স্ত্রী যদি আগে তালাক দেন, তাহলে অনেক সময় স্ত্রীর প্রাপ্ত অধিকার নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়। বিশেষ করে মুসলিম বিয়ের দেনমোহর নিয়ে। অনেকের মধ্যে ভ্রান্ত ধারণাও রয়েছে। অনেক সময় দেখা যায়, বিবাহবিচ্ছেদের সময় বলা হয়, স্ত্রী নিজ ইচ্ছা থেকে নিজে উদ্যোগী হয়ে তালাক দিচ্ছেন। এতে যুক্তি তুলে ধরা হয় যে স্ত্রীর দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে না। আসলেই কি স্ত্রী আগে তালাক দিলে স্ত্রীকে কোনো দেনমোহর দিতে হয় না?
আইন কী বলে?
স্ত্রী যদি স্বামীকে তালাক দেন, সে ক্ষেত্রে স্ত্রীকে দেনমোহর দিতে হয় না—এ ধারণা ভুল। স্বামী বা স্ত্রী যে-ই তালাক দিন না কেন, দেনমোহরের টাকা অবশ্যই স্ত্রীকে প্রদান করতে হবে। কারণ, দেনমোহর স্ত্রীর আইনগত, একচ্ছত্র অধিকার এবং সব সময়ই স্বামীর ঋণ। স্ত্রী আদালতের মাধ্যমেও দেনমোহর আদায় করতে পারবেন। সাধারণত বিয়ের সময় দেনমোহর নির্ধারণ করা হয়। দেনমোহরের কিছু পরিমাণ বিয়ের সময় তাৎক্ষণিক পরিশোধ (উসুল) করে দেওয়া হয় এবং তা কাবিননামায় লিখিত থাকে। বাকিটা বিলম্বিত দেনমোহর হিসেবে ধরা হয়।
কখন মাফ হয়?
দেনমোহরের টাকা মাফ করা যায়, তবে সে জন্য কিছু শর্ত আছে। স্ত্রীর পূর্ণ সমর্থন থাকতে হবে এবং কোনো ধরনের প্ররোচিত না হয়ে মাফ করতে হবে। কারও দ্বারা প্রভাবিত হওয়া যাবে না। বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক হওয়ার আগেই যদি বিবাহবিচ্ছেদ ঘটে কিংবা স্বামীর মৃত্যু হয়, তবে দেনমোহরের অর্ধেক পরিশোধ করতে হবে।
কীভাবে আদায়?
বিবাহবিচ্ছেদ বা বিলম্বিত তালাক হয়ে গেলে কিংবা স্বামীর মৃত্যু হলে কোনো স্ত্রী তাঁর বিলম্বিত দেনমোহর আদায়ের জন্য পারিবারিক আদালতে মামলা করে তা আদায় করতে পারেন। তবে তা অবশ্যই তালাক বা স্বামীর মৃত্যুর তিন বছরের মধ্যে মামলা করতে হবে। স্বামীর মৃত্যু হলে বকেয়া দেনমোহর একটি ঋণের মতো। এটি শোধ করতেই হয়। স্বামীর উত্তরাধিকারীরা এটি প্রদানে বাধ্য। অন্যথায় মৃত স্বামীর উত্তরাধিকারীদের বিরুদ্ধে মামলা করে আদায় করা যায়। স্ত্রী যদি আগে মারা যান, তা-ও দেনমোহর মাফ হয় না। স্ত্রীর উত্তরাধিকারীরা এই দেনমোহর পেতে হকদার। তাঁরাও মামলা করার অধিকার রাখেন।
লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট