দেখা হবে মৌচাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৃত্য পরিবেশন করেন ঢাকা মহানগর বন্ধুসভার আনন্দিতা খান
নৃত্য পরিবেশন করেন ঢাকা মহানগর বন্ধুসভার আনন্দিতা খান

দু-একটি বাদে সব বন্ধুসভাকে আমরা পেলাম একই ছাদের নিচে—হইচই, কোলাহল, উচ্ছ্বাস, আনেন্দ। পরস্পরের সঙ্গে পরিচয়। ‘ও আচ্ছা, তুমিই তাহলে শাহিন, তোমার নাম দেখেছি বন্ধুসভার পাতায়।’ এমনি একজন আরেকজনকে বলছে। তোমাকে দেখেই আমি চিনে ফেলেছি। তোমার ছবি ছাপা হয়েছিল বন্ধুসভায়। এমন নানা কথা। এক বন্ধুসভার সঙ্গে আরেক বন্ধুসভার অনেকের পরিচয়ও আছে। এক বন্ধু জড়িয়ে ধরেছে আরেক বন্ধুকে। একজন মন্তব্য করল, এখানে দেখছি ঈদ শুরু হয়েছে। এমনই কথা কানে আসছে। তখনো শুরু হয়নি জাতীয় বন্ধু সম্মেলনের আনুষ্ঠানিক পর্ব।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী উদ্বোধন করলেন সম্মেলন।
তিনি বললেন, রক্তের ঋণ শোধের কথা। দেশকে ভালোবাসার কথা। তখনই দাঁড়িয়ে গেল ৫০০ বন্ধু। তাদের হাতে দুলছে জাতীয় পতাকা। পতাকা নিয়ে ঋণ শোধের শপথ।
বন্ধুরাও মঞ্চে, দর্শক সারিতে দাঁড়িয়ে তাদের কথা বলেছে। নতুন নতুন আইডিয়ার কথা বলেছে। যদিও অনেক বন্ধুই কথা বলার সুযোগ পায়নি। সেটা সম্ভবও ছিল না।
আমরা চাই, যে বন্ধুরা ঢাকায় এসেছিল, তারা যেন বাকি বন্ধুদের সঙ্গে একটি বৈঠকে বসে। এটা হবে সম্মেলনের অভিজ্ঞতা বিনিময়ের জন্য। এটা সব বন্ধুসভাকে করতে হবে।
১০ অক্টোবর সারা দেশের সব কমিটির মেয়াদ শুরু হয়েছে। এ মেয়াদ ২০১৬ সালের ৯ অক্টোবর শেষ হবে। আমরা এর সাত দিন আগেই নতুন কমিটি করে ফেলব।
অনেকে জানিয়েছ, তারা অনেক তাড়াহুড়ো করে কমিটি করেছে। তাদের বলি, বিশেষ প্রয়োজনে সবাইকে উপস্থিত করে (কার্যকরী সদস্য) কমিটির কোনো পরিবর্তন হতে পারে। এটা করতে হবে, আজ থেকে আগামী রোববারের মধ্যে। কোনো পরিবর্তন হলে সংশোধিত কমিটি বন্ধুসভার ই-মেইলে পাঠাতে হবে।
সবাই বার্ষিক প্রতিবেদন কার্যকরী কমিটি জমা দিয়েছে।
এই অক্টোবর মাসের মধ্যে করতে হবে কর্মসূচি গ্রহণ ও দায়িত্ব বণ্টনের কাজ। কে কোন দায়িত্ব পালন করবে, তাকে সেই কাজ বুঝিয়ে দিতে হবে। এটা নতুন কমিটির প্রথম কাজ।
নতুন করে আবার সবাইকে গঠনতন্ত্র পড়তে অনুরোধ করি। আমরা যেন নিয়ম অনুযায়ী সব কাজ করি। কমিটির ২৫ জনের যেন আলাদা আলাদা দায়িত্ব থাকে।
সব বন্ধুসভাকে একটি তালিকা প্রণয়ন করত হবে। বন্ধুসভার বন্ধুদের তালিকা। প্রত্যেক বন্ধুসভার শুরুর একটি তারিখ আছে। যাত্রা শুরুর সেই সময় থেকে এ পর্যন্ত যারাই বন্ধুসভায় সঙ্গে যুক্ত হয়েছে, সবার নাম-ঠিকানা সংগ্রহ করতে হবে। আর নতুনরা তো আছেই। যদিও কাজটি একটু কষ্টসাধ্য। এক মাসের মধ্যে তালিকা করে বন্ধুসভার মেইলে পাঠাতে হবে।
অনেকে ভেবেছিলেন, গাজীপুর মৌচাকে মহাসমাবেশ হবে না। সম্মেলনই শেষ! না গাজীপুরে আমরা একত্র হব জানুয়ারির প্রথম সপ্তাহে। আমরা সেটার জোর চেষ্টা চালাচ্ছি।
সেই মহা আয়োজনে আমরা কিছু কিছু ব্যাপারে পুরস্কার ঘোষণা করব। যেমন: সেরা বন্ধুসভা, সেরা সংগঠক, সবচেয়ে বেশি বইয়ের পাঠক বন্ধুসভা, কারা বেশি সুসংগঠিত, উল্লেখযোগ্য কাজ কাদের বেশি, বিশেষ কাজ, নিজস্ব আয়োজনে কাদের অনুষ্ঠান বেশি ইত্যাদি।
আরও অনেক কথা বলার আছে, আগামী দুই সংখ্যায় বন্ধুসভার পাতায় তা জানাতে পারব।
সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ।