দেখা ও শেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডি লেকের পাড়ে বসে ইউডার শিক্ষার্থীদের এই ছবি আঁকাআঁকির দৃশ্য অনেকেরই নজর কাড়ে। ছবি: খালেদ সরকার
ধানমন্ডি লেকের পাড়ে বসে ইউডার শিক্ষার্থীদের এই ছবি আঁকাআঁকির দৃশ্য অনেকেরই নজর কাড়ে। ছবি: খালেদ সরকার

হাতে রংতুলি। সামনে কার্টিজ পেপার। মনোযোগ নিবন্ধ কাগজের দিকে। নিয়মিত বিরতিতে কাগজ থেকে চোখ চলে যাচ্ছে সামনের প্রকৃতিতে। কেউ দেখছেন গাছ, কারও চোখ লেকের জলে। কেউ দলবেঁধে, কেউ আবার একা। দুপুর বেলায় ছুটির দিন ছাড়া রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ব্রিজ পার হয়ে ডান দিক ধরে লেকপাড়ে হাঁটলে এই দৃশ্য চোখে পড়ে।
অনেকেরই মনে প্রশ্ন আসে, এঁরা কারা? গাছের শিকড় আঁকায় ব্যস্ত এক শিল্পীর কাছে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করি। আকাশ দাস নামের এই আঁকিয়ে জানালেন, তাঁরা সবাই ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) চারুকলা বিভাগের শিক্ষার্থী। এটি তাঁদের ‘অবজারভেশন অব স্টাডি’র অংশ।
পাশেই তাঁদের ক্যাম্পাস। বিস্তারিত জানতে ঢুঁ মারি সেখানে। ভেতরে পা রাখতেই কানে আসে গানের আওয়াজ। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে গানের আবছা শব্দগুলো স্পষ্ট হয়ে আসে, ‘আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রবো আকাশের গায় বাতায়ন খুলে দিয়ো...।’ কাজী নজরুল ইসলামের গান। ভবনের একেবারে ছাদে পৌঁছে দেখা মিলল গায়িকার। নাম মিথীকা জাফরীন। সংগীত বিষয়ে স্নাতকোত্তর করছেন তিনি। বললেন, ‘বন্ধের দিন ছাড়া আমাদের এখানে প্রতিদিনই গানবাজনা হয়।’ একটু পরই মিথীকার ক্লাস শুরু হবে, তাই তাঁকে বিদায় দিতে হলো। খোলা ছাদের পাশেই ক্লাসরুমে চলে সংগীত-শিক্ষা। ক্লাস নিতে আসা শিক্ষক অসিত কুমার দে বলেন, ‘আমাদের এখানে চার বছর মেয়াদের সংগীত বিষয়ে প্রথম তিন বছর সংগীতের প্রাথমিক পাঠ ও তত্ত্বের ওপর জোর দেওয়া হয়। শেষ বর্ষে শিক্ষার্থীরা বেছে নিতে পারেন রবীন্দ্র, নজরুল, শাস্ত্রীয় কিংবা লোকসংগীতের যেকোনো একটিকে। যেটা পুরোপুরিই ব্যবহারিক।’
কথা হলো চারুকলা অনুষদের প্রধান শাহজাহান আহমেদের সঙ্গে। তাঁদের বিভাগ কেন ব্যতিক্রম, সেটা বোঝাতে গিয়ে তিনি বলেন, ‘প্রকৃতি ছাড়া শিল্পচর্চা হয় না। অনার্স শেষ বর্ষে অবজারভেশন অব স্টাডি নামে কোর্স থাকলেও তার আগেই প্রকৃতির মাঝে শিক্ষা নেওয়ার সুযোগ হয় আমাদের শিক্ষার্থীদের। এই কোর্সের সময় দেশের প্রাকৃতিকভাবে সমৃদ্ধ অঞ্চলগুলোতে গিয়ে আমরা পাঠদান করি।’ কোলাজ আর্ট, রেনেসাঁ আর্ট, ফোক আর্ট, ওল্ড মাস্টার স্টাডি, গ্যালারি ম্যানেজমেন্ট, ইনস্টলেশন, রেস্টোরেশন অব আর্ট ওয়ার্কসহ (নষ্ট ছবি পুনরুদ্ধার করা) চারুকলার বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ আছে এখানে।
২০০২ সালে প্রতিষ্ঠিত ইউডায় রয়েছে ছাত্র সংসদ। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক মুনির আহমদ জানান, শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয় ইউডা কেন্দ্রীয় সংসদের নেতৃত্ব। ইউডায় রয়েছে বিজনেস, ল্যাঙ্গুয়েজ, ক্যারিয়ার অ্যান্ড ওভারসিজ, কালচারাল, ফটোগ্রাফি, সিনে ও স্পোর্টস ক্লাব। দ্বিতীয় ভাষা হিসেবে শিক্ষার্থীদের শেখানো হয় ফরাসি ভাষা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, ‘আমরা পড়াশোনার পাশাপাশি সুস্থ মস্তিষ্ক ও নেতৃত্ববান মানুষ গড়ে তোলার ব্যাপারে জোর দিই। তাই এ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ কার্যকর করা হয়েছে। একই সঙ্গে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের প্রথম আট মাস আচার-আচরণ শেখানো হয়।’