দেশ রক্ষার রোবট দৌড়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিযোগিতায় অংশ নেওয়া একটি রোবট
প্রতিযোগিতায় অংশ নেওয়া একটি রোবট

সময়টা ২০৭৫ সালের মার্চ মাস। দুর্বৃত্তদের পারমাণবিক হামলার ষড়যন্ত্র থেকে দেশ রক্ষার মিশনে ইতালি পাঠানো হলো দুজন গোয়েন্দাকে। সেখানের সুরক্ষিত এক বাংকার থেকে নিয়ে আসতে হবে ষড়যন্ত্র পরিকল্পনার গোপন নথি। কিন্তু পথে অপেক্ষা করছে নানা বিপদ। সীমিত সময়েই উদ্ধার করা যাবে কি সেই নথি?
না, কোনো গোয়েন্দা কাহিনি কিংবা চলচ্চিত্র নয়, এ রকমটাই ছিল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) রোবোমেকাট্রনিক্স অ্যাসোসিয়েশন আয়োজিত রোবট দৌড় প্রতিযোগিতা রোবোমাফিয়া-২০১৬ এর রোবটদের কাল্পনিক পটভূমি। ভাবা হয়েছে ৬০ বছর পরের বিশ্ব পরিস্থিতিকে।
৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজন করা হয় দিনব্যাপী এ প্রতিযোগিতা। এতে সাতটি বিশ্ববিদ্যালয়ের ২১টি দল অংশ নেয়। গতানুগতিক দৌড় প্রতিযোগিতার চিত্রকে পাশ কাটিয়ে দেশ রক্ষার মিশনে গোয়েন্দার ভূমিকায় প্রযুক্তি আর গতিকে সম্বল করে রোবটগুলো অংশ নেয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।
অনুষ্ঠান উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আনুষ্ঠানিকতা শেষে এক এক করে প্রতিদ্বন্দ্বিতায় নামেন রোবট প্রতিযোগীরা। প্রতিটি দলের ছিল দুটি করে রোবট। একটি দূর নিয়ন্ত্রিত আর অন্যটি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন স্বয়ংক্রিয়। রোবট দ্বয়ের সম্মিলিত প্রচেষ্টার ওপরই একটি দলের সফলতা। প্রথম রোবটটিকে দেয়ালঘেরা বাংকারে রাখা একটি ঘনক সংগ্রহ করে নির্দিষ্ট পয়েন্টে অপেক্ষা করতে হবে দ্বিতীয়টির জন্য। এরই মধ্যে স্বয়ং বুদ্ধিমত্তার ব্যবহার করে দ্বিতীয় রোবটটিকে সমাধান করতে হবে একটি গোলকধাঁধা। এরপর প্রথম রোবটটির সংগৃহীত ঘনকটি নিয়ে মানচিত্র অনুযায়ী পৌঁছাতে হবে নির্ধারিত বিমানঘাঁটিতে। পুরো কাজটাই করতে হবে পাঁচ মিনিটে। আর প্রত্যেক ভুলের জন্যই রয়েছে পয়েন্ট কর্তন। তাই প্রতিটি পদই হওয়া চাই নিখুঁত। প্রতিযোগীরাও সতর্ক।
শেষ বিকেলের আলো ফিকে হয়ে এলেই বেজে উঠে সেমিফাইনালের দামামা। সবগুলো দলকে পেছনে ফেলে ফাইনালে নিজেদের নাম লিখিয়ে নেয় শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাস্ট প্লাসপ্লাস এবং বাংলাদেশ প্রযুক্তি ও ব্যবসায় শিক্ষা বিশ্ববিদ্যালয়ের উইনরার-০৯। সবশেষে বহু প্রতীক্ষিত ফাইনালে বিজয়ী হয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পড়ে সাস্ট প্লাস প্লাস।