দৃষ্টিহীনদের বন্ধু বিশ্বজিত
‘চোখে ছানি পড়ায় ১২ বছর ধরে দেখছি না। টাকার জন্য অস্ত্রোপচারও করতে পারিনি। অবশেষে সুযোগ হলো অল্প টাকায় অস্ত্রোপচারের। ভালো হয়ে গেছে চোখ। এখন সব কিছু আগের মতোই দেখতে পাচ্ছি। তাই খুব খুশি লাগছে। আর এ জন্য আমি কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের মাঠ কর্মকর্তা বিশ্বজিত পালের কাছে কৃতজ্ঞ। তিনিই আমাকে বোয়ালখালী থেকে ধরে এনে চোখের আলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন।’ বায়তুশ শরফ চক্ষু হাসপাতালে স্বল্প খরচে চিকিৎসায় দৃষ্টিশক্তি ফিরে পেয়ে হাসপাতালের প্রাণপুরুষ বিশ্বজিত পালের প্রতি এভাবে কৃতজ্ঞতা জানালেন সত্তরোর্ধ্ব আফাজুর রহমান। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া হাওলা শরীফ গ্রামের আফাজুর রহমান ১৩ অক্টোবর সকালে হাসপাতাল প্রাঙ্গণে কথা বলছিলেন এই প্রতিবেদকের সঙ্গে। একইভাবে কৃতজ্ঞতা জানিয়ে পোপাদিয়ার কদুরখিল গ্রামের হরিপদ দাশের স্ত্রী মনি দাশ (৬০) বলেন, ‘চোখে দেখতে না পেয়ে ১০ বছর ধরে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করেছি। কিন্তু অস্ত্রোপচারের ১৩ হাজার টাকা জোগাড় করতে না পারায় চোখ ভালো হয়নি। এখন বিশ্বজিত পালের সহায়তায় মাত্র দেড় হাজার টাকা খরচ করে দৃষ্টি ফিরে পেয়েছি।’ ১০ অক্টোবর বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের শাহ জব্বারিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয় বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের চিকিৎসা ক্যাম্প। এর অন্যতম উদ্যোক্তা হাসপাতালের মাঠ কর্মকর্তা বিশ্বজিত পাল। ক্যাম্প শুরুর কয়েক দিন আগে থেকে তিনি ওই গ্রামে গিয়ে লোকজনকে ক্যাম্পে আধুনিক পদ্ধতিতে (কম্পিউটারের মাধ্যমে) চোখের চিকিৎসা নেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেন। এতে প্রায় ৩০০ রোগীর চক্ষু পরীক্ষা করে তাদের বিনা মূল্যে চোখের চশমা, ওষুধ ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। বাকি ২৪ জনকে ১২ অক্টোবর কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতালে এনে অস্ত্রোপচারের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া হয়। অস্ত্রোপচার করেন চক্ষুবিশেষজ্ঞ মুশফিকুর রহমান। এর মধ্যে রয়েছেন বৃদ্ধ আফাজ উদ্দিন ও মনি দাশ। ১৩ অক্টোবর সবাই খুশি মনে হাসপাতাল ত্যাগ করেন। এর আগে ৯ অক্টোবর চট্টগ্রামের চন্দনাইশের সাতবাড়িয়া ইউনিয়নের হাছনদণ্ডি এম রহমান মাদ্রাসা প্রাঙ্গণে ২৫০ জন ও ৮ অক্টোবর বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের খতিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে ২২০ জনের চোখ পরীক্ষা করা হয়। এর মধ্য থেকে ২৩ জনের অস্ত্রোপচার করা হয় কক্সবাজার এনে। এভাবে গত ১৪ বছরে এই হাসপাতালে ২৫ হাজারের বেশি ছানিজনিত অন্ধপ্রায় মানুষকে অস্ত্রোপচারের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া হয়েছে। আর এসব মানুষের হাসপাতালে আসার পেছনে বিশেষভাবে ভূমিকা রেখেছেন বিশ্বজিত পাল। তাঁর আহ্বানে উদ্বুদ্ধ হয়ে কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকার রোগীরা হাসপাতালে এসেছেন চিকিৎসা নিতে। এ ছাড়া, ক্যাম্প পরিচালনা, রোগী বাছাই এবং সেখান থেকে রোগীদের হাসপাতালে নিয়ে এসে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়ে আবার বাড়ি পৌঁছে দেওয়ার সব দায়িত্ব পালন করেন তিনি। চক্ষু চিকিৎসক মুশফিকুর রহমান জানান, বিভিন্ন এলাকার হাজারও মানুষ এই হাসপাতাল থেকে প্রায় বিনা মূল্যে সেবা নিয়ে দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছেন। এর পেছনে বিশ্বজিত পালের রয়েছে বিরাট অবদান। কক্সবাজার শহরের মোহাজেরপাড়ার প্রয়াত স্কুল শিক্ষক ক্ষিতিশ চন্দ্র পালের ছেলে বিশ্বজিত পাল ছোটবেলা থেকেই সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন নাটক এবং টেলিফিল্মেও অভিনয় করেন তিনি। ২০১০ সালে বায়তুশ শরফ সম্মাননা ও ২০০৮ সালে খেলাঘর সম্মাননা পান। ভারত, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে চোখের চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ নেন। বর্তমানে দুই সন্তানের জনক বিশ্বজিত দৃষ্টিহীনের বন্ধু হিসেবে পরিচিত। বিশ্বজিত বলেন, সাধারণত ছানি রোগের অস্ত্রোপচার করতে ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়। তাঁদের এখানে রোগীদের টাকার জন্য কোনো চাপ দেওয়া হয় না। এখানে আর্থিকভাবে অক্ষম রোগীদের বিনা মূল্যে সেবা দেওয়া হয়। গাড়িতে করে রোগী এনে থাকা-খাওয়ার পাশাপাশি দৃষ্টি ফিরিয়ে দিয়ে আবার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্বও পালন করে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালটি চলে দানশীল মানুষের সাহায্যে। হাসপাতাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘এ পর্যন্ত চক্ষু বিভাগে প্রায় ২৫ হাজার মানুষের চোখের ছানি (কৃত্রিম লেন্স সংযোজন) অস্ত্রোপচার করে আলো ফিরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ১৫ হাজার রোগীকে বিনা মূল্যে আর ১০ হাজারকে নামমাত্র মূল্যে (৫০০ থেকে তিন হাজার টাকা) চক্ষুসেবা দেওয়া হয়েছে। এ ছাড়াও হাসপাতালের উদ্যোগে প্রায় ৫০০ দৃষ্টি প্রতিবন্ধীকে পুনর্বাসন করা হয়েছে। আর এসবের পিছনে বিশ্বজিত পালের ভূমিকা সবার দৃষ্টি কেড়েছে।