দেশকে দুর্নীতিমুক্ত করার শপথ নিল শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ইলিশিয়া জমিলা বেগম উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশকে দুর্নীতিমুক্ত করার শপথ নিয়েছে। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষক ও অভিভাবকেরাও। ২১ জানুয়ারি বিদ্যালয় মাঠে শপথ অনুষ্ঠানের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক)।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হোছাইন। বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কর্মসূচি ব্যবস্থাপক গীতা রানী অধিকারী, সনাকের চকরিয়া আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ মামুন কবীর, সনাকের ইয়েস গ্রুপের উপদলনেতা কামরুল ইসলাম চৌধুরী, ইয়েস সদস্য রাসেল খান, মামুনুর রশিদ, নূর মোহাম্মদ প্রমুখ। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান শিক্ষক নুরুল হোছাইন বলেন, বাংলাদেশের উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি। দুর্নীতি দেশ থেকে দূর করতে হলে তরুণ প্রজন্মকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এদিকে পরদিন ২২ জানুয়ারি ডুলাহাজারা বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরাও একইভাবে দুর্নীতিবিরোধী শপথ নেয়। সনাকের কর্মকর্তারা জানান, তরুণ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা সৃষ্টির লক্ষ্যে পর্যায়ক্রমে চকরিয়া উপজেলার সব কলেজ ও বিদ্যালয়ে এই শপথ অনুষ্ঠান পরিচালনা করা হবে।