দেয়াল কথা বলে


ছেলেবেলা থেকেই তাঁকে আকর্ষণ করত দেয়াল। দেয়ালের হিজিবিজি আঁকিবুঁকি, বিমূর্ততার মধ্যে খুঁজে পেতেন নানা কিছুর অবয়ব। কখনো সেগুলোকে মনে হতো ঘোড়া, কখনো পাখি, গোল্ডফিশ-আরও কত কী! গল্পটি কি এখান থেকে

শুরু হতে পারে; নাকি এ গল্প শুরু হবে ২০০৪ সাল থেকে। সে বছর ছবিমেলার আলোকচিত্র উত্সবে মেক্সিকান আলোকচিত্রী পেদ্রো মায়ারের সঙ্গে দেখা হয়েছিল পারভেজ চৌধুরীর। নানা কথায় তখন তিনি তাঁকে বলেছিলেন, ‘পৃথিবীতে যত মানুষ তত আলোকচিত্রী হবে, একদিন সবার হাতে হাতে পৌঁছাবে ক্যামেরা।’ হ্যাঁ, সেদিন পেদ্রো মায়ারের এ কথার পরই তো দেয়ালচিত্রের ভাবনাটি স্পষ্ট আকার পেল পারভেজের মাথায়। বিভিন্ন দেয়ালকে ফ্রেমবন্দী করা শুরু করলেন তিনি।
এর আগেও গল্প আছে। ওই যে প্রথমেই বলেছি, ছেলেবেলা থেকেই দেয়াল টানত পারভেজকে। এরপর ছাত্রজীবন গেছে দেয়ালে চিকা ও স্লোগান লিখতে লিখতে। পারভেজ বললেন, ‘২০০৭-৮-এর দিকে আমি একটি ভালো ক্যামেরাওয়ালা মুঠোফোন কিনলাম। এরপর কোনো কিছু না ভেবেই ওই মুঠোফোনে দেয়ালের ছবি তুলতে শুরু করি। কেন যেন আমার মনে হতো, দেয়ালেরও আছে ভাষা। মনে হতো, ভাঙাচোরা দেয়ালকে যদি ক্যামেরা দিয়ে ফ্রেমবন্দী করা হয় তবে সেটি অন্য মাত্রা পাবে।’
সেই ছবিগুলো কেমন মাত্রা পেয়েছে, তা দেখতে পাওয়া যায় দেয়ালচিত্রগুলো নিয়ে ইমেজ অব ওয়াল শিরোনামে বেরুনো পারভেজ চৌধুরীর একটি বইয়ে। নিজের তোলা দেয়ালচিত্রের মধ্য থেকে বাছাই করা কয়েকটি ছবি নিয়ে সম্প্রতি এটি বের করেছেন তিনি। পেশায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান বিভাগের প্রধান পারভেজ চৌধুরীর ছবিগুলো তো বিভিন্ন দেয়ালের। কিন্তু এসব দেয়ালের মধ্যে কী আছে?

কোলাজের কোলাহল
পারভেজের ভাষায়, ‘নিষ্প্রাণ ও বিমূর্ত ছবির বর্ণিল দেয়াল ক্রমাগত বলে যায় এক বিষণ্নতার গল্প। এসব মিলিয়েই তৈরি করে অসংখ্য কোলাজের কোলাহল।’ পারভেজের তোলা দেয়ালচিত্রে এই কোলাজের মধ্যে কখনো দেখা মেলে নদীর অবয়ব; কখনো আবার ধোঁয়া উড়িয়ে যাওয়া পুরোনো আমলের ট্রেনও ছুটতে থাকে দিগ্বিদিক। সব মিলিয়ে এসব দেয়ালচিত্রে দেয়াল সাদামাটা নয়, নিশ্চুপ নয়-দেয়াল কথা বলে।