দেশটা গড়তে হলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাখালীর কড়াইল বস্তি। পথে হাঁটতে হাঁটতেই সঙ্গী হলো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এখানেই একটা স্কুলের মধ্যে পাওয়া গেল বেশ কিছু তরুণ শিক্ষার্থী, যাঁরা সবাই শিশুদের ছবি আঁকার তদারক করছেন। কাছে যেতেই এগিয়ে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুকিত ও কেয়া। সঙ্গে আরও আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফাহমিদা ও রাব্বী, আহ্ছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের সারাহ, তেজগাঁও কলেজের সাব্বির। তাঁরা সবাই বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) মাধ্যমে প্রশিক্ষণ নিচ্ছেন দেশ গড়ায় নেতৃত্ব দিতে। মুকিত বলেন, ‘দেশের উন্নতির জন্য, দেশের জন্য ভালোবেসে কাজ করতে চাই।’ রাব্বী অনেকটা বিজ্ঞের মতো এগিয়ে এসে বলেন, ‘সত্যি বলতে কি, নেতা সবাই হয় না। কয়েকজন নেতা দিয়েই বদলে দেওয়া যায় পুরো সমাজ। এ কারণেই বিওয়াইএলসি।’বিওয়াইএলসি কাজ করছে নেতা তৈরির মাধ্যমে সমাজকে বদলে দিতে। আর এতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিশ্ব ব্যাংক। দেশের বাংলা, ইংরেজি ও মাদ্রাসা—এই তিন শিক্ষাব্যবস্থার বিভিন্ন প্রতিষ্ঠানের ৪২ জন শিক্ষার্থীকে নিয়ে বিওয়াইএলসি আয়োজন করে চার মাসের এ প্রশিক্ষণের। এখানে প্রথম এক মাস লিডারশিপ কী, তা বোঝানো হয় এবং এরপর তাঁদের ছয়জন করে একটি দলে ভাগ করে পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন বস্তিতে। এখানে তাঁরা কাজ করেন সমাজের নানা বিষয় নিয়ে। সামিনা ও মুনতাসীরের নেতৃত্বে কড়াইলের এ বস্তিতে এসেছে দুটি দল। ‘স্বপ্ন’ ও ‘জয়যাত্রা’ নামের এ দুই দলে শিক্ষার্থী মোট ১৪ জন।বস্তিতে কাজ করা প্রসঙ্গে সারাহ ও ফাহমিদার এক কথা, ‘ভালো কাজে এত আনন্দ, আগে বুঝিনি। এত কষ্টে এরা বেড়ে ওঠে, এখানে এসে কাজ না করলে হয়তো জানাই হতো না।’স্বপ্ন দলের কাজ শেষ হতেই নিজেদের কাজ শুরু করে জয়যাত্রা দল। তারিন, রওশন আরা ও সাইফুল তথ্য অধিকার আইন সম্পর্কে ধারণা দিয়েছেন বস্তিবাসীদের।শেষ হলো বিবিএলটি-৬ ব্যাচের প্রশিক্ষণ। সামনে আবার আসবে নতুন দল। আর এভাবেই হয়তো একদিন বদলে যাবে বাংলাদেশ—এ বিশ্বাস দলনেতা মুনতাসীরের।