সেই ছোটবেলা থেকেই একটার পর স্বপ্ন দেখে চলেছি। চোখের পাতায় লেপ্টে আছে হাজারো স্বপ্ন। শুধু পার্থক্য এটাই, সময়ের সঙ্গে সঙ্গে স্বপ্নগুলো পরিবর্তিত হচ্ছে। ছোটবেলায় স্বপ্ন ছিল মাঠে খেলে বেড়ানোর। খেলার মাঠের সেই স্বপ্ন এখন নতুন গন্তব্য পেয়েছে। এখন আমার স্বপ্নগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য কিছু করার দিকে পা বাড়িয়েছে। স্কুলজীবনে স্বপ্ন দেখতাম, সবকিছুতে প্রথম হওয়া, যেন সবাই আমাকে ভালোবাসে। এই ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা আরও তীব্র হলো কলেজজীবনে। যখন কেউ আমার প্রশংসা করত, তখন ভাবতাম আমি এত ভালো, এত সুন্দর। যদিও এটা মনে পড়লে এখন আমার হাসি পায়!মা-বাবার আদরের সন্তান, নিত্যনতুন স্বপ্ন দেখি, সেই আমি যখন ওই দৃষ্টিপ্রতিবন্ধী ছেলেটির জায়গায় নিজেকে দাঁড় করাই, তখন হূদয় কেঁপে ওঠে, চোখে পানি চলে আসে। আর তখনই বুঝতে পারি, আমার স্বপ্নগুলো কত স্বার্থপর, শুধু নিজেকে কেন্দ্র করেই আবর্তিত। স্বপ্নহীন অবহেলিত এই মানুষগুলোর কষ্ট তাই আমার নিজেকে নিয়ে গড়া স্বপ্নগুলোকে তাড়িয়ে বেড়ায়। এই তাড়না থেকেই স্বপ্নগুলো এখন আর আমার সুখের দিকে নয়, অন্যের দুঃখের দিকেও প্রবাহিত হয়। আমার কিছু সুখের স্বপ্ন কমিয়ে অবহেলিত মানুষের জীবনে এক পলকের জন্য কিছু সুখ এনে দেওয়ার স্বপ্ন এখন আমার চোখে ভাসে। অন্য স্বপ্নগুলো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হলেও এই স্বপ্নটাকে সারা জীবন ধরে রাখতে চাই, পূরণ করতে চাই।শুধু নিজের জীবনকে সুন্দর করেই নয়, দৃষ্টিপ্রতিবন্ধীদের জীবনকে একটু হলেও সুন্দর করার চেষ্টা করে সবার ভালোবাসা পেতে চাই। আর এটাই আমার এখনকার স্থায়ী স্বপ্ন।জান্নাতুল ফেরদৌসশিক্ষার্থী, বিএল কলেজ, খুলনা।