ত্রিভুজাকৃতির বাক্স। দেখতে অনেকটা তাঁবুর মতো। দুই পাশে বিভিন্ন ধরনের চিত্রকর্ম। নিচের দিকে চাপ দিলে আরেকটা বাক্স বের হয়। বাক্সের মধ্যে কাঠি ভর্তি। ম্যাচ বা দেশলাইয়ের কাঠি। ঠিক পাশেই কাঠি জ্বালানোর জন্য বারুদ। এই দেশলাই বাক্সের নাম টেন্ট ম্যাচ। আকর্ষণীয় এই বাক্সটির জন্মস্থান যুগোস্লাভিয়া।এ তো গেল একটি দেশলাই বাক্সের বর্ণনা। এ রকম বিচিত্র ধরনের হাজারো দেশলাই বাক্স আছে সাকিল হকের কাছে। দেখলে চমকে যেতে হয়। বিস্ময় জাগে। ম্যাচ নিয়ে এত মাতামাতি! ভ্যানগঘের দেশলাইয়ের কথাই ধরুন। ভ্যানগঘের আঁকা বিখ্যাত সব চিত্রকর্ম ঠাঁই পেয়েছে ম্যাচ বাক্সের দুই পাশে। জার্মানির তৈরি এই দেশলাই দেখে তাজ্জব না হয়ে উপায় কী? আর্জেন্টিনার তৈরি করা ম্যাচ বাক্সের এক পাশে চিত্রকর্ম অপর পাশে রয়েছে খাবারের রেসিপি। এসব ম্যাচ ব্যবহূত হয় ঘরে ব্যবহারের কাজে। এ রকম বিভিন্ন কাজের উপযোগী করে নানান দেশে বিভিন্ন ধরনের ম্যাচ বাক্স তৈরি করা হয়, যার বেশ কিছু নমুনা সংগ্রহ করেছেন সাকিল হক। আছে চামড়ার তৈরি ম্যাচ বাক্স। টিনের ম্যাচ বাক্স। রয়েছে স্কেলের মতো লম্বা বুক ম্যাচ বাক্সও। চমক লাগে সিরামিক ও চার ড্রয়ারের ম্যাচ বাক্স দেখে। দেশলাইও উপহারসামগ্রী হতে পারে, সেটা জানা গেল সাকিল হকের সংগ্রহশালা দেখে। সুদৃশ্য প্যাকেটে মোড়ানো ম্যাচ বাক্স, যা উপহার হিসেবে পেলে মন্দ লাগবে না কারোই। আর সবচেয়ে ছোট ম্যাচ বাক্স দেখে বিস্ময় জাগে। মেরিলিন মনরোর ছবি দিয়ে তৈরি করা ম্যাচ বাক্স নজর কাড়ে সহজেই। এ রকম বিভিন্ন শিল্পীর ছবি-সংবলিত ম্যাচ বাক্সের পাশাপাশি রয়েছে সিরিজ ম্যাচ বাক্স। সাকিল হকের সংগ্রহে এমন ম্যাচও আছে যে কোম্পানিই এখন আর নেই। সাকিল হক জানান, তাঁর সংগ্রহে শতাধিক দেশের প্রায় ১৩ হাজার ম্যাচ বাক্স রয়েছে। কথা বলতে বলতে তিনি একেকটি বড় বড় প্যাকেট খোলেন। তার মধ্য থেকে বের করে আনেন আমাদের দেশের বিভিন্ন শার্ট ও শাড়ির বাক্স। আমরা দ্বিধায় পড়ে যাই। শাড়ি কিংবা শার্ট দেখতে আমরা আসিনি। দ্বিধা কাটে খানিক পরেই। একেকটা শাড়ি ও শার্টের বাক্সে বিভিন্ন দেশের নাম লেখা। সেগুলো খুলতেই চোখে ঘোর লাগে। এত এত ম্যাচ বাক্স। কোনটা রেখে কোনটার বর্ণনা শুনব। কোনটার ছবি তুলব। একেকটা ম্যাচ বাক্স একেকটা দেশ, একেকটা গল্প হয়ে আমাদের সামনে দাঁড়ায়। সাকিল হক বর্ণনা করেন। পৃথিবীতে এত কিছু থাকতে ম্যাচ বাক্স সংগ্রহের কারণ কী? সবার মতো প্রশ্ন জাগে আমাদেরও। সাকিল হক বলেন, ‘ছোটবেলায় বাবাকে দেখতাম বিভিন্ন কিছু জমাতে। বলা যায়, উত্তরাধিকার সূত্রেই আমার মধ্যে শখটা চলে এসেছে। ছোটবেলায় কিছু জমিয়েছিলাম। কিন্তু একসময় সেগুলো হারিয়ে ফেলি। পরে ২০১০ সাল থেকে আবার শুরু করি। তার পর থেকেই বাড়তে থাকে আমার সংগ্রহশালা। এত অল্প সময়ে এত ম্যাচ বাক্স জমানোর রহস্য কী? সাকিল হক বলেন, ‘সংগ্রহ শুরু করার পর দেশে এবং বিভিন্ন বন্ধুর কাছ থেকে সহযোগিতা পেয়েছি। তারা আমাদের দেশের ম্যাচ বাক্সের বিনিময়ে তাদের দেশেরটা পাঠিয়েছে। এমনও হয়েছে, একই দিনে তিন দেশ থেকে প্রায় দেড় হাজার ম্যাচ বাক্স পেয়েছি। একবার ভারতে বেড়াতে গিয়ে রাস্তা থেকেই ২৫১টা ম্যাচ বাক্স কুড়িয়েছিলাম।’ তিনি বলেন, ‘আমাদের দেশে ম্যাচ বাক্সের ঐতিহ্য নেই বললেই চলে। আমি নিজে অসংখ্য কোম্পানির কাছে গিয়েছি। আইডিয়া দিয়েছি। কিন্তু তারা গতানুগতিক ম্যাচ বাক্সের বাইরে আর কিছু করতে চায় না।’ বাংলাদেশি ম্যাচ বাক্সের মধ্যে ঘোড়া, কবুতর, সিংহসহ বিভিন্ন ধরনের ম্যাচ বাক্স রয়েছে তাঁর কাছে। এর মধ্যে বিভিন্ন অঞ্চলের বহু পুরোনো ম্যাচ বাক্স দেখা মেলে তাঁর সংগ্রহশালায়। ব্যক্তিগত জীবনে সাকিল হক একজন চিত্রশিল্পী। পড়াশোনা করেছেন চট্টগ্রাম আর্ট কলেজে। প্রবাসজীবন কাটিয়েছেন প্রায় ১০ বছর। দুই সন্তানের জনক তিনি। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। সাকিল হক এবং তাঁর সংগ্রহশালা সম্পর্কে আরও জানা যাবে matchboxmuseum.blogspot.com এই ওয়েব ঠিকানায় গেলে।