দৃষ্টির বিতর্ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান
রোটারি জেলা গভর্নর এ বি এম ওয়াদুদ উল্লাহ বলেন, ভালো বিতার্কিক হতে হলে ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। নির্দিষ্ট গণ্ডিতে নিজেকে আবদ্ধ না রেখে জানতে হবে সবকিছু সম্পর্কে।
এ বি এম ওয়াদুদ উল্লাহ সম্প্রতি দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত স্কুল অব ডিবেটের বিশেষ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সংগঠনের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংক এশিয়ার আঞ্চলিক প্রধান মোহাম্মদ রোসাঙ্গীর, রোটারি অ্যাসিস্ট্যান্ট গভর্নর জিন্নাহ চৌধুরী ও প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ সালাউদ্দিন। বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন, সহসম্পাদক কাজী আরফাত প্রমুখ।
মোহাম্মদ রোসাঙ্গীর বলেন, সৃষ্টিশীলতা ছাড়া বিতর্ক হয় না। এর জন্য প্রয়োজন প্রচুর পড়াশোনা। সৃষ্টিশীল মানুষ সমাজকে নেতৃত্ব দিতে পারে।
আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন। দৃষ্টির এই বিশেষ প্রশিক্ষণ কোর্সে সাতটি বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থী অংশ নেয়। বিজ্ঞপ্তি।