দেখা হবে বন্ধু...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পাসের পর কলেজের সহপাঠী বন্ধুদের একেক জনের গন্তব্য হয় একেক দিকে। একজন দেশের এ প্রান্তে তো আরেকজন অন্যপ্রান্তে। কিন্তু অনেক দিন পর আবার যখন সহপাঠীদের দেখা হয় তখন তাঁরা ফিরে যান বন্ধুত্বের সেই পুরোনো দিনে। আনন্দ-উল্লাস আর আড্ডায় কেটে যায় সময়। চট্টগ্রাম কলেজের উচ্চমাধ্যমিক ২০১২ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে দেখা গেছে এমন চিত্র। ১২ আগস্ট নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে বসে এই মিলনমেলা।২০১২ ব্যাচের শিক্ষার্থীদের প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনায় সারাক্ষণ মুখরিত ছিল মিলনায়তন। সবশেষে ছিল ব্যান্ড সংগীতের আসর। দুপুর দুইটায় বাংলা, হিন্দি ও ইংরেজি গানের মিশ্রণে দলীয় নাচ পরিবেশনার মাধ্যমে শুরু হয় আনন্দ আয়োজন। এরপর বেজে ওঠে ‘পুরোনো সেই দিনের কথা’। শিক্ষার্থীরা যেন ক্ষণিকের জন্য ফিরে ক্যাম্পাসের বর্ণিল দিনগুলোতে। এরপর উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালে দুরারোগ্য ক্যানসারে মৃত্যুবরণ করা সহপাঠী ফারিয়া তাবাসসুমের জন্য পালন করা হয় এক মিনিট নীরবতা। মুহূর্তেই থমকে যায় সব আনন্দ-উচ্ছ্বাস।‘হোটেল ক্যালিফোর্নিয়া’ গানের সুরের সঙ্গে আবার শুরু হয় অনুষ্ঠান। এরপর ‘দ্বীপ নেভার আগে’ গানের সঙ্গে দলীয় নৃত্য। সাকিব সৌরভ ‘দুঃখ বিলাস’ গানের সঙ্গে মাতিয়ে তোলেন মিলনায়তন। ‘বসে আছি একা’ গানটি পরিবেশন করেন সাদমান নুর। এর পর নৃত্যের ছন্দে মিলনায়তন মুখর করেন ঝিলিক মজুমদার ও অনন্যা দাশগুপ্ত। আনন্দ চৌধুরী পরিবেশন করেন ‘যত দূরে থাকে’ গানটি। ‘ভেঙেছে পিঞ্জর’ গানের সঙ্গে পরিবেশন করা হয় দলীয় নৃত্য। এরপর ২০১২ ব্যাচের শিক্ষার্থীদের কলেজ জীবনের টুকরো টুকরো ঘটনা নিয়ে নির্মিত ‘স্মৃতি’ শিরোনামের প্রামাণ্যচিত্র দেখানো হয়। সবশেষে ছিল ব্যান্ডদল তীরন্দাজের পরিবেশনা। তারা একে একে গেয়ে শোনান বেশ কয়েকটি গান। ‘দেখা হবে বন্ধু’ গানটির মাধ্যমে তীরন্দাজ যখন শেষ করে তাদের পরিবেশনা তখন আবার বিচ্ছেদের কষ্টে আপ্লুত হয়ে পড়েন অনেকে।