দেলুয়ারার দিপ্ত কুটির

জামালপুরের দেলুয়ারা বেগম প্রায় চার হাজার নারীকে সেলাই, পোশাক তৈরি, নকশা, রং করা, বাটিকসহ নানা কাজ শিখিয়ে পারদর্শী ও স্বাবলম্বী করে তুলেছেন। সেই সঙ্গে তিনি নিজের ও অন্য নারীদের স্বপ্নপূরণ করে চলছেন।
ময়মনসিংহে বেড়ে ওঠা দেলুয়ারা বেগম উচ্চমাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করেছেন। ১৯৯০ সালে তিনি সংসার শুরু করেন। স্বামী নিজাম উদ্দিন সরকারি চাকরিজীবী। পরে চলে আসেন ঢাকায়। সাত বছরের সংসারে দুই সন্তান। স্বামীর সীমিত আয়ে ভালো চলছিল না সংসার। তাঁকে সহযোগিতার জন্য হস্তশিল্প ও বুটিকের প্রশিক্ষণ নেন তিনি।
২০০০ সালে স্বামীর বদলির কারণে চলে আসেন জামালপুরে ঢাকাইয়া পট্টিতে। মাস খানেক পর পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে সেখানে গড়ে তোলেন দিপ্ত কুটির নামের একটি হস্তশিল্পের প্রতিষ্ঠান। এখন দিপ্ত কুটিরের পুঁজি গিয়ে দাঁড়িয়েছে কোটি টাকার বেশি।
দেলুয়ারা শুরু করেছিলেন ১১ জন নারীকে নিয়ে। তাঁর নকশিকাঁথার কাজ ক্রেতাদের আকৃষ্ট করে। এরপর প্রচার ও চাহিদা বাড়তে থাকে। ২০০৫ সালে ২৫ জন করে নারীকে ২০টি দলের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেন। এমনি করে প্রায় চার হাজার দরিদ্র নারীকে কাজ শিখিয়েছেন। ওই নারীরা তাঁদের কাজ অব্যাহত রেখেছেন। শুরু থেকেই তিনি তাঁর তৈরি করা পোশাকের গুণগত মানের ব্যাপারে কোনো আপস করেননি। সেই সঙ্গে দামের ব্যাপারটা মাথায় রাখতেন।
একপর্যায়ে ২০০৯ সালে ন্যাশনাল ব্যাংক থেকে চার লাখ টাকার ঋণ নেন। এই টাকা তিনি ব্যবসায় খাটান এবং দ্রুত তাঁর ব্যবসার প্রসার ঘটান। পরে ওই ব্যাংক ব্যবসার পরিধি বাড়াতে ২০১৩ সালে ৫০ লাখ টাকা ঋণ দেয়।
জামালপুর শহরের ঢাকাইয় পট্টি এলাকায় ১০ কক্ষের তিনতলা ভাড়া বাড়িতে দিপ্ত কুটিরে শোরুম ও কারখানা গড়ে তুলেছেন। এখন তাঁর বেতনভুক্ত ২২ জন পুরুষ ও নারী নিয়মিত কাজ করছেন। পরিবারের সবকিছুই চলে তাঁর আয়ের টাকা দিয়ে।
শহরের ফুলবাড়িয়া এলাকার মিতু আক্তার প্রায় তিন বছর ধরে কাজ করছেন। তিনি বলেন, ‘প্রথমে আপার কাছে হস্তশিল্পের কাজ শিখেছি। এখানে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে বেতনে কাজ করছি। তাঁকে দেখে এলাকার অনেকে এ কাজ করছেন।’
এর মধ্যেই তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ ২০০৮ সালে জাতীয় যুবমেলায় শ্রেষ্ঠ স্টলের দ্বিতীয়, শ্রেষ্ঠ আত্মকর্মী নারী কোটায় ২০১২ সালের জাতীয় যুব পুরস্কার, ২০১২ সালে জাতীয় এসএমই নারী উদ্যোক্তার বর্ষসেরা ক্ষুদ্র নারী উদ্যোক্তা, ২০১৩ সালে সফল নারী উদ্যোক্তা হিসেবে মানবাধিকার সম্মাননা পদক পেয়েছেন। এ ছাড়া ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা হিসেবে ৫০ হাজার টাকা এবং এসএমই ফাউন্ডেশন থেকে দুই লাখ টাকা সম্মাননা পুরস্কার পেয়েছেন।
দেলুয়ারা বেগম বলেন, ‘আমার বড় মূলধন ছিল সততা ও নিষ্ঠা, যা আমাকে অনেক দূর নিয়েছে। ঢাকায় একটি ফ্ল্যাট ও মিরপুরের একটি শোরুম রয়েছে। জামালপুরে জমি কিনেছি। আমার স্বপ্ন, ওই জমিতে দিপ্ত কুটিরকে আরও বড় করে গড়ে তুলব।’