দেখে নিন ছেলের বিয়েতে ভিক্টোরিয়ার সাজপোশাক
৪৭ বছর বয়সী ফ্যাশন আইকন, সংগীততারকা ও ব্যবসায়ী ভিক্টোরিয়া বেকহামের পরনের পোশাকটি ভালো করে দেখুন। বিয়ের অনুষ্ঠানে এর চেয়ে মিনিমাল পোশাক আর সাজে এর আগে সম্ভবত কেউ দেখা দেননি। ছেলে ব্রুকলিন বেকহাম আর নিকোলা পেল্টজের বিয়ের আসরে এভাবেই ডেভিড বেকহামের হাত ধরে উপস্থিত হন তিনি।
চকচকে আর ক্ল্যাসিক এই স্লিপ ড্রেসটি ভিক্টোরিয়ার নিজের ক্লোদিং ব্র্যান্ড থেকে নেওয়া, ১৯৪০ সালের হলিউডের ফ্যাশন থেকে অনুপ্রাণিত। ভিক্টোরিয়া নিজেই ডিজাইন করেছেন পোশাকটির। স্লিপটি তৈরিতে সহায়তা করেছেন তাঁর ক্লোদিং ব্র্যান্ডের প্রধান ডিজাইনার লারা বারিও। এই পোশাকের ফেব্রিকটি সিল্কের, মেটালিক মুডের। সমুদ্রে চাঁদের আলো পড়লে যে আবহের সৃষ্টি হয়, সেখান থেকে অনুপ্রাণিত।
চিকচিকে এই ফেব্রিকের ওপর লেস লাগানো হয়েছে আর এমব্রয়ডারির সূক্ষ্ম কাজ করা হয়েছে। এমনভাবে করা হয়েছে, যাতে মনে হয় যে এগুলো ফেব্রিকেরই অংশ।
ছেলের বিয়েতে কানে কিছুই পরেননি ভিক্টোরিয়া। মেকআপে প্রাধান্য পেয়েছে ন্যুড আর ‘নো মেকআপ মেকআপ’ লুক। গলায় কেবল ঝুলিয়ে দিয়েছেন একটি হিরের নেকলেস। মেইল অনলাইন জানিয়েছে, সেটির দাম ২ মিলিয়ন ডলার বা ১৭ কোটি ২৩ লাখ টাকা। হাতের কবজি থেকে আলো ছড়াচ্ছে একটি হিরের ব্রেসলেট। চুলগুলো পেছনে খোঁপার মতো করে বেঁধে ফেলেছেন। ব্যস, এটুকুই।
ভিক্টোরিয়ার মা জ্যাকি অ্যাডামস, ছেলে রোমিও ও তাঁর প্রেমিকা মিয়া রেগানও বিয়েতে পরে এসেছেন তাঁর ব্র্যান্ডের পোশাক। ব্রুকলিনের বিয়েতে রোমিও আর মিয়ার ছবি ইতিমধ্যে নেট-দুনিয়ায় ভাইরাল। ২০১৯ সালে প্রথম হাত ধরে জনসমক্ষে দেখা দিয়েছিলেন এই জুটি। বলা হচ্ছে, এই বিয়ের আসরে ১৯ বছর বয়সী রোমিও আর মিয়া তৈরি করেছেন ফ্যাশন মোমেন্ট।
অন্যদিকে ৪৬ বছর বয়সী ডেভিড বেকহামের পরনে ছিল স্যুট–প্যান্ট। এই পোশাকটি ডিজাইন করেছেন ফ্যাশন ব্র্যান্ড ডিওরের ডিজাইনার ও বেকহামের বন্ধু কিম জোনস।