দৃষ্টির ব্যতিক্রমী প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃষ্টির আয়োজনে ব্যবসায় ধারণাবিষয়ক ব্যতিক্রমী প্রতিযোগিতা দ্য ডেইলি স্টার-বাংলালায়ন ব্রেইনস্টোর্মিং ২০১১-এর চূড়ান্ত পর্ব ১৫ ফেব্রুয়ারি নগরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ব্র্যান্ডিং, প্রসার, বিজ্ঞাপনসহ নতুন ব্যবসায় পরিকল্পনা বিষয়ে চট্টগ্রামে দ্বিতীয়বারের এই প্রতিযোগিতায় বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩০টি দল অংশ নিয়েছে। চূড়ান্ত পর্বে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল চ্যাম্পিয়ন ও বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) বালিকা উচ্চবিদ্যালয় স্কুল রানারআপ এবং ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় (ইডিইউ) চ্যাম্পিয়ন ও ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় রানারআপ হয়েছে। এ পর্বের বিষয় ছিল—‘চট্টগ্রামের পণ্যকে কেন্দ্র করে ব্যবসায় পরিকল্পনা ও রিসাইক্লিং’। সমাপনী দিন প্রধান অতিথি ছিলেন সিটিব্যাংক এনএ-এর প্রধান নির্বাহী (সিইও) মামুন রশিদ। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ফরিদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ চৌধুরী, সানমার প্রপার্টিজের মহাব্যবস্থাপক সেলিম বিন সালেহ, বাংলালায়নের হেড অব কো-অপারেশন তাজিন আলম। শুভেচ্ছা বক্তব্য দেন দৃষ্টির সভাপতি মাসুদ বকুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আদনান মান্নান, শহীদুল ইসলাম ও বনকুসুম বডুয়া। প্রধান অতিথি মামুন রশিদ বলেন, ‘একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বেশি বেশি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা উচিত। এ ধরনের প্রতিযোগিতা সে ক্ষেত্রে অনেক অবদান রাখতে পারে। প্রতিশ্রুতিশীল শিক্ষার্থীরা তাদের নতুন নতুন ধারণা দিয়ে বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরতে পারবে।’ প্রতিযোগিতায় বিচারক ছিলেন মামুন রশিদ, মুফাক্কারুল ইসলাম, সেলিম বিন সালেহ, সৈয়দ ইবনে হাই, আরিফ জিয়া, শান্ত বণিক, অনুপম দাশগুপ্ত, ফাতেমা জোহরা ও সৈকত বড়ুয়া। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ছিল বাংলালায়ন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও ইডিইউ।