দেখেও আরাম পরেও আরাম
একসময় শুধু ফ্রক বা স্কার্ট ছিল ছোট মেয়েদের পোশাক। সে জায়গায় চলে এসেছে হালফ্যাশনের টিউনিক। তবে ফ্রকের আবেদন শেষ হয়ে যায়নি। যদিও পরিবর্তন এসেছে এর কাটছাঁটে।ছোট্ট মেয়েরাও এখন ফ্যাশনসচেতন। সময়ের সঙ্গে তাল মেলাতে চায় তারাও।ফ্যাশনেবল কিন্তু গরমের উপযোগী, এমন পোশাক দেখা যাচ্ছে এবার।বললেন ড্রেসিডেলের স্বত্বাধিকারী মায়া রহমান। মায়া রহমান আরও বলেন, বিভিন্ন কাটের একটু ঢোলা টিউনিক চলবে এবারের গরমে। মেয়েশিশুরা স্বাচ্ছন্দ্যবোধ করে এ পোশাক পরতে। সঙ্গে মিলিয়ে পরতে পারে লেগিংস, টাইটস। তবে গরমে থ্রি-কোয়ার্টার লেগিংস বা ক্যাপ্রি দিয়ে পরলে আরামদায়ক হবে। ঘটিহাতা, খাটোহাতা, হাতকাটা পোশাকের চল বেশি। টিউনিকের ঘের কোমর পর্যন্ত চাপা হয়ে নিচের দিকে বেড়ে গেছে। ফ্রিল বা লেস দিয়ে এই ঘের বাড়াতে পারেন। ফ্রক, টিউনিক বা সালোয়ার-কামিজে একছাঁট-কাট জনপ্রিয় বেশি। শিশুদের জন্য সুতি কাপড়ই সবচেয়ে উপযোগী। তবে নিট কাপড়ও নরম বলে এটি ব্যবহার করতে পারেন। এসব পোশাকে হালকা রঙের পাশাপাশি উজ্জ্বল রঙেরও প্রাধান্য দেওয়া হয়েছে। পোশাকে ব্যবহার করা হয়েছে লাল, গোলাপি, ফিরোজা, আকাশি, পিচ, ধূসর, নীল, বেগুনি, লেবু-সবুজ রং। নান্দনিক নকশা তুলে ধরা হয়েছে এসব পোশাকে। তবে এমন কোনো নকশা করা উচিত নয়, যা শিশুর ত্বকের ক্ষতি করে। অ্যাপ্লিক, রিবনের কাজ, প্যাঁচওয়ার্ক, মেশিন এমব্রয়ডারির কাজ প্রাধান্য পাবে এবারের শিশুদের পোশাকে। কোনো কোনো পোশাকে একসঙ্গে দুই-তিনটি রঙের মিশ্রণ দেখানো হয়েছে। গরমের কথা বিবেচনা করে গলার নকশায় বর্গাকৃতি ও গোল আকার করলে তা শিশুর জন্য আরামদায়ক হবে। অনুষ্ঠানে-নিমন্ত্রণে অনেক সময় ছোট মেয়েরা সালোয়ার-কামিজ পরতে পছন্দ করে। এ-লাইন কাটের কামিজ, জিপসি, আনারকলি এবারও চলবে। সঙ্গে বটুয়া থাকবে।নকশার ওপর নির্ভর করে পোশাকের দাম। তবে এসব টিউনিকের দাম পড়বে ১২০০-৩০০০ টাকা। সাধারণত তিন থেকে আট বছর বয়সী শিশুদের উপযোগী করে এসব পোশাক তৈরি করা হয়েছে।ফ্যাশন হাউস শৈশবের স্বত্বাধিকারী ফারহানা ফারুক মনে করেন, এ সময়ের জন্য উপযোগী ঢিলেঢালা ও আরামদায়ক পোশাক। তাই সুতি কাপড়ে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে এসব পোশাক। হাতাকাটা টপস ও ফতুয়া আনা হয়েছে নবজাতক থেকে শুরু করে ১০ বছর বয়সী শিশুর জন্য। নিচের দিকে থ্রিল দেওয়া ভিক্টোরিয়া নামের ফ্রক এসেছে। ছোট মেয়েরা এটি বেশ পছন্দ করে। ঘের একটু বেশি হওয়ায় এসব ফোলা থাকে। এই ফ্রক পরলে পরির মতো দেখায় তাদের। এসব পোশাকে নানা শেডের রঙের ব্যবহার করা হয়েছে। নীল-সাদা, গোলাপি-নীল ধরনের হালকা-উজ্জ্বল রঙের মিশ্রণ আছে।এসব পোশাকের সঙ্গে ডেনিমের প্যান্ট না পরাই ভালো। তার থেকে সুতি কাপড়ের ক্যাপ্রি বা থ্রি-কোয়ার্টার প্যান্ট পরতে পারে শিশুরা। একটু বড় আকারের গলা ব্যবহার করলে গরমে শিশু আরাম পাবে। শৈশবে ছোট মেয়েদের এসব পোশাক পাবেন ৫৫০ টাকার মধ্যে।বারডেম হাসপাতালের শিশুরোগ বিভাগের প্রধান তাহমিনা বেগম বলেন, ‘ফ্যাশনেবল পোশাক হলেও তা অবশ্যই নরম সুতির হতে হবে। সুতির কোনো বিকল্প নেই। তবে নিট কাপড় হলেও তা যেন সুতির হয়। টিউনিক, ফতুয়া আঁটসাঁট না পরিয়ে ঢিলেঢালা পরাতে হবে। আরামদায়ক হলে গরমে কোনো র্যাশ বের হবে না। আর শরীর ঘেমে গেলে সঙ্গে সঙ্গে নরম সুতির কাপড় দিয়ে মুছে দিতে হবে। হাতাকাটা আর খাটো হাতার পোশাক পরাতে হবে। গলাবদ্ধ পোশাক পরালে বাতাস না ঢুকতে পেরে ঠান্ডার সমস্যা হতে পারে। গরমে প্রতিদিন গোসল করাতে হবে। বরং গোসল করালেই ঠান্ডা লাগবে না। আরেকটি বিষয় মনে রাখতে হবে, শিশুদের শরীরে তুলনামূলক তাপ বেশি থাকে। তাই সব সময় তার চারপাশ শীতল রাখলে ভালো হয়। আসল কথা হলো, আরামদায়ক ও স্বাচ্ছন্দ্য বোধ করে—এমন পোশাকই পরাতে হবে। তবে পোশাক বাছাইয়ের ক্ষেত্রে শিশুর মতামতকে প্রাধান্য দিতে হবে। তাহলে ওর ভেতর কোনো মানসিক দ্বন্দ্ব তৈরি হবে না।’ এসব পোশাক পাবেন আড়ংয়ে। এখানে ১৫০০ টাকার মধ্যে টিউনিক, টপস, স্কার্ট, ফ্রক পাবেন। ফ্যাশনেবল পোশাকও পাবেন। এ ছাড়া নন্দন, গার্লস ক্লোজেট, নিপুণ, কে ক্রাফটে রয়েছে ছোট মেয়েদের পোশাক।