দেশপ্রেম ছিল প্রীতিলতার অস্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস্টারদা সূর্য সেন ও প্রীতিলতার মতো বিপ্লবীরা ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে আন্দোলন করে তাদের না তাড়ালে এ দেশ কখনো স্বাধীন হতো না। তবে তাঁদের লড়াইয়ের প্রধান অস্ত্র ছিল দেশপ্রেমের চেতনা।
৫ মে পটিয়ার ধলঘাটে ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী বীরকন্যা প্রীতিতলা ওয়াদ্দাদারের ১০৩তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
ধলঘাটের বীরকন্যা প্রীতিলতা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতি ছিলেন ট্রাস্টের সভাপতি পঙ্কজ চক্রবর্তী। অনুষ্ঠান পরিচালনা করেন প্রবোধ রায়। সভায় অতিথি ছিলেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী, চট্টগ্রামের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ওয়াসিকা আয়শা খান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রণজিৎ বিশ্বাস, চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকেয়া পারভীন প্রমুখ।
সভায় সংস্কৃতিমন্ত্রী পাঁচ কোটি টাকা ব্যয়ে প্রীতিলতা সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের আশ্বাস দেন। এরপর ‘বীরকন্যা প্রীতিলতা’ বইয়ের তৃতীয় সংস্করণের মোড়ক উম্মোচন করেন অতিথিরা। শেষে ট্রাস্টের পক্ষ থেকে মন্ত্রী আসাদুজ্জামান নূর ও নোয়াখালী গান্ধী আশ্রমের সম্পাদক ঝর্ণাধারাকে ‘প্রীতিলতা স্মারক’ প্রদান করা হয়।