দুপুর পড়তির দিকে। একটু তাড়াতাড়ি করেই গিয়েছি বইমেলায়। ছুটির দিন আজ। মানুষের ভিড়ে ঢেকে যাবে মেলার প্রাঙ্গণ। ভিড় ঠেলে ভেতরে ঢুকতে অনেক ঝামেলা তখন। এসব এড়াতে বিকেল শুরু হওয়ার আগেই হাজির হলাম শাহবাগে। নিশ্চিন্ত মনে বইমেলায় এসেই চোখ ছানাবড়া। উপচে পড়া মানুষের ভিড়। কোলাহলে চাপা পড়েছে মেলার চারপাশের পথঘাট। আমসি মুখ নিয়ে দাঁড়ালাম লাইনে। অনেকটা সময় পার হওয়ার পর যখন ঢুকলাম ভেতরে, সব কষ্ট দূর হয়ে গেল।বইয়ের ঘ্রাণ শুঁকতে শুঁকতে ঘুরলাম স্টলগুলোতে। হরেক রকম বইয়ের পসরা। নানা রঙে, নানা ছবিতে ভরা সেসব বইয়ের পাতাগুলো। ঘুরতে ঘুরতে নজরুলমঞ্চের পেছনে চোখে পড়ল মানুষের জটলা। মাথা, চুল, শরীরের ফাঁক গলে চোখে পড়ল কাঁচা-পাকা চুলের একজন মানুষকে। বুঝলাম লেখক জাফর ইকবাল স্যারকে ঘিরে ধরে আছে সবাই। শিশু, বুড়ো—কারও আগ্রহের কমতি নেই অটোগ্রাফ নেওয়ার জন্য। ‘স্যারের বৈজ্ঞানিক কল্পকাহিনিগুলো ভালো লাগে আমার। প্রতিবছর মেলায় এসে বইগুলো আগেই কিনে নিই আমি।’ বলছিলেন নটর ডেম কলেজের শিক্ষার্থী নিলয়।চাকরিজীবী রুহুল আমিন এসেছেন বরিশাল থেকে। ছেলের জন্য অনেকগুলো বই কিনেছেন তিনি। অনেকক্ষণ ধরে অটোগ্রাফ নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা এই অভিভাবক বলছিলেন, ‘বইয়ের পাতায় স্যার যদি কিছু লিখে দেন, তবে খুশি হবে আমার ছেলে। তাই লাইনে এসে দাঁড়িয়েছি আমি।’ মেলাজুড়ে তরুণদের ভিড় চোখে পড়ার মতো। ঘুরে ঘুরে দেখছে তারা স্টল। কিনছে বই। পুকুরপাড়, নজরুলমঞ্চ, লেখক আড্ডা— কোথায় নেই তারা। এ যেন তরুণদের এক মিলনমেলা। কেউ কেউ কাটাচ্ছে সময় আড্ডায়। হটপেটিস খেতে খেতে লেখক আর তাঁদের বই নিয়ে করছে তর্ক। ‘একই ধরনের লেখা ভালো লাগে না আমার। পাঠক হিসেবে তরুণদের লেখাই বেছে নিই আমি বেশির ভাগ সময়। তবে লেখায় বৈচিত্র্য থাকলে সেই লেখা পড়তে ভালো লাগে সব সময়।’ গম্ভীর মুখ নিয়ে বন্ধুদের তর্কে বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌফিক। তাঁর সঙ্গে একমত নন বন্ধু রাশেদ। প্রতিবছরই তরুণ লেখকদের বই আসে বইমেলায়। তার বেশির ভাগই যায় হারিয়ে। মনে আঁচড় কাটার মতো বই খুঁজে পাওয়া যায় না তেমন। রাশেদের মতে, তরুণ লেখকদের আগে পড়াশোনা করে নিজেকে প্রস্তুত করা দরকার। তাড়াহুড়ো করে বই বের করলে তাঁদেরই ক্ষতি। এতে তরুণ লেখকদের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে পাঠকেরা। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বরুন অবশ্য এসব নিয়ে ভাবতে নারাজ। লেখালেখির সামান্য অভ্যাস আছে তাঁর। তিনি মনে করেন, তরুণদের আরও সুযোগ করে দেওয়া উচিত। পাশে থাকা ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী তমালের ভাবনাটাও একই রকম। জনপ্রিয় লেখকদের পাশাপাশি তরুণ লেখকদের বইগুলোও কেনা হলে উৎ সাহিত হবেন তাঁরা। সারা দিন মেলা ঘুরে রাতেই ঢাকা ছাড়তে হবে তমালকে। তাড়াহুড়ো করে লেখক আড্ডায় নিজের প্রিয় তরুণ লেখকটাকে খুঁজতে থাকেন তিনি। শুধু তমালই নন, বইমেলার এ পুরো মাসে পাঠকদের ভালোবাসায় সিক্ত হন লেখকেরা। প্রবীণ, তরুণ—সব লেখককে ঘিরেই থাকে ভিড়। বুঝি এ মেলা পাঠক আর লেখকের। সূর্য ডুবেছে অনেকক্ষণ। বইমেলায় ভিড় কমেনি তখনো। বাড়ির পথ ধরলাম আমি। পথের ওপর একদল তরুণ বসে গাইছে গান। ফাল্গুনের গান। মাথার ওপর ছড়ানো-ছিটানো লাখো তারা। কানে ভেসে আসছে গানের কথাগুলো—‘এত দিন যে বসে ছিলেম পথ চেয়ে আর কাল গুনে। দেখা পেলেম ফাল্গুনে...’।