নগরের ইংরেজি মাধ্যমের আট বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানাল ব্যতিক্রমী আয়োজন ইংলিশ মিডিয়াম স্কুলস কালচারাল প্রোগ্রাম। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর উদ্যোগে কনকর্ড গ্রুপের সহযোগিতায় নগরের ফয়’স লেকে দ্বিতীয়বারের মতো এ উৎসব অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে শিক্ষার্থীরা দলীয় নৃত্য, দেশাত্মবোধক গান, নৃত্যনাট্য, দলীয়সংগীত ছাড়াও দেশের মাটি, মানুষ, প্রকৃতি ও পরিবেশদূষণ নিয়ে বিভিন্ন ধরনের পরিবেশনায় অংশ নেয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন খ্যাতিমান বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন। স্বাগত বক্তব্য দেন দ্য ডেইলি স্টার চট্টগ্রামের ব্যুরো প্রধান আ ক ম রইসুল হক বাহার। অনুষ্ঠান পরিচালনা করেন দ্য ডেইলি স্টার-এর উৎপাদন ও অনুষ্ঠান ব্যবস্থাপক সেলিম শামসুল হুদা চৌধুরী।জামাল নজরুল ইসলাম বলেন, ‘আমাদের দেশীয় উৎসবগুলো হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে আমাদের ঐতিহ্যের অংশ ছড়া।’ তিনি শিশুদের ছড়া শেখানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি পরীক্ষার নামে শিশুদের সারল্য নষ্ট না করারও আহ্বান জানান তিনি।আবুল মোমেন বলেন, ‘এ ধরনের আয়োজন শিশুদের দেশ, মানুষ ও মাটির কথা ভাবতে শেখাবে।’ রইসুল হক বাহার বলেন, ‘আমরা বিশ্বগ্রামে বাস করছি এবং ইংরেজি জানার প্রয়োজনীয়তাও বেড়েছে। তবু শেকড় বিচ্ছিন্ন হয়ে আমরা বিশ্বের কাছে দেশকে সঠিকভাবে উপস্থাপন করতে পারব না।’এ আয়োজনে বে ভিউ স্কুল, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল স্কুল, ইউরোপিয়ান স্কুল, চট্টগ্রাম গ্রামার স্কুল, সানসাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজ, লিটল জুয়েলস স্কুল ও গ্রিন ভ্যালি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই।