দেশজুড়ে ইন্টারনেট উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়ের পথচলায় ইন্টারনেট আমাদের জীবনে একটি অপরিহার্য অনুষঙ্গ হয়ে উঠছে দিন দিন। আমাদের জীবনধারার সবচেয়ে বৈপ্লবিক এই সঙ্গী ‘ইন্টারনেট’ নিয়েই এবার উৎসব হচ্ছে দেশব্যাপী। দেশব্যাপী এই ইন্টারনেট উৎসবের আয়োজক মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও প্রথম আলো। সহযোগী হিসেবে আছে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের (আইসিটি বিভাগ) অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও বিশ্বব্যাপী জনপ্রিয় মোবাইল ইন্টারনেট ব্রাউজার অপেরা মিনি।গতকাল মঙ্গলবার ঢাকার নবাবগঞ্জের নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় থেকে শুরু হলো দেশব্যাপী এই ইন্টারনেট উৎসব।এক মাসের বেশি সময়জুড়ে সারা দেশে ১০১টি স্কুল ও কলেজে এই উৎসবের আয়োজন করা হবে। এর বাইরে গত ৩১ জুলাই সাভার বিশ্ববিদ্যালয় কলেজে একই শিরোনামে একটি পাইলট অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইন্টারনেট উৎসবে সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা মেতে থাকবে ইন্টারনেটের আনন্দে। যে শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবের আয়োজন হবে, ওই প্রতিষ্ঠান ছাড়াও আশপাশের বিভিন্ন স্কুল-কলেজ থেকে শিক্ষার্থীরা অংশ নেবে ইন্টারনেট উৎসবে। শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি উৎসবে থাকবে প্রশিক্ষণ ও ইন্টারনেটের মাধ্যমে মজার অভিজ্ঞতা নেওয়ার সুযোগ। সেই সঙ্গে গ্রামীণফোনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য থাকবে বিনা মূল্যে ও বিশেষ মূল্যে ইন্টারনেটের বিভিন্ন প্যাকেজের সুবিধা। ইন্টারনেট উৎসবে স্থানীয় অনুষ্ঠান ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা। এ ছাড়া বন্ধুসভা থেকে কেন্দ্রীয়ভাবে ছয়টি দল গাড়ি নিয়ে সারা দেশের অনুষ্ঠানগুলোতে উপস্থিত হবে। গেমিং জোন, এক্সপেরিয়েন্স জোন, গ্রামীণফোনের ইন্টারনেট পণ্য ও সেবার জোনের পাশাপাশি প্রথম আলো ও প্রথম আলো বন্ধুসভার স্টল থাকবে।আই-জিনিয়াস প্রতিযোগিতা: ইন্টারনেট উৎসবের সবচেয়ে আকর্ষণীয় অংশ আই-জিনিয়াস প্রতিযোগিতা। শিক্ষার্থীদের ওয়েব ব্রাউজিং দক্ষতার ভিত্তিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে প্রতিটি উৎসবে। প্রতি অনুষ্ঠানে ১০০ জন শিক্ষার্থী অংশ নেবে এই প্রতিযোগিতায়। সারা দেশে মোট ১০ হাজার ১০০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় সরাসরি অংশ নেবে। প্রতি অনুষ্ঠানে একজন করে আই-জিনিয়াস নির্বাচিত হবে। পরবর্তী সময়ে এই ১০১ জন আই-জিনিয়াসকে নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা হবে। সেরা শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার দেওয়া হবে।দুভাবে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে:ক. প্রাথমিক নিবন্ধন: অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এই প্রাথমিক নিবন্ধন ফরমটি সংগ্রহ করে সরাসরি অনুষ্ঠানে যোগ দিতে পারবে। বেশির ভাগ প্রতিযোগী নির্বাচন করা হবে প্রাথমিক নিবন্ধনের মাধ্যমে।খ. অন স্পট এন্ট্রি: উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন করা হবে। সবার আগে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকেও কিছু শিক্ষার্থীকে নির্বাচিত করা হবে আই-জিনিয়াস প্রতিযোগিতার জন্য।আগ্রহী শিক্ষার্থীদের নিজের এলাকার ইন্টারনেট উৎসবের সময়সূচি ও বিস্তারিত তথ্যের জন্য বুধবারের ‘স্বপ্ন নিয়ে’সহ প্রতিদিনের প্রথম আলোয় চোখ রাখার জন্য বলা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।