দৃষ্টি প্রতিবন্ধীদের ক্রিকেটেও সেরা বাংলাদেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রিবাংলা মৈত্রী আন্তর্জাতিক ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট-২০১৫ এর শিরোপা নিচ্ছে বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেটারেরা।
ত্রিবাংলা মৈত্রী আন্তর্জাতিক ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট-২০১৫ এর শিরোপা নিচ্ছে বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেটারেরা।

ঢাকায় ভারতকে তুলাধোনা করার আগেই বাংলাদেশের আরেক ক্রিকেট দল কলকাতার মাটিতে ভারতের দুটি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এ মাসের শুরুতে ভিজুয়্যালি ইম্পায়ার্ড বা দৃষ্টি প্রতিবন্ধীদের এক টি-টোয়েন্টি ক্রিকেট উৎসবে এই শিরোপা জিতেছে বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেটারেরা।

ভিজুয়্যালি ইম্পায়ার্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের আয়োজনে কলকাতার ইডেন গার্ডেনসে ১২ ও ১৩ জুন বসেছিল ‘ত্রিবাংলা মৈত্রী আন্তর্জাতিক ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট-২০১৫’। এতে অংশ নেওয়া দল তিনটি হলো ‘বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দল’ এবং ভারতের ‘উত্তর বঙ্গ ব্লাইন্ড ক্রিকেট দল’ ও ‘দক্ষিণ বঙ্গ ব্লাইন্ড ক্রিকেট দল’।

১২ জুন বিকালে বাংলাদেশ দলের সঙ্গে খেলে ভারতের উত্তর বঙ্গ দল। টসে জিতে ব্যাটিং করতে নেমে ২৩ রানে উত্তর বঙ্গ দলকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠে বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেটারেরা। ১৩ জুনের ফাইনালে দক্ষিণ বঙ্গ দলের মুখোমুখি হয় বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু টানা বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। পরে আম্পায়ার ও আয়োজক কমিটি ম্যাচ বিশ্লেষণ করে বাংলাদেশ দল ও দক্ষিণ বঙ্গ দলকে যুগ্মভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করে।

টুর্নামেন্টে বাংলাদেশ দলের শাহাদাত হোসেন সেরা ব্যাটসম্যান ও খোরশেদ আলম সেরা ফিল্ডারের সম্মান পান। দৃষ্টি প্রতিবন্ধীদের ক্রিকেটকে উৎসাহ দিতে এই টুর্নামেন্টে শুভেচ্ছা জানাতে আসেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

হাফিজুর রহমান বুলেটের অধিনায়কত্বে খেলেন বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেটারেরা। সহ অধিনায়ক ছিলেন বাদল কুমার দাস। দলের বাকি সদস্যরা হলেন শাহাদাত হোসেন, মনিরুজ্জামান, আবু নাঈম, মোহাম্মদ আলী, খোরশেদ আলম, আবিদ হোসেন, আব্দুল মালেক, শাহীন মিয়া, রিপন বড়ুয়া, নাজমুল কবির ও জসিম উদ্দিন।

বাংলাদেশ দলের অধিনায়ক হাফিজুর রহমান বুলেট জানান, ২০১৪ সালে তাঁর নেতৃত্বেই ‘বাংলাদেশ জাতীয় ব্লাউন্ড ক্রিকেট দল’ দক্ষিণ আফ্রিকার কেপটাউনে দৃষ্টি প্রতিবন্ধীদের এক দিনের ক্রিকেট বিশ্বকাপে অংশ নেয়। এ ছাড়া ২০১২ সালে ভারতের বেঙ্গালুরুতে দৃষ্টি প্রতিবন্ধীদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপেও তিনিই নেতৃত্ব দিয়েছিলেন।

২০০৪ সালে এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারানোর আগেও ক্রিকেটই ছিল হাফিজুর রহমান বুলেটের ধ্যানজ্ঞান। বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের এই অর্জনকে ঘিরে দেশবাসীকে কিছু বলতে চান কিনা জানতে চাইলে প্রথম আলোকে তিনি বলেন,‘এ বিজয় বাংলাদেশের লাল-সবুজের পতাকার। শিশু-বৃদ্ধ-নারী-পুরুষ-প্রতিবন্ধী নির্বিশেষে দেশের সব মানুষের।’

বাংলাদেশের এই ক্রিকেট অধিনায়ক আরও বলেন,‘বাংলাদেশের সব মানুষেরাই যে দেশের পতাকাকে সমুন্নত রাখতে পারেন কলকাতার ইডেন গার্ডেনসে দৃষ্টি প্রতিবন্ধীদের ক্রিকেটে বিজয় তারই প্রমাণ। সুযোগ পেলে প্রধানমন্ত্রীর হাতে এই শিরোপা তুলে দিয়ে দেশবাসীর সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে চাই আমরা।’