দৃষ্টিপ্রতিবন্ধীদের ক্রিকেট আসর শুরু হচ্ছে ১২ জানুয়ারি
বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ১২ জানুয়ারি থেকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে। এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয়টি দল। টুর্নামেন্টকে সামনে রেখে দলগুলো এখন অনুশীলনে ব্যস্ত সময় পার করছে।
গতবারের চ্যাম্পিয়ন চট্টগ্রাম, রানারআপ যশোর ছাড়াও কক্সবাজার, ঢাকা, নরসিংদী ও রাজশাহী এবার টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এই টুর্নামেন্ট চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। এম এ আজিজ স্টেডিয়ামে ফ্লাডলাইটে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
গত বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের জ্যেষ্ঠ সহসভাপতি দিদারুল আলম চৌধুরী। উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বড়তাকিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মোর্শেদ, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সহসভাপতি শাহীন আফতাবুর রেজা চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আবুল হাসেম, মো. অহিদ সিরাজ চৌধুরী, কাউন্সিলর সাইফুল্লাহ্ চৌধুরী, ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক মো. সোলাইমান বাদশা প্রমুখ।
এই টুর্নামেন্ট সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের মনোবল বাড়াবে বলে মনে করছেন আয়োজকেরা।
এদিকে দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে বিভিন্ন জেলার দলগুলো থেকে বাছাই করা ২০ জনকে নিয়ে চট্টগ্রামে ৩ জানুয়ারি থেকে অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এই ক্যাম্প উদ্বোধন করেন। ২৩ জানুয়ারি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দলটি ভারতের উদ্দেশে রওনা দেবে। সেখানে ২৭ জানুয়ারি থেকে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপ দলের সদস্য মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘আমরা ভালো কিছু করার আশায় অনুশীলন চালিয়ে যাচ্ছি। দেশের জন্য সম্মান বয়ে আনার চেষ্টা থাকবে আমাদের। সে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। বিশ্বকাপের আগে চট্টগ্রামের টুর্নামেন্টটি অনেক কাজে লাগবে। নিজেদের সামর্থ্য পরখ করার সুযোগ হবে।’