দেশ গড়তে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল ৯ জুলাই বিশ্বের মানচিত্রে যোগ হচ্ছে নবীনতম দেশ দক্ষিণসুদান। আফ্রিকা মহাদেশের বৃহত্তম রাষ্ট্র সুদান ভেঙে জন্ম নিচ্ছে এ দেশটি। নতুন দেশকে নিজেদের মতো করে গড়তে অনেক প্রবাসীসুদানি ফিরছেন মাটির টানে।পাঁচ বছর বয়সে প্রাণের ভয়ে দেশ ত্যাগ করতে হয়েছিল নিয়াগুয়া নাইয়ুওনকে। তাঁর বাবা উইলিয়াম নাইয়ুওন বেনি ছিলেন দক্ষিণ সুদানের শীর্ষস্থানীয় বিদ্রোহী নেতা। মা ছিলেন স্বাধীনতাকামী মিলিশিয়া বাহিনীতে যোগ দেওয়া প্রথম নারীদের অন্যতম। গৃহযুদ্ধ থেকে বাঁচাতে পরিবারের অনেককে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন উইলিয়াম বেনি। সেটা ১৯৮৬ সালের কথা।নিয়াগুয়ার বাবা উইলিয়াম বেনি ছিলেন সুদান পিপলস লিবারেশন আর্মির অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি জানতেন, এই বাহিনী গঠনসহ স্বাধীনতাযুদ্ধে নামার কারণে তাঁর পরিবারের জন্য ঝুঁকিটা অনেক বেশি। এ কারণে উইলিয়াম তাঁর নয়জন স্ত্রীর মধ্যে আটজনকেই সন্তানসহ দেশের বাইরে পাঠিয়ে দেন। তাঁদের কেউ যান কেনিয়া। কেউ কেউ পাড়ি জমান কিউবা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো দূর-দূরান্তেও।নিরাপত্তার জন্য সবাইকে বিদেশে পাঠিয়ে দিলেও পরিবারের সঙ্গে পুনর্মিলনের তীব্র আকাঙ্ক্ষা ছিল উইলিয়ামের। নিয়াগুয়ারা দেশ ছাড়ার ১০ বছর পর রহস্যজনক পরিস্থিতিতে তিনি মারা যান। এতদিন পর সেই বাবার রেখে যাওয়া স্মৃতি, বাবার কীর্তিই নিয়াগুয়াকে দেশে ফিরিয়ে এনেছে। বাবার অসমাপ্ত কাজ শেষ করার জন্য তিনি দেশে ফিরেছেন। বয়স এখন ৩০। নিয়াগুয়া বলেন, ‘মাকে বলেছিলাম শান্তিচুক্তি উদ্যাপনের জন্য আমি দেশে ফিরব। মা বললেন, “তোমার যাওয়া উচিত। কারণ এ জন্যই তোমার বাবা লড়াই শুরু করেছিলেন।”জুবা শহরের এক রোদ ঝলসানো দুপুর। বাতাসে কটু গন্ধ। পাশের রাস্তাটি ভরা খানাখন্দে। ছাতার নিচে বসে নিউজউইকের সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন নিয়াগুয়া। ৯ জুলাই থেকে এই জুবাই হতে যাচ্ছে বিশ্বের নবীনতম রাষ্ট্র দক্ষিণ সুদানের রাজধানী। পথের দিকে তাকিয়ে মাঝেমধ্যে অন্যমনস্ক হয়ে যাচ্ছিলেন নিয়াগুয়া। এই রাস্তা ধরেই একদিন তিনি জন্মভূমি ছেড়ে গিয়েছিলেন। নিয়াগুয়া বলেন, ‘যুক্তরাষ্ট্র আমার নিজের দেশ—তা কখনোই আমার মনে হয়নি। শুধু ভাবতাম, যেখান থেকে এসেছি, যেভাবেই হোক আমাকে সেখানে ফিরে যেতে হবে। বাবা সবসময় বলতেন, “তোমরা নিরাপত্তার জন্য ওখানে গিয়েছ। নিজেকে শিক্ষিত করে গড়ে তোল। তারপর ফিরে এসো। নিজের স্থান করে নাও। আমেরিকা তোমার দেশ নয়। এটাই তোমার দেশ।”নিয়াগুয়ার মতো বিদেশে বড় হয়েছে এমন আরও অনেক দক্ষিণ সুদানি নতুন দেশ গড়ার কাজে সহায়তা করতে দেশে ফিরে আসছেন। তাঁদের অনেকেই এমন একটি দেশে ফিরে আসছেন, যে দেশের কোনো স্মৃতি তাঁদের নেই। যার অস্তিত্ব ছিল শুধু তাঁদের কল্পনায়। বাবা-মা, দাদা-দাদির কাছে শোনা গল্পের মধ্যেই সীমাবদ্ধ। গত জানুয়ারিতে দক্ষিণ সুদানের শতকরা ৯৭ ভাগের বেশি ভোটার স্বাধীনতার পক্ষে ভোট দেন। এখনো নানা সমস্যা রয়ে গেছে বটে কিন্তু স্বাধীনতার পথে যতটা রক্তপাত হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল তা হয়নি। কিন্তু নতুন দেশকে নিঃসন্দেহে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। তার একটি হবে দক্ষ নেতৃত্বের অভাব। দক্ষিণ সুদান সরকারের বেশির ভাগ সদস্যই সাবেক বিদ্রোহী যোদ্ধা। যাঁরা অস্ত্র ফেলে রাজনীতিতে যোগ দিয়েছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার অভিজ্ঞতা দূরের কথা, তাঁদের অনেকেরই আনুষ্ঠানিক শিক্ষা নেই তেমন একটা। দেশের মোট জনসংখ্যার মাত্র ২৪ শতাংশ পড়তে পারে। নারী সাক্ষরতার হার খুবই কম। রাস্তাঘাটের বেহাল দশা। পাকা রাস্তার সংখ্যা খুবই কম। অনেক এলাকায় বর্ষাকালে হেলিকপ্টার ছাড়া যাওয়াই মুশকিল।উত্তর ও দক্ষিণ সুদানের মধ্যকার সীমান্ত এক হাজার ৯০০ কিলোমিটার। দুই পাশের অধিবাসীরা এত দিন গবাদি পশুর ঘাস ও পানির সন্ধানে কোনো বাধা ছাড়াই এক পাশ থেকে অন্য পাশে যাওয়া-আসা করতেন। কিন্তু রাজনৈতিক সীমানা তাঁদের এখন সেই সুযোগ থেকে বঞ্চিত করবে। এ ছাড়া উত্তর ও দক্ষিণ সুদানের মধ্যে এখনো তেলসমৃদ্ধ সীমান্ত অঞ্চল আবেয়ির নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক ঋণের দায়সহ অনেক বিষয় অমীমাংসিত রয়ে গেছে। গত মে মাসে আবেইয়ের বিতর্কিত এলাকায় তুলনামূলকভাবে অনেক বেশি শক্তিশালী উত্তরের সেনাবাহিনীর অভিযান বুঝিয়ে দিয়েছে, পরিস্থিতি কতটা উত্তেজনাপূর্ণ। ওই সংঘাতে রক্তক্ষয় বেশি না হলেও দক্ষিণাঞ্চলের একটি জনগোষ্ঠীর এক লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়।শান্তিচুক্তির পর থেকে দাতা দেশগুলো দক্ষিণ সুদানকে ১০০ কোটি ডলারেরও বেশি সহায়তা দিয়েছে। তবে এসব সাহায্যের প্রভাব রাজধানীর বাইরে সামান্যই দেখা গেছে। শহরের বাইরে বেশির ভাগ মানুষই বাস করে খড়ের ছাউনি দেওয়া মাটির ঘরে। কাচের জানালা এখনো বিলাসিতার নামান্তর।দেশের বাইরে বড় হওয়া তরুণদের কেউ কেউ কিন্তু মানসপটে অন্য রকমের একটি ছবি নিয়ে সুদানে ফিরেছেন। দেশে ফিরে তাঁরা বড় রকমের ধাক্কা খান। ওয়াশিংটন ডিসি, সল্ট লেক সিটি, লিভারপুল অথবা লন্ডনের মতো নগরে বেড়ে ওঠা ওই তরুণদের কাছে দেশের মাটিতে পা দেওয়ার পর অনুভূতি কী হয়েছিল জানতে চাইলে জবাবে অনেকে শুধু একটি শব্দ ব্যবহার করেছিলেন: ‘শকড’। নিয়াগুয়াও দেশের মাটিতে পা রাখার পর নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তাঁর আশা ছিল, অনেক বেশি অগ্রসর হবে সুদান। বিমানবন্দরে অবতরণ করার পর নিয়াগুয়ার মনে হয়েছিল, সম্ভবত তেল নেওয়ার জন্য বিমান পথে কোথাও থেমেছে। কিন্তু শিগগির তাঁর ভুল ভেঙে যায়। কারণ, সেটাই ছিল তাঁর চূড়ান্ত গন্তব্য।নিয়াগুয়া দেশে ফিরেছেন কয়েক বছর আগে। উত্তর ও দক্ষিণ সুদানিদের মধ্যে ২০০৫ সালের শান্তিচুক্তির পরই। এই ছয় বছর ধরে মাতৃভূমিকে নিজের মতো করে গড়ে তোলার কাজ করে যাচ্ছেন। নিজেদের কাজে সন্তুষ্ট তিনি। গর্বের সঙ্গে তিনি বলেন, ‘শাসন পদ্ধতি ও অবকাঠামোর মতো ক্ষেত্রে দারুণ অগ্রগতি হয়েছে। অন্য কোনো দেশের কথা বলি। আমরা যা ছয় মাসে করার চেষ্টা করছি, সেটা করতে অন্য দেশের কয়েক শ বছর লেগেছে।’আরেকজন স্টেলা কেনি। গৃহযুদ্ধের কারণে মা ও চার ভাইসহ নিজ শহর ইয়ে ছেড়ে পালিয়েছিলেন। ওই সময় তাঁর বয়স মাত্র আট। শহর ছেড়ে পালানোর সময় স্টেলারা জানতেন না কোথায় তাঁদের গন্তব্য। সেই ঘটনার চার বছর পর স্টেলার পরিবার যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পায়। বয়স কম ছিল বলেই হয়তো শিগগির মার্কিন দেশকে নিজের ভাবতে শুরু করেন স্টেলা। একে একে তাঁরা ভাইবোনেরা প্রতিষ্ঠিত হতে চলেছেন। স্টেলার বড় ভাই মার্কিন সেনাবাহিনীতে চাকরি পেয়েছেন। তিনি ইরাকে দায়িত্ব পালন করেছেন। এক ভাই ভার্জিনিয়া পুলিশ বাহিনীতে কাজ করেন। ছোট ভাই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়েন। সে সেখানকার বাস্কেটবল দলের সদস্য। স্টেলা নিজে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। স্টেলা বলেন, ‘আমি আমেরিকান—এ পরিচয়টা উপভোগই করি। আমার বেড়ে ওঠা ও সংবেদনশীলতা সবই আমেরিকান। কিন্তু আমি দক্ষিণ সুদানে ফিরে আসতেই পারি। কারণ, এটাও আমার দেশ। আমি দেশ গঠনে সহায়তা করতে পারব। কারণ, আমি আমেরিকা গড়ে তোলার গল্পে অনুপ্রাণিত।’এ পর্যন্ত অভিজ্ঞতা খুব ভালো নয়, ফিরে আসা আনিয়েথ ডি আউলের। তাঁর বাল্যকালের বেশির ভাগ সময় কেটেছে কূটনীতিক বাবার সঙ্গে বিদেশে ঘুরে ঘুরে। যুক্তরাজ্যের লেইস্টার বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি নিয়েছেন তিনি। ছয় বছর ধরে জুবায় বসবাস করলেও শহরটির সঙ্গে মানিয়ে নিতে আনিয়েথের কষ্ট হচ্ছে। তিনি বলেন, ‘এটি সুন্দর, এটি চমৎকার। কিন্তু ততটা বাস্তবসম্মত নয়।’আনিয়েথের হতাশার কারণগুলোর মধ্যে রয়েছে সুশীল সমাজ ও অবকাঠামোর ঘাটতি। তিনি বলেন, ‘ধরুন, এখানে আমি একজন ভালো দাঁতের চিকিৎসকের কথা জানি না। আমাকে এটা হতাশ করে। যখনই বিদেশে যাই, আমি প্রথমেই স্বাস্থ্য পরীক্ষা করি। আয়-রোজগারের ব্যাপারেও ভাবতে হয়। অথচ আমি যেখানে থাকি সেখানেই তো এগুলো করা উচিত। একটা দেশ আমরা পেয়েছি। তবে সে দেশের জন্য আমাদের অনেক কাজ করতে হবে এখনো।’