দেশ ছাড়ছি না: ইউলিয়া তাইমোশেঙ্কো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় প্রায় ৫০ কোটি ডলার তসরুপের অভিযোগে ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলের নেতা ইউলিয়া তাইমোশেঙ্কোকে অভিযুক্ত করেছেন সরকারি কৌঁসুলিরা। দোষী সাব্যস্ত হলে তাঁর কারাদণ্ড হতে পারে এবং ভবিষ্যতে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে তাইমোশেঙ্কো তাঁর দেশে বিরোধী দলের ওপর ‘সোভিয়েত কায়দার’ দমন-পীড়নের অভিযোগ করেন।ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইউনুকোভিচ কি আপনাকে কারাগারে ঢোকাতে চান?সোভিয়েত ইউনিয়নে সৎ রাজনীতিবিদদের দমনের হাতিয়ার ছিল কারাগার ও বন্দিশিবির। দুর্ভাগ্যবশত ইয়ানুকোভিচ ইউক্রেনে সেই ধারা ফিরিয়ে এনেছেন। তাঁর কিছু প্রশংসাও হয়তো করা উচিত। কারণ, ক্ষমতা গ্রহণের প্রথম এক বছরে তিনি আমার সই করা প্রত্যেকটি নথি, অর্থ লেনদেন ও সরকারের গৃহীত সিদ্ধান্ত যাচাই করে দেখেছেন। এক বছর ধরে এই কর্মযজ্ঞের পর তিনি আমার একটি অপরাধ খুঁজে বের করেছেন। আর সেটি হলো আমি নাকি কিয়োটো প্রটোকল অনুযায়ী পরিবেশ খাতে ব্যবহারের জন্য রাখা তহবিল থেকে পেনশন দিয়েছিলাম। এ অভিযোগ সত্য নয়। কিয়োটো প্রটোকলের অর্থ সরকারি কোষাগারেই ছিল।সেটা কী ধরনের পেনশন ছিল? দশকের পর দশক ধরে দেশের জন্য যাঁরা জীবন দিয়ে যাচ্ছেন তাঁদের জন্যই ওই পেনশন। আজকে যাঁরা ক্ষমতায় রয়েছেন তাঁরা ‘ছায়া অর্থনীতিতে’ দক্ষ। দুর্ভাগ্যজনকভাবে রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থাপনায় তেমনটা দক্ষ নন। তাঁরা বাজেটের ব্যাপারটাও গুলিয়ে ফেলেছেন। তাঁদের সঙ্গে কথা বলে আমি বুঝেছি যে তাঁরা সরকারি অর্থব্যবস্থার মৌলিক বিষয়ও জানেন না। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁদের উদ্দেশ্য আমার নির্বাচনে অংশ নেওয়া ঠেকানো।ইউক্রেনে গণতন্ত্র এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র ও ইইউ কী করতে পারে? পাশ্চাত্যের নীতিটা দ্বিমুখী। তারা একেক দেশের জন্য একেক কৌশল নেয়। কিছু কিছু দেশে স্বৈরশাসকও ক্ষমা পেয়েছেন। কারণ তাদের দেশে স্থিতিশীলতা আছে। দুর্ভাগ্যবশত পাশ্চাত্যের মনোভাবটা যেন এ রকম: ‘সে একটা কুত্তার বাচ্চা। কিন্তু সে একটা স্থিতিশীল ও আগে থেকে অনুমান করা যায় এ রকম কুত্তার বাচ্চা।’ পাশ্চাত্যের স্থিতিশীলতার সংজ্ঞার ব্যাপারে আমার প্রশ্ন আছে। আমি চাই না কেউ রুশ ফেডারেশনের (রাশিয়া) সঙ্গে নিজেদের সহযোগিতার সম্পর্কের আলোকে ইউক্রেনকে দেখুক। রাশিয়া ও পাশ্চাত্যের সম্পর্কের ক্ষেত্রে ইউক্রেনের দাবার গুটি হওয়া উচিত নয়। দুর্নীতি ছাড়া কি ইউক্রেনে সরকার পরিচালনা সম্ভব?আমি এসব অভিযোগের ইতি টানতে চাই। বলা হচ্ছে, ইউক্রেনের সব রাজনীতিক দুর্নীতিপরায়ণ। আমি যদি তাঁদের মতো রাজনীতিবিদ হতাম তাহলে তাঁদের আমার বিরুদ্ধে এত বছর ধরে লেগে থাকতে হতো না। আমাকে নিয়ে ইয়ানুকোভিচের তদন্ত প্রমাণ করে, নিম্নস্তর দুর্নীতিতে জড়িত থাকলেও প্রধানমন্ত্রীর পক্ষে তা থেকে দূরে থাকা সম্ভব। ‘অরেঞ্জ সরকারের’ কার্যকলাপে বীতশ্রদ্ধ জনগণের কাছে কীভাবে আপনার বার্তাটি পৌঁছে দেবেন?২০ বছর ধরে ইউক্রেনবাসীর মধ্যে ব্যক্তিকে ঘিরে ঐক্যবদ্ধ হওয়ার প্রবণতা লক্ষ করা গেছে। আমরা চাই এর বদলে সমাজ ঐক্যবদ্ধ হোক দৃঢ় মূল্যবোধকে কেন্দ্র করে। ইউক্রেনে বর্তমানে তথ্যপ্রবাহে বাধা থাকলেও দেশবাসীকে তথ্য সরবরাহ করে সংগঠিত করার জন্য আমাদের দল নতুন নতুন উপায় বের করতে কাজ করছে। কারাগারে ঢুকিয়ে এটা বন্ধ করা যাবে ভাবলে ইয়ানুকোভিচ ভুল করছেন। আপনি বলেছেন ১৯৯০-এর দশকে কারাগারে থাকার অভিজ্ঞতা আপনাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আবার জেলে ফিরে গেলে তার প্রতিক্রিয়া কেমন হতে পারে? ব্যক্তি ইউলিয়া তাইমোশেঙ্কো কোথায় যাচ্ছে সে নিয়ে আমি একদমই ভাবছি না। বরং আমি ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন। ইয়ানুকোভিচের প্রতিনিধিরা উদ্বেগের ভান করে আমাকে দেশত্যাগের প্রস্তাব দিচ্ছেন। তাঁরা বলছেন, এটা করলে আমি গ্রেপ্তার এড়াতে পারব। তাঁদের স্পষ্ট জানিয়ে দিয়েছি, আমি দেশত্যাগ করছি না এবং ভয়ে পিছু হটছি না।দীর্ঘ মেয়াদে অরেঞ্জ বিপ্লবের পরিণতি কী? আমার প্রত্যাশা অরেঞ্জ বিপ্লব, তার যত সমালোচনাই হয়ে থাকুক, ইউক্রেন ও দেশবাসীকে চিরতরে বদলে দিয়েছে। ইউক্রেন ‘নিয়ন্ত্রিত গণতন্ত্রের’ প্রতিশব্দ হয়ে দাঁড়াবে, এমনটি আমি চাই না। ইউক্রেনে স্বৈরশাসন চালু করা এতটা সহজ হবে না। ইউক্রেন ছাড়া সোভিয়েত-পরবর্তী কোনো প্রজাতন্ত্র নেই, যেখানে এক হাজার সাংবাদিক বিধিনিষেধ আরোপের বিরুদ্ধে আন্দোলন করতে পারেন। একইভাবে ইউক্রেন ছাড়া অন্য কোনো সাবেক সোভিয়েত দেশ নেই, যেখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতিবাদে রাস্তায় নামতে পারেন। আমরা ইউক্রেনীয়রা খুবই জেদি প্রকৃতির মানুষ।ভাষান্তর : দেওয়ান আবদুল খালেক