দীর্ঘ ১৩ ঘণ্টার আকাশ ভ্রমণের পর ভোর ছয়টায় জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে যখন আমাদের বিমান অবতরণ করল তখন মনে হলো এই দীর্ঘ ভ্রমণ কিছুই না। কারণ সূর্যোদয়ের দেশে আমরা ঠিক সূর্যোদয়ের মুহূর্তেই অবতরণ করেছি। এমন সৌভাগ্য কয়জনেরই বা হয়!আমরা ছিলাম সংখ্যায় ১৫ জন, প্রত্যেকেই বাংলাদেশের বিভিন্ন সরকারি কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জাপান সরকারের পৃষ্ঠপোষকতায় ও জাপান ওভারসিজ কো-অপারেশন অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে ‘কিজুনা (বন্ধন) প্রজেক্ট’-এর আওতায় জাপানের দুর্যোগ-পরবর্তী অবস্থা ও পুনর্গঠন-প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে বাংলাদেশ থেকে আমরা গিয়েছিলাম জাপানে। সঙ্গে ছিলেন সার্কের অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়পড়ুয়া আরও কিছু শিক্ষার্থী।সুনামিতে জাপানের ক্ষয়ক্ষতির কথা মনে আছে? ২০১১ সালের ১১ মার্চে জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে ৯.০ মাত্রার ভূমিকম্পের পর ৩০ ফুট উচ্চতার সুনামি আঘাত হানে। এতে প্রায় ১৬ হাজার মানুষ প্রাণ হারায় এবং ২১১.২৫ বিলিয়ন ডলারের সমপরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতির শিকার হয় জাপান।এ সফরে আমরা ছিলাম বাংলাদেশ ও মালদ্বীপের সমন্বয়ে গঠিত গ্রুপ ‘সি’তে। জাপান সফরের শুরুতেই আমাদের হাজার বছরের ঐতিহ্যবাহী সব স্থাপনা ও উল্লেখযোগ্য স্থান পরিদর্শন করানোর মাধ্যমে দেশটির ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়। এ সফরে নারিতাসান শিনশোজি টেম্পল, টোকিও সেন্ট্রাল ব্রেকওয়াটার ল্যান্ডফিল সাইট, ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচার অ্যান্ড সায়েন্স, টোকিও রিনকাই ডিজাস্টার প্রিভেনশন পার্ক, এদো-টোকিও মিউজিয়াম, স্যুয়ারেজ এক্সিবিট হল রেইনবো, চিবা পোর্ট, চিবা প্রিফেকচারাল মিউজিয়াম, বোসো-নো-মুরা, মেইকাই বিশ্ববিদ্যালয়, সেনসোজি টেম্পল পরিদর্শনের সুযোগ পেয়েছি। তবে এই সফরের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ ছিল দুর্যোগকবলিত উপকূলীয় অঞ্চল পরিদর্শন, যেখানে এখনো সুনামির আঘাতের চিহ্ন বহন করছে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িঘর। আমরা গিয়েছিলাম কামাইশি শহরে, সেখানে পরিচিত হলাম মিস ইওয়াসাকির সঙ্গে, যিনি পুরো জাপানে এখন একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত। প্রশান্ত মহাসাগরের ঠিক তীরেই তাঁর একটি রেস্টুরেন্ট আছে। ৩০ ফুট সুনামিতে তলিয়ে গিয়েও তিনি মনোবল হারাননি, অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন। সুনামি-পরবর্তী উদ্ধার ও ত্রাণ কার্যক্রমেও নেতৃত্ব দিয়েছেন তিনি। এখন স্বপ্ন দেখছেন একটি অত্যাধুনিক ‘রেসকিউ সেন্টার’ নির্মাণের।এরই মধ্যে জাপান তার পুনর্গঠন-প্রক্রিয়ার ৯৫ শতাংশ কাজ সমাপ্ত করেছে। এসব অভিজ্ঞতা সঞ্চয়, নতুন অনেক মানুষের সঙ্গে বন্ধুত্ব করা, নানা মজাদার স্বাদের খাবারের সঙ্গে পরিচিত হওয়া আর সর্বোপরি জাপানি মানুষের আন্তরিকতা ও আতিথেয়তায় কোন দিক দিয়ে যে ফেরার সময় হয়ে গেল তা টেরই পাইনি। টোকিওতে ছিল আমাদের বিদায় পর্ব, যেখানে উপস্থিত ছিলেন সার্কের ছয়টি দেশের রাষ্ট্রদূতেরা। ফেরার মুহূর্তে ভিনদেশি বন্ধুদের চোখের জল আর অসংখ্য স্মৃতি নিয়ে অবশেষে আমরা দেশের উদ্দেশে উড়াল দিলাম।