দেখে এলাম এক্সপো ২০১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে আজকাল যা হয়, তার সবকিছুই ওজনে ও আয়তনে বিশাল। অলিম্পিক বলুন কি বাণিজ্য মেলাই বলুন, অন্য সব প্রতিদ্বন্দ্বীকে ছাড়িয়ে না গেলে চীনের যেন স্বস্তি নেই। সাংহাই এক্সপো তার কোনো ব্যতিক্রম নয়। সাংহাই শহরের একদম বুকের ওপর, এক হাজার ৩০০ একর জমির ওপর গড়ে উঠেছে এই মেলা। শুধু যে বিশাল জায়গাজুড়ে এই মেলা বসেছে তা নয়, সবচেয়ে বেশিসংখ্যক দেশ—প্রায় ২০০—এতে অংশ নিচ্ছে। বড় বড় দেশ তো রয়েছেই, বাংলাদেশ বা মালদ্বীপের মতো ছোট ও গরিব দেশও এখানে উপস্থিত। শুরু হয়েছে ১ মে আর চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। বলা হচ্ছে, প্রায় ১০ কোটি মানুষ—অধিকাংশই চীনা নাগরিক—এই মেলা পরিদর্শন করবে। দর্শকের হিসাবেও এই সংখ্যা এক অভাবনীয় রেকর্ড।এক্সপো বা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যাপারটা একদম নতুন কোনো ব্যাপার নয়। বিশ্বের প্রথম আন্তর্জাতিক মেলা বসে লন্ডনে, ১৮৫১ সালে, রানি ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স অ্যালবার্টের উৎসাহে ও সমর্থনে। ইংল্যান্ড তখন বিশ্বের এক নম্বর দেশ, ধনে-মানে সবার সেরা। সেই মেলার উদ্দেশ্য ছিল, বিশ্বের কাছে ইংল্যান্ডের শিল্প খাতের সাফল্য তুলে ধরা। এরপর যখন যেখানে এক্সপো বসেছে, স্বাগতিক দেশের ভূমিকাই সবচেয়ে বড় হয়ে চোখে পড়েছে। সাধারণ দর্শক ছাড়াও এক্সপোর বড় লক্ষ্য দেশ-বিদেশের বাণিজ্যকর্তারা। মেলায় নতুন নতুন পণ্যসামগ্রী এনে সাজানো হয়, দেশ-বিদেশের ক্রেতারা এসে তা থেকে বাছাই করে নিজেদের প্রয়োজনমতো সওদা করে যান। খুব নিয়মিত না হলে চার বা পাঁচ বছর অন্তর আন্তর্জাতিক বাণিজ্য মেলা গোড়া থেকে এ উদ্দেশ্যেই হয়ে আসছে।সাংহাই এক্সপোর মেজাজ অবশ্য কিছুটা ভিন্ন। এটা ঠিক প্রথামাফিক বাণিজ্য মেলা নয়। জেট বিমান ও ইন্টারনেটের যুগে এখন আর মেলায় ঘুরে পণ্য বাছাই করার প্রয়োজন পড়ে না। প্রায় প্রতিটি দেশ নিজ নিজ সাধ্যমতো একেকটা প্যাভিলিয়ন সাজিয়েছে। ধনে-মানে তারা কতটা এগিয়ে গেছে, তা প্রমাণের বদলে নতুন প্রযুক্তি ব্যবহার করে আগামী দিনের বিশ্বকে তারা কে কেমনভাবে বদলে দিতে সক্ষম, এই মেলা আসলে তারই এক বুদ্ধিদীপ্ত প্রতিযোগিতা। এই মেলার বিষয় হলো ‘উন্নত নগর, উন্নত জীবন’। সে কথা মাথায় রেখে তৈরি হয়েছে চোখ ধাঁধানো প্যাভিলিয়ন। অধিকাংশ প্যাভিলিয়নেই ভারসাম্যপূর্ণ পরিবেশের ওপর জোর দেওয়া হয়েছে। পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে ভারসাম্যপূর্ণ নগর ও তার সঙ্গে খাপ খায় এমন নাগরিক জীবন নির্মাণ সম্ভব, এ কথা বোঝাতে একদিকে যেমন ভবিষ্যতের প্রাযুক্তিক সম্ভাবনা তুলে ধরা হয়েছে, তেমনি প্রথাগত জীবনচারিতার কোন কোন উপাদান আমরা আবার নতুন করে গ্রহণ করতে পারি, তারও উদাহরণ রয়েছে। শুধু ভবিষ্যতের প্রযুক্তি নয়, ভবিষ্যতের স্থাপত্য ও কারুশিল্পেরও অসামান্য প্রতিযোগিতা এই এক্সপো। কার কী প্যাভিলিয়ন, সে কথায় পরে আসছি।অনেক বড় জায়গা, অসংখ্য গেট। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য নিখরচার বাস রয়েছে। গলফ কার্টের মতো খোলা গাড়িও আছে। দুই পা এগোলেই সবুজ জামা গায়ে স্বেচ্ছাসেবক দাঁড়িয়ে, চটপটে তরুণ-তরুণী, কোথায় কী তা দেখিয়ে দেওয়ার জন্য। অধিকাংশই কাজ চালানোর মতো ইংরেজি বলতে পারেন। সবার মুখেই হাসি, অতিথি-অভ্যাগতদের সাহায্য করার জন্য যেন উন্মুখ হয়ে আছেন। কে একজন আমাকে পরামর্শ দিয়েছিল সাত নম্বর গেট দিয়ে ঢুকতে। সেখানে চীনা ও অস্ট্রেলীয় প্যাভিলিয়ন। ঢুকে দেখি হাজার হাজার মানুষ সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে। আমি প্রথম যেদিন যাই (১৫ জুন), শুধু সেদিনই নাকি পাঁচ লাখেরও বেশি দর্শক এসেছিল। কোনো কোনো প্যাভিলিয়নে চার-পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। কেউ একজন বললেন, সৌদি প্যাভিলিয়ন দেখতে হলে নাকি নয় ঘণ্টা অপেক্ষা করতে হবে। জুন মাসে চীনে ভীষণ গরম, বৃষ্টির লক্ষণমাত্রও নেই। একদিকে এই ভাপসা গরম, অন্যদিকে লম্বা লাইন—তা দেখে প্রথমে ভড়কেই গিয়েছিলাম। ভাগ্যিস জাতিসংঘের কল্যাণে একটি সরকারি ব্যাজ দেওয়া হয়েছিল, ফলে লাইন এড়িয়ে ঢোকা কঠিন হয়নি। চারদিকের চোখ ধাঁধানো সব প্যাভিলিয়ন বাইরে থেকে দেখে আমার মনে হলো, আচ্ছা, সবার আগে না হয় বাংলাদেশের প্যাভিলিয়ন দেখে আসি।মেলার প্রায় শেষ মাথায় এক নদীর তীরঘেঁষে, এশিয়ার অনেক ছোট-বড় দেশ মিলে বানানো হয়েছে একটি যৌথ এশীয় মেলা। তাদেরই একটি বাংলাদেশের। ছোট কিন্তু বেশ সুন্দর করে সাজানো। চোখে ধাঁধা লাগে, এমন খুব কিছু একটা সেখানে নেই। নতুন প্রযুক্তির কোনো উদাহরণও নেই, নেই আধুনিক নগরায়ণের কোনো উল্লেখযোগ্য নিদর্শন। রয়েছে সুতি বস্ত্রের নানা নমুনা, রয়েছে কিছু কারুশিল্পের কাজ। চীনা ছেলেমেয়েরা দেখলাম জামা-কাপড়গুলো নেড়েচেড়ে দেখছে। দেয়ালে সুদৃশ্য রঙিন ফটোগ্রাফে সবুজ-সুন্দর বাংলাদেশকে ফুটিয়ে তোলা হয়েছে। একটি খাবারের স্টল রয়েছে, দেখলাম ভিড় সেখানেই বেশি। সেসব খাবার অবশ্য ঠিক বাংলাদেশের ঐতিহ্যিক খাবার নয়। অধিকাংশই শহুরে ফাস্টফুড। স্টলের পেছনে চটপটে দুটি যুবক, চীনা ছেলেমেয়েদের সঙ্গে তারা দুজন দিব্যি বাংলা-ইংরেজি-চীনা ভাষার ককটেল বানিয়ে কথা বলে চলেছে।বলাই বাহুল্য, ধনী দেশগুলোর পাশে এই স্টল নিয়ে আলাদা করে বলার কিছু নেই। সবাই যে প্যাভিলিয়নের খুব সুনাম করছে, তা হলো যুক্তরাজ্যের ‘সিড ক্যাথিড্রল’। দূর থেকে দেখে মনে হয়, ঠিক যেন মস্ত এক সজারু। ছয় তলা লম্বা একটা কিউব, হাজার হাজার ফাইবার অপটিকের স্বচ্ছ শলাকা গেঁথে গেঁথে ক্যাথিড্রলটি তৈরি। স্বচ্ছ কাচের মতো উজ্জ্বল, সূর্যের আলো থেকে শক্তি নিয়ে পুরো প্যাভিলিয়নে দিনের বেলা কাজ চলে। রাতে সেই আলো থেকেই পুরো প্যাভিলিয়ন জ্বলজ্বল করে। বাতাস বয়ে গেলে এপাশ-ওপাশ করে সামান্য হেলে পড়ে ভবনটি, তখন দূর থেকে মনে হয় যেন আমাদের কাশফুল। অনেকেই বলছেন, স্থাপত্য নিদর্শন হিসেবে এটি একদম যুগান্তকারী। শুনেছি, ভবিষ্যতের নগরের যে ‘ভিশন’ এতে তুলে ধরা হয়েছে, তাও নাকি দর্শকদের অনুপ্রাণিত করে। ভিড় ঠেলে ঢুকতে পারি না, জাতিসংঘের ব্যাজ দেখিয়েও না।ইংল্যান্ডের পাশে মার্কিন প্যাভিলিয়নটি অবশ্য একদম সাদামাটা। শুধু যে দেখতে অনুল্লেখ্য তা-ই নয়, ভেতরে যে দু-তিনটি ভিডিও শো রাখা হয়েছে, তাও একদম তাড়াহুড়ো করে বানানো। সবচেয়ে জনপ্রিয় শোটি হলো এক কিশোরীকে নিয়ে। ফোর-ডি টেকনোলজি ব্যবহার করে বানানো এই ভিডিওচিত্রে মেয়েটি কীভাবে তার নিজের নগর পরিবেশগতভাবে ভারসাম্যপূর্ণ করে তুলল, তার গল্প। আমেরিকার পত্রপত্রিকায় শুধু এই ফিল্ম নয়, পুরো প্যাভিলিয়নটি নিয়েই বিস্তর গালমন্দ করা হয়েছে। বলা হয়েছে, পৃথিবীর অন্য দেশগুলো যেখানে তাদের সেরা প্রযুক্তি ও শিল্প-ভাবনা উপস্থিত করেছে, সেখানে আমেরিকা যা করেছে, তা বড়জোর শিশুতোষ টিভি শো। অবশ্য শুধু মার্কিন প্যাভিলিয়ন নয়, ছোট-বড় অনেক দেশই কম্পিউটারের জাদু ব্যবহার করে নানা রকম ভেলকিবাজি দেখিয়েছে। ভিড় এড়িয়ে জাপানি প্যাভিলিয়নে দেখি এক রোবট ভায়োলিন বাজাচ্ছে। আরেক রোবট রয়েছে, যে দর্শকদের সঙ্গে সমানে কথা বলে যাচ্ছে। খুব মজা লাগল সিঙ্গাপুরের প্যাভিলিয়নে এসে। সেখানে হাইডেফিনিশন টিভি স্ক্রিনে আমাদের চোখের সামনে রেশম গুটি থেকে একদম তাজা এক প্রজাপতি ফুটে বেরিয়ে আসে। চীনা প্যাভিলিয়নেও থ্রি-ডি, ফোর-ডি ফিল্মের ছড়াছড়ি। চীনা প্রদর্শনীর লক্ষ্য, প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতের নগর কতটা বসবাসযোগ্য হয়ে উঠবে, তা দেখানো। ভবিষ্যতের নগর অধিক বসবাসযোগ্য হবে এ কারণে যে সেখানে বায়ুদূষণ থাকবে না, শব্দদূষণ থাকবে না, এমনকি চারদিকে মানুষও গিজগিজ করবে না। এসব সত্যি না কল্পনা, জানি না, কিন্তু দেখে চোখ ও মন দুটোই জুড়ায়, তাতে কোনো সন্দেহ নেই।কিছু চীনা কর্তাব্যক্তির সঙ্গে এক্সপো নিয়ে কথা হলো। বলা হচ্ছে, এটি হলো চীনা ‘সফট পাওয়ার’-এর প্রদর্শনী। কোটি কোটি টাকা খরচ করা হয়েছে এই এক্সপোর জন্য। নভেম্বর মাসে এক্সপো শেষ হতে না-হতেই পুরো মেলাটি ভেঙে ফেলা হবে। তাহলে এত টাকা খরচ করে এই এক্সপো কেন? এ প্রশ্নের সহজ উত্তর, নতুন চীনকে পৃথিবীর মানুষের কাছে তুলে ধরা, তাদের কাছ থেকে সম্মান আদায় করে নেওয়া। চীন ইতিমধ্যে বিশ্বের এক প্রধান অর্থনীতিতে পরিণত হয়েছে, কিন্তু তাকে আধুনিক ও উন্নত দেশ বলে ভাবে, এমন লোক বেশি নেই। এক্সপোর লক্ষ্য, নতুন যে চীন তা কেবল প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের যেকোনো দেশকে টেক্কা দেয় তা নয়, নাগরিক কল্যাণেও সে সবার চেয়ে এগিয়ে। পরিবেশ রক্ষায় তার ব্যর্থতার জন্য অনেকেই চীনকে গালমন্দ করে থাকেন। কিন্তু এই এক্সপোর মাধ্যমে চীন বলার চেষ্টা করছে, নতুন যে পৃথিবীর ছবি সে নির্মাণ করছে, তার কেন্দ্রে রয়েছে ভারসাম্যপূর্ণ পরিবেশ। কেবল অর্থনৈতিক উন্নয়নে নয়, ভারসাম্যপূর্ণ উন্নয়নেও চীন আসন্ন সময়ের পৃথিবীকে নেতৃত্ব দেবে।এক্সপো উপলক্ষে এই শহর পুরো ধুয়ে-মুছে সাজানো হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে সুদৃশ্য বাগান, ল্যাম্প পোস্টে বাহারি ফুলের টব। বহুতলবিশিষ্ট আবাসিক কলোনিগুলোও বাইরে থেকে ধুয়ে-মুছে একদম সাফসুতরো করা হয়েছে। এক সপ্তাহ ছিলাম এই শহরে, প্রতিদিন তাকে মনে হয়েছে তিলোত্তমা।এক্সপো শেষ হওয়ার পরও কি এই শহর এমন অনিন্দ্যসুন্দর হয়ে সেজে থাকবে!২৮ জুন ২০১০, নিউইয়র্ক