্তমান সরকারের কাছে প্রতিবন্ধীদের জন্য এসএসসি পর্যন্ত আবাসিক স্কুলের দাবি করছেন এবং এ বিষয়ে কাজ করছেন। দৃষ্টিপ্রতিবন্ধীদের উদ্দেশে তিনি বলেন, ‘আগে নিজেকে কাজে নামতে হবে, তবেই অন্যে সাহায্য করবে। অন্যের অপেক্ষা করে বসে থাকলে হবে না, নিজেকে প্রথম স্বাবলম্বী হতে হবে। আর সেটা হতে পারলেই সাধারণ মানুষের সঙ্গে একীভূত হওয়া যায়। আত্মীয়স্বজনেরা আমাকে অবহেলা করেতে পারেনি, কারণ আমি সেটা অর্জন করেছি।’আজকাল সবকিছুই আনুষ্ঠানিকতাকেন্দ্রিক হয়ে যাচ্ছে। এই সাদাছড়ি দিবস বা বিভিন্ন দিবস উপলক্ষে অনুষ্ঠানে যেসব কথা বলা হয়, বাস্তবে তার কার্যকারিতা কই? দিবস গেলে সবাই ভুলে যায়। এর জন্য একটু দুঃখ লাগে। খাদেমুল ইসলাম বলেন, ‘তবে এটা ঠিক, আগে প্রতিবন্ধীদের জন্য পড়াশোনা করার তেমন কোনো ব্যবস্থাই ছিল না। বর্তমানে অনেক কিছুই হয়েছে। আমরা যখন পড়াশোনা করেছি, তখন কাগজ ও বিভিন্ন সরঞ্জাম বাইরে থেকে আনতে হয়েছে, কিন্তু বর্তমানে হাতের নাগালেই পাওয়া যাচ্ছে। তবে এসব ব্যবস্থা আরও উন্নত করা সম্ভব।’ খাদেমুল ইসলাম কোনো বাধাকেই বাধা মনে করেননি। তাঁর বাবার প্রেরণা ও তাঁর ইচ্ছাশক্তিতে সব প্রতিবন্ধকতা জয় করতে পেরেছেন। এখন তিনি তিন সন্তানের বাবা ও সফল আইনজীবী।