দেখা ভাবা আঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রদর্শনী ঘুরে দেখছেন স্থাপত্যের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
প্রদর্শনী ঘুরে দেখছেন স্থাপত্যের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

বর্ণিল আয়োজনে ১০ বছর পূর্ণ করল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি—বাংলাদেশের (এআইইউবি) স্থাপত্য বিভাগ। পদযাত্রা, কর্মশালা, শিক্ষার্থীদের স্থাপত্য নকশার প্রদর্শনী, প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা প্রীতি ক্রিকেট ম্যাচ—কী ছিল না সে আয়োজনে! আয়োজন সম্পর্কে স্থাপত্য বিভাগের প্রভাষক ও অভিনেত্রী অপি করিম বলেন, ‘১০ বছর পূর্তি একটি বিভাগের জন্য যদিও খুব অল্প সময়। কিন্তু আমরা চেয়েছি বড় আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন অর্জন সবাইকে জানাতে। পড়াশোনার বাইরে আমরা শিক্ষার্থীদের দেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক আয়োজনসহ নানা কাজে যুক্ত করার চেষ্টা করি। এ আয়োজন আমাদের শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা সম্পর্কে জানান দেওয়ার যেমন চেষ্টা, তেমনি শিক্ষার্থীদের জন্যও দেশসেরা স্থপতিদের সঙ্গে পরিচিত হওয়ার একটা সুযোগ বৈকি।’

মঞ্চে এআইইউবির দুই শিক্ষক অপি করিম ও আশিক ভাস্কর
মঞ্চে এআইইউবির দুই শিক্ষক অপি করিম ও আশিক ভাস্কর

১০ বছর পূর্তি উপলক্ষে ৪ থেকে ৭ জানুয়ারির পুরো আয়োজন এআইইউবির বনানী ক্যাম্পাসে হলেও দ্বিতীয় দিনের একটি পর্ব ছিল রাজধানীর আগারগাঁওয়ে, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) সেন্টারে। সেখানে ছিল ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইমেরিটাস অধ্যাপক ও লেখক ফ্রান্সিস ডি কে চিংয়ের বক্তৃতা ও প্রশ্নোত্তর পর্ব। আইএবি সেন্টারের আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান। এআইইউবির আমন্ত্রণে এ পর্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী ছাড়াও অংশ নেন আমন্ত্রিত অতিথিরা। ‘দেখা, ভাবা, আঁকা’—এই তিনেই মেলে স্থাপত্যের রসদ। এরপর স্থাপত্য বিভাগের আয়োজনে ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডিজাইন কমপিটিশন-২০১৬’ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ২০২০ সালে অনুষ্ঠেয় দুবাই এক্সপোতে বাংলাদেশের প্যাভিলিয়নের নকশা করতে বলা হয়েছিল প্রতিযোগীদের। প্রতিযোগিতায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তিনটি দল জিতে নেয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার। এ ছাড়া সম্মাননা স্মারক দেওয়া হয় এআইইউবির একটি দলকে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনার একটি মুহূর্ত
সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনার একটি মুহূর্ত

স্মৃতিচারণা করতে গিয়ে স্থাপত্য বিভাগের প্রধান এম আরেফীন ইব্রাহীম বলেন, ‘২০০৫ সালের সেপ্টেম্বরে মাত্র চারজন শিক্ষার্থী আর দুজন শিক্ষক নিয়ে যাত্রা শুরু হয়েছিল। দেখতে দেখতে আমরা ১০ বছর পেরিয়েছি। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীরা সম্মানজনক পুরস্কার জিতে তাদের মেধার পরিচয় দিয়েছে। এই বিভাগ থেকে পাস করে শিক্ষার্থীরা চাকরিজীবনে ভালো অবস্থানে আছে।’
উৎসব উপলক্ষে বিভিন্ন প্রকাশনার কাজ বা কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন—সব কাজেই শিক্ষকদের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। সে দলেরই একজন মুনিরা ইশরাত জাহান। তিনি বলেন, ‘উৎসবে আমি সাংস্কৃতিক আয়োজনের সঙ্গে যুক্ত। আমরা বেশ কিছুদিন ধরে প্রস্তুতি নিয়েছি।’ স্থাপত্য বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী আশরাফুল হক বলেন, ‘চার দিন তো অসাধারণ সময় কেটেছে সবার। আমাদের অ্যালামনাইদের সঙ্গে পরিচিত হওয়া একটা বাড়তি পাওনা।’
১০ বছর পূর্তি আয়োজনে সহযোগী হিসেবে ছিল লাফার্জ সুরমা সিমেন্ট, নাভানা কনস্ট্রাকশন লিমিটেড, ম্যাকডোনাল্ড এবং প্রথম আলোর স্বপ্ন নিয়ে।