দেদার খাওয়া দাওয়াতে নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেত্রী অপু বিশ্বাস নিজে নানাপদ রান্না করলেও খাওয়া–দাওয়া করেন বুঝে শুনে। ছবি: অধুনা
অভিনেত্রী অপু বিশ্বাস নিজে নানাপদ রান্না করলেও খাওয়া–দাওয়া করেন বুঝে শুনে। ছবি: অধুনা

শীতের এই সময়টায় বিয়ের ধুম পড়ে। শুধু কি বিয়ে? বনভোজন থেকে শুরু করে ঘরোয়া কিংবা করপোরেট অফিসগুলোতে অনুষ্ঠান লেগেই থাকে। শীতে খেজুরের রস আর পিঠা উৎসব তো নিত্য দিনের ঘটনা। আর ঘটা করে অনুষ্ঠান মানেই তো দেদার খাওয়াদাওয়া। শীতেই আলসেমি ভর করে বেশি, তাই যতটুকু খাওয়া হয়, পরিশ্রম সেই তুলনায় হয় না একেবারেই। শীতে শরীরে চর্বি জমার প্রবণতাও তাই বেশি। আর দাওয়াত খেতে গিয়ে সালাদ খেয়েও তো আসা যায় না। খেতে তো হবেই। আর একটু হিসাবি হলে, দাওয়াত রক্ষাও হয়, চর্বিও জমে না। বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টিবিদ শামছুন্নাহার নাহিদ বললেন, ‘নিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই খেতে হবে। দাওয়াতের বিরিয়ানি কিংবা পোলাওয়ে সাধারণ ভাতের চেয়ে প্রায় তিন গুন তেল-চর্বি থাকে। তাই এগুলো পরিমাণে কমই খেতে হবে। আর মাংস-মাছটা ঝোল ছাড়াই খান। যাদের ডায়াবেটিস আছে এবং মুখ কিংবা ইনজেকশনের মাধ্যমে ওষুধ নিতে হয়, তাদের ওষুধ সঙ্গে করেই দাওয়াতের বাড়িতে নিয়ে যেতে হবে এবং নির্দিষ্ট সময়ে ওষুধ গ্রহণ করে খাবার খেতে হবে। খেয়েদেয়ে রাতে বাড়ি ফিরে এসে ইনসুলিন নিলে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার আশঙ্কা থাকে। আর হিসাব করে খেলে সুস্থ যেমন থাকা যায়, বাড়তি চর্বিও জমে না।’ হিসাবটা কেমন হবে আরও একটু বিস্তারিত জেনে নেওয়া যাক এবার।
দাওয়াতটা যদি রাতে থাকে তবে দুপুরের খাবারে ক্যালরি গ্রহণের মাত্রাটা কমিয়ে আনতে হবে। আর পরিমাণে খেতেও হবে খানিকটা কম। তবে রাতের দাওয়াতে যাওয়ার আগে বিকেলেই নাশতা করে নিন। কারণ দুপুরে কম খেয়ে, রাতে খেতে গেলে নিজের অজান্তেই বেশি খাওয়া হয়ে যাবে। ডায়েট আর নিয়ন্ত্রণে থাকবে না। বিকেলের নাশতার খাবার হতে পারে দুধ, দই কিংবা লাচ্ছি।
বিকেলের খাবারের দাওয়াত হলে দুপুরে এবং রাতে দুই বেলাতেই ক্যালরি গ্রহণের মাত্রা কমিয়ে আনতে হবে। সাধারণত বিকেলে যে খাবারগুলো খাওয়া হয়, তাতে তেল-চর্বির পরিমাণটা বেশিই থাকে। সেই হিসাব করে দুপুর এবং রাতের খাবার সচেতনভাবে তেল-চর্বির খাবারগুলো সরিয়ে রাখুন।
আর দাওয়াতটা দুপুরের দিকে থাকলে, সকালের খাবারটা বাদ দেওয়া যাবে না কিছুতেই। সকালে না খাওয়া মানে হলো রাত থেকে দীর্ঘ সময় পাকস্থলী খালি পড়ে থাকা। দীর্ঘ সময়ের বিরতিতে খেলে চর্বি জমার প্রবণতা বেড়ে যায় অনেক।
খাওয়া তো হলো, যে শক্তি জমল, তার খানিকটা খরচ করে ফেলতে হবে এবার। দাওয়াত থেকে ফিরে এসে কমবেশি ৩০ মিনিট হাঁটুন। ক্যালরি খরচ হয়ে যাবে অনেকটা। কিংবা দাওয়াতে বাড়ি কাছেপিঠে হলে, হেঁটেই না হয় বাড়ি ফিরুন। হজমপ্রক্রিয়াকে ত্বরান্বিত করতে খেতে পারেন, টক দই। যেকোনো আঁশযুক্ত ফল ডেজার্ট হিসেবে খেতে পারেন, এটিও আপনার গলাধকরণ খাবার দ্রুত হজমে সাহায্য করবে।
সুস্থ থাকতে হিসাব করে খান। শুধু খাওয়ার বেলায় উদারপন্থী না হয়ে, বরং অন্য সবে উদার হয়ে উঠুন!