দেড় শ বছরের অন্য রকম যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শত বেদনার মধ্যেও জীবনের হাসি এবং বাঁচার আকুতি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার শরণার্থী শিবিরের দুটি ছবি‍ও স্থান পেয়েছে আইসিআরসির প্রদর্শনীতে
শত বেদনার মধ্যেও জীবনের হাসি এবং বাঁচার আকুতি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার শরণার্থী শিবিরের দুটি ছবি‍ও স্থান পেয়েছে আইসিআরসির প্রদর্শনীতে

বিধ্বস্ত টিনের চাল দিয়ে আলো এসে পড়ছে। ধ্বংস হয়ে যাওয়া ঘরটির সবখানে ছড়ানো আসবাব, ইটের খোয়া। সবকিছুর মাঝখানে দাঁড়িয়ে রেডক্রসের একজন কর্মী যেন এই ধ্বংসযজ্ঞের তীব্রতা বুঝতে চাইছেন।
১৯৭১ সালে যুদ্ধবিধ্বস্ত ঢাকার এই ছবিসহ ৭১টি আলোকচিত্রের মধ্য দিয়ে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) তাদের দেড় শ বছরের কর্মযজ্ঞ তুলে ধরে। আইসিআরসি আয়োজিত এই আলোকচিত্র প্রদর্শনীর পর্দা নামে ২০ অক্টোবর শিল্পকলা একাডেমীর গ্যালারি মিলনায়তনে।
১৮৬৩ সালে প্রতিষ্ঠিত আইসিআরসির মানবিক কার্যক্রমের শুরু ১৮৭৫ সালে তুর্কি-সার্বিয়া লড়াইয়ের ময়দানে। সে সময় মাত্র আটজন কর্মী যুদ্ধক্ষেত্রে আহত ব্যক্তিদের চিকিৎসা দিয়েছিলেন। বর্তমানে ইরাক, সিরিয়া, ইউক্রেনসহ বিশ্বের সংঘাতপূর্ণ এলাকাগুলোয় মানবিক কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি।
৭১টি আলোকচিত্রের প্রতিটিরই ভিন্ন ভিন্ন গল্প রয়েছে। দেশ-কালভেদে মানুষের অসহায়ত্ব আর কান্নার ভাষা যে এক, তাও উঠে এসেছে প্রদর্শনীতে। এক ফাঁকে কথা হয় আইসিআরসির প্রতিনিধিদলের যোগাযোগ কর্মকর্তা মাইকেল কিফলের সঙ্গে। ইরিত্রিয়ার এই নাগরিক জানান, ‘হিউমিনিটি ইন অ্যাকশন’—এই স্লোগান নিয়ে আইসিআরসি কাজ করছে। জেনেভাভিত্তিক সংস্থাটি কাজ করে স্বাধীনভাবে। সহিংসতা ও সংঘাতে আহত বা ক্ষতিগ্রস্ত মানুষকে রক্ষার পাশাপাশি বিভিন্ন দেশের দুর্যোগেও উদ্ধার তৎপরতায় অংশ নেন সংস্থার কর্মীরা। বিশ্বের ৮০টিরও বেশি দেশে আইসিআরসির কার্যালয় আছে। কাজ করছেন ১১ হাজার কর্মী।
হিউম্যানিটারিয়ান অ্যাকশন, অর্থাৎ সেবায় মানবিকতার প্রয়োগ—এমন স্লোগান আইসিআরসির কর্মীদের জন্য কেবল মুখের কথা নয়, প্রদর্শনীর ছবিগুলো দেখলেই সেটা বোঝা যায়। ১৮৯৮ সালের স্প্যানিশ-আমেরিকান যুদ্ধ, ১৯১২-১৩ সালের বলকান যুদ্ধ, ১৯১৪-১৮ সালের প্রথম বিশ্বযুদ্ধ, ১৯৩৬-৩৯ সালের স্পেনের গৃহযুদ্ধ, ১৯৩৯-৪৫ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ১৯৫০ সালের কোরিয়া যুদ্ধ, ১৯৫৪-৬২ সালের আলজেরিয়া যুদ্ধ, ১৯৬৪-৮০ সালের ভিয়েতনাম যুদ্ধ, ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ১৯৮০-৮৮ সালের ইরাক-ইরান যুদ্ধ, ১৯৮৩ সালের সুদানের গৃহযুদ্ধ এবং ১৯৯৪-২০০৩ সালের রুয়ান্ডার গৃহযুদ্ধের ছবি উঠে এসেছে প্রদর্শনীতে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ের পুনর্বাসন নিয়ে প্রদর্শনীতে ৩৬টি আলোকচিত্র স্থান পেয়েছে।
মুক্তিযুদ্ধের সময় বাস্তুচ্যুত সাত লাখ মানুষকে পুনর্বাসন করেছিল রেডক্রস। পাশাপাশি পাকিস্তান থেকে ফিরে আসতে সহায়তা করেছিল এক লাখ ২০ হাজার বাংলাদেশিকে। এ ছাড়া পাকিস্তানের এক লাখ ১৭ হাজার ৭২৭ জন নাগরিকও দেশে ফিরেছে সংস্থাটির সহায়তায়। ১৯৭২-৭৫ সাল পর্যন্ত সংস্থাটি প্রায় ২৮ লাখ নিখোঁজ বার্তা প্রচার করেছিল। ফলে বহু নিখোঁজ ব্যক্তির সন্ধান পেয়েছিলেন স্বজনেরা।
১৯৭১ সালের শরণার্থী শিবির ও নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান কার্যক্রম নিয়ে বেশ কয়েকটি ছবি দেখে থমকে দাঁড়াতে হয়। এসব ছবির একটিতে দেখা গেল চট্টগ্রামের একজন তরুণীকে। ছবির ক্যাপশনে লেখা: ‘মনোয়ারা বেগম, মাত্র ১৭ বছর বয়সে ১৯৭১ সালের নিখোঁজ ব্যক্তিদের খঁুজে বের করতে নিজেকে উৎসর্গ করেছেন।’
ঢাকায় রেডক্রসের একটি অনুসন্ধান ক্যাম্পের করিডরের একটি ছবিও সে সময়কার অনেক গল্প বলে যায়। ‘ট্রেসিং এজেন্সি’ লেখা নামফলকের পাশে করিডরে সারিবদ্ধভাবে বসে আছে নিখোঁজ স্বজনের খোঁজ নিতে আসা লোকজন। প্রত্যেকের মুখে উদ্বেগ আর আশা যেন মিলেমিশে এক হয়ে গেছে। প্রতিটি যুদ্ধই যে অবর্ণনীয় যন্ত্রণার, সে সত্যও আরও একবার উপলব্ধি করা গেল।