দৃষ্টি ডিবেট প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে দেওয়ান বাজার স্পাইডারস। ১০ আগস্ট নগরের একটি রেস্টুরেন্টে এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। ‘যখন পণ্যের প্রসারেই সবকিছু তখন বিজ্ঞাপন নির্মাণে সৃজনশীলতা নয়, উদ্দেশ্যই মুখ্য’ এই বিষয়ে যুক্তিতর্কে জামালখান ক্রিস্টালসকে পরাজিত করে দেওয়ান বাজার স্পাইডারস। সেরা বক্তা নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের রবিউল হোসেন চৌধুরী। এর আগে ‘আজ আমি কোথাও যাবো না’ এই বিষয়ে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় সেরা বক্তা হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাওসার মাহমুদ। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন অধ্যাপক আবদুল্লাহ আল ফারুক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ আহসানুল আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক কবি ওমর কায়সার, দৃষ্টি ডিবেট ক্লাবের চেয়ারম্যান সাফিয়া গাজী রহমান, দৃষ্টির সাবেক সভাপতি বৃজেট ডায়েস, ডিবেট ক্লাবের পরিচালক মাসুদ বকুল, সাধারণ সম্পাদক আদনান মান্নান, প্রতিযোগিতা সমন্বয়কারী বোরহান উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি কসশাফুল হক। উল্লেখ্য, ভারতীয় সহকারী হাইকমিশনের সহযোগিতায় গত ২০ জুলাই এ প্রতিযোগিতা শুরু হয়। এতে চট্টগ্রামের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৪ জন বিতার্কিক আটটি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।