দেশাত্মবোধের আবেগে ভাসালেন মিতা ও ফাতেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন বললেন দেশের বুকে কান পেতে হাহাকার শুনতে। আরেকজন বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানালেন। দেশের দুই বরেণ্য সংগীতশিল্পী মিতা হক ও ফাতেমা-তুজ-জোহরা কথামালার পাশাপাশি দর্শকদের শোনালেন রবীন্দ্র-নজরুলের গান। ৫ জুলাই নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে সমাজ-সংস্কৃতি বিষয়ক সংগঠন আমরা করবো জয়ের উদ্যোগে আয়োজিত ‘রবীন্দ্র-নজরুল বন্দনা’ অনুষ্ঠানে এভাবেই তাঁরা দর্শকদের দেশাত্মবোধের আবেগে ভাসালেন।বিশ্ব সংগীত দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা সাড়ে সাতটায়। অনুষ্ঠানে শিল্পী বেলা ইসলাম, ফাতেমা-তুজ-জোহরা, মিতা হক ও নিজাম উদ্দিন মাহমুদ হোসেনকে ‘শহীদ আইভি রহমান সম্মানা স্মারক’ দেওয়া হয়। শিল্পীদের পাশাপাশি সংগীতে অবদান রাখার জন্য সংবর্ধনা জানানো হয় সংগীত ভবন ও বেঙ্গল ফাউন্ডেশনকে।শৈশব সংগঠনের শিশুদের বৃন্দ আবৃত্তি ও সংগীত ভবনের শিল্পীদের সমাবেত সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর শুরু আলোচনা পর্ব। আমরা করবো জয়ের ব্যবস্থাপনা পরিচালক শওকত বাঙালির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি সচিব রণজিৎ বিশ্বাস। অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা অধ্যাপক মুহম্মদ শহীদুল্লাহ, দৈনিক পূর্বকোণ-এর সাহিত্য সম্পাদক এজাজ ইউসুফী, সংগীত ভবনের অধ্যক্ষ কাবেরী সেন গুপ্তা। বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ থেকে মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরীর পাঠানো কৃতজ্ঞতাপত্র পাঠ করেন আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী।সংবর্ধনা নিতে এসে মিতা হক বলেন, ‘দেশের মানুষের মধ্যে দেশপ্রেম জাগ্রত না করতে পারলে মানুষের বাসযোগ্য সমাজ গড়ে তোলা যাবে না।’ আলোচনার পর তিনি গেয়ে শোনান, ‘ও আমার দেশের মাটি’, ‘আমায় বলো না, গাহিতে বলো না।’ফাতেমা-তুজ-জোহরা বলেন, ‘নারীদের প্রতি সম্মানের মনোভাব গড়ে না উঠলে দেশ এগিয়ে যাবে না। এ দেশের জাতীয় কবি নজরুল ইসলাম অসাম্প্রদায়িক চেতানায় উদ্বুদ্ধ ছিলেন। বাংলাদেশকে সেই চেতনায় গড়ে তুলতে হবে।’ কথামালার পর তিনি গেয়ে শোনান, ‘আমি পুরব দেশের পুর নারী’, ‘গানের ধুম লেগেছে’, ‘গভীর নিশীথে ঘুম ভেঙে’ ও ‘মোর প্রিয়া হবে এসো রানি’। অনুষ্ঠানে মান্না দের গাওয়া তিনিটি গান পরিবেশন করেন গোলাম সরওয়ার। নাচ পরিবেশন করেন সুদিপ্তা শীল।