দেশসেরা দুই বন্ধু

চাঁদনী
পাবনা বন্ধুসভার উপসাংগঠনিক সম্পাদক শেখ তোজা ফাহমিদা চাঁদনী। সাংগঠনিক দক্ষতা, লেখাপড়া, সংগীত—সব ক্ষেত্রেই সমান মেধাবী তিনি। যেন আমাদের আঙিনায় চাঁদের মতো এক ঝলমলে উজ্জ্বল নক্ষত্র।
সাফল্য চাঁদনীর পথ চলার সঙ্গী। শিক্ষা, সংগীত সব ক্ষেত্রেই দক্ষতার পরিচয় দিচ্ছেন। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহে সারা দেশের মধ্যে রবীন্দ্রসংগীতে প্রথম হয়েছেন তিনি।
গত ২৮ মে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে চাঁদনীর হাতে সেরা শিল্পীর সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সেরা শিল্পীর সম্মাননা পেয়ে চাঁদনী বলেন, সংগীত দিয়ে তিনি মানুষের মন জয় করতে চান। এই স্বীকৃতি তাঁর পথচলাকে আরও গতিময় করবে।
২০১১ সালে প্রথমবার তিনি জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ আয়োজিত রবীন্দ্রসংগীত প্রতিযোগিতায় দ্বিতীয় মান, ২০১৩ সালে তৃতীয় মান ও সর্বশেষ চলতি বছর আবার দ্বিতীয় মান অর্জন করেন।
পাবনা বন্ধুসভা

তৌকির
তৌকির আহম্মেদ (১৭)। রাজবাড়ীর গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র। তৌকির প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার মানবসম্পদ বিভাগের সম্পাদক। গত ২৮ মে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘লোকসংগীত’ বিভাগে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি পেয়েছে তৌকির। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হাত থেকে সে পুরস্কার গ্রহণ করে।
২০১১ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশাত্মবোধক গানে সেরা পুরস্কার অর্জন করে। ২০১২ সালে জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক ও লোকসংগীতে প্রথম স্থান অধিকার করে। ২০১৩ সালে এ দুটো বিভাগে সেরাটা ধরে রাখে সে। ২০১৪ সালে লোকসংগীত ও দেশাত্মবোধক বিভাগে প্রথম এবং নজরুলসংগীতে দ্বিতীয় হওয়ায় ‘খ’ বিভাগে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। তৌকিরের ঘরে এখন ১১টি গোল্ড মেডেলসহ অন্তত ডজন দুই ট্রফি ও ক্রেস্ট।
গোয়ালন্দ বন্ধুসভা