দেখা যদি হল সখা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়া যত না হতো ক্লাসে, ততটাই হতো মাঠে। বুয়েটের সেই মাঠ; সেই প্রিয় মাঠের সবুজ ঘাসের ডগায় তখনো ভোরের শিশির ফুটে আছে হীরক বিন্দু হয়ে। মিষ্টি রোদে তা মিলিয়ে যাওয়ার আগেই মাঠে এসে দলে দলে ভিড় জমিয়েছে স্মৃতি কুড়ানোর দল। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে যাঁরা জীবিকার টানে আজ ভিন্ন গ্রহে, তাঁরাই আবার ছুটে এসেছেন। এভাবেই শুরু হলো ৭ জানুয়ারি বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহা পুনর্মিলনী ২০১১।আরও কদিন আগে থেকেই চলছিল প্রস্তুতি। মোবাইল ফোনে, ফেসবুকে বন্ধুদের সঙ্গে হয়েছিল যোগাযোগ। কোনোভাবেই মহামিলনের এ সুযোগ হাতছাড়া করা যাবে না। পুরোনো স্মৃতিগুলোকে ঝালাই করতে তাই ছুটে এসেছিলেন ’৯৩ ব্যাচের জাকির হাসান, ’৯৬ ব্যাচের মাহবুবুর রহমান, ’৯২ ব্যাচের আফরোজা বেগম, ’৯৫ ব্যাচের সোহানা তানজিম ও ’৮৮ ব্যাচের আসিফ খান। সকাল নয়টার মধ্যেই বাদবাকিরা এসে হাজির। ভাঁপা-চিতইয়ের নাশতা সেরে সবাই এসে জড়ো হয়েছিলেন মঞ্চের সামনে। সেখানেই চলল স্মৃতিচারণা পর্ব।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ বীর বিক্রম, মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম, কর্নেল (অব.) কাজী নুরুজ্জামান বীর উত্তম, লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।চির সবুজ হাসি নিয়ে সবাইকে বরণ করে নিয়েছেন বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জামিলুর রেজা চৌধুরী—সবার প্রিয় জেআরসি স্যার। স্মৃতিচারণা করলেন বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলাম।তখনকার মতো স্মৃতিচারণা শেষে সবাই এসে হাজির হয়েছিলেন খোলা মাঠে। বেলুন উড়িয়ে ঘোষণা হলো মহা পুনর্মিলনীর উদ্বোধন। লাল, নীল, হলদু বেলুনগুলো বাতাসে ভাসতে ভাসতে সবাইকে ফিরিয়ে নিয়ে গিয়েছিল বুয়েটের ছাত্রজীবনে।স্মৃতি রোমন্থন শেষ হতে না হতেই নাগালে পেয়ে জামিলুর রেজা চৌধুরীর কাছে জানতে চাইলাম, তাঁর ছাত্রজীবনের মধুরতম দিনগুলোর কথা। ‘১৯৬৩ সালে আমি এই মাঠে থেকেছি ক্লাসের চেয়ে বেশি সময়। খেলাধুলা করতে ভালোবাসতাম খুব। ক্রিকেট, টেবিল টেনিস, হকি খেলতে খেলতে কাটত অবসর সময়। হলে থাকা হয়নি। এলিফ্যান্ট রোডের বাসা থেকে ভোর সাড়ে সাতটায় চলে আসতাম এ মাঠে। তারপর শরীরচর্চা করে ক্লাসে যেতাম। ক্লাসে সব সময় খুব হাসতাম। সে কারণে শিক্ষক একবার ক্লাস থেকে বের করে দিতে চেয়েছিলেন। পরে অবশ্য তিনি বুঝতে পেরেছিলেন, আমি এমনি এমনিই হাসি। পাস করে যেমন খুশি হয়েছিলাম, তেমনি মনটাও খারাপ হয়েছিল, এত দিনের প্রিয় মাঠটার জন্য। আজ আমি সেই মাঠে।’স্যারের সঙ্গে হাসি বিনিময় করে পাশে তাকিয়ে দেখি নাগরদোলায় আজ আর ছোটরা নেই। ’৯৬ ব্যাচের মাহবুব, জাহিদ, বাদশা, জাফর হাসানদের দখলে। সঙ্গে ছিল নুসরাত আর মিলি ভাবি। মাহবুবুর রহমান আর জাহিদুল ইসলাম পড়তেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। বাদশা পড়তেন সিভিলে। বাদশা এখন আছেন কাস্টমসে। জাকির হোসেন পুলিশ বিভাগে। তাঁদের সঙ্গে হলো কথা। তাঁরা বললেন, বুয়েট থেকে পাস করে যে শুধু ইঞ্জিনিয়ার হতে হবে, তা কিন্তু নয়। বিসিএস দিয়ে অন্য কোনো বিভাগও পেশা হিসেবে নেওয়া যায়। সব বিভাগেই ইঞ্জিনিয়ারদের দরকার রয়েছে, তাই ইঞ্জিনিয়ার হিসেবে ছড়িয়ে পড়তে হবে সব বিভাগেই। তবেই সব ক্ষেত্রে উন্নয়ন সম্ভব হবে।শক্ত শক্ত আর কঠিন কঠিন কথার সঙ্গে বাদশা যোগ করলেন মজার কথা। বন্ধুরা মিলে হলে থাকার মজার গল্প তো সবারই জানা। বাদশা, মাহবুব, হাসানদের হলের মজার স্মৃতি একটু ভিন্ন রকম। তাঁদের হলের পাশ দিয়ে যদি কোনো শোভাযাত্রা, মিছিল যেত, তাঁরা হলের বারান্দা থেকে পানিবোমা ছেড়ে দিতেন।কেমন ছিল সেই পানিবোমা? এ প্রশ্নের জবাব দিলেন জাহিদ। পলিব্যাগে পানি ভরে তা বেঁধে বানানো হতো সেই বোমা। কখনো বা পানিতে যোগ করা হতো বাহারি সব রংও।ফিরোজা রঙের শাড়ি পরা ’৯২ ব্যাচের আফরোজাকে পাওয়া গেল মাঠের এক কোণে। তাঁর সঙ্গে ’৯৫ ব্যাচের সোহানা। আফরোজা এখন আছেন বাংলালিংকে। আর সোহানা জাপান ও আমেরিকায় সাত বছর পড়ে ফিরে এসেছেন দেশে; এখন তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক। দেশে কেন ফিরে এলেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের মাটিতে শিক্ষা নিয়ে বিদেশে শিক্ষা নিতে গিয়েছিলাম। তাই আমাদের এ অর্জনটি দেশের প্রাপ্য। দেশের পরিবার-পরিজন ছেড়ে বিদেশ-বিভুঁইয়ে কে পড়ে থাকতে চায়? তবে হ্যাঁ, দেশে যেন ইঞ্জিনিয়াররা তাঁদের যোগ্যতানুযায়ী চাকরি পান, সে দায়িত্বটিও কিন্তু দেশের। একজন ইঞ্জিনিয়ার যদি তাঁর পড়া শেষে দেশে ফিরে যোগ্যতা অনুযায়ী চাকরি পান, তবে তিনি কখনোই বিদেশে থাকতে চাইবেন না। যদি সে সুযোগটি না পান, তবে কী করবেন আজকের তরুণেরা—এ প্রশ্নের জবাব দিলেন ’৮৮ ব্যাচের আসিফ খান। বিশ্বায়নের এ যুগে আমাদের পৃথিবী অনেক বড় হয়ে গেছে। কোনো কিছুই কেন্দ্রীভূত নেই। এরই মধ্যে হইচই করতে করতে আসা একটি দলকে দেখা গেল। জানা গেল, আজকের মহা পুনর্মিলনীর সবচেয়ে তরুণ দল তারা। ২০০২ ব্যাচের কাফি, রানা, রিফাত, অদিতি, তানভিরদের ছাত্রজীবনের প্রিয় সময় খুব দ্রুত শেষ হয়ে গেল বলে তাঁদের খুব আফসোস। তাতে কী! সময় পেলেই তাঁরা দলবেঁধে এখনো বুয়েট ক্যাফে বসে জমান আড্ডা। তাঁদের ক্লাস ফাঁকিদের দলে ছিলেন কারা কারা, এ প্রশ্ন ছুড়ে দিতেই সবার সমবেত উত্তর ছিল ‘আমরা’। বেশ মজা পেয়ে গেলাম তাতে। তবে তাঁরা কিন্তু কেউ পড়া ফাঁকিবাজ ছিলেন না, এটাও মনে করিয়ে দিলেন সঙ্গে সঙ্গে।আহসানউল্লাহ হলের সুকান্ত আর অঞ্জন দেবনাথের সঙ্গে চলে গল্প। আজও তাঁরা হলের জীবনকে খুব মনে করেন। রাতের বেলায় গানের আসর, ঢোল, তবলা, বন্ধুদের নিয়ে এসব হয়তো আর হবে না। শান্তনুর কবিতা লেখার শখটা অবশ্য এখনো আছে। ইঞ্জিনিয়াররা যে যান্ত্রিক নন, তাঁদের মনেও সুর রয়েছে, তা বুঝতে দেরি হলো না। দেখতে দেখতে সে দিনের বিকেলও ফুরিয়ে গেল। সুয্যি দিল ডুব। তাতে কী! মহামিলনের সে স্মৃতির ডুব তো শেষ হয়নি। হবেও না, কারণ প্রিয় স্মৃতি, প্রিয় ক্ষণ কি ভোলা যায় এত সহজে?