দেশালের পাঁচ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিন্ন আঙ্গিকের নকশা করে নিজেদের পোশাক নিজেরাই তৈরি করতেন তাঁরা। ধরে ধীরে পোশাকের দোকান খোলার কথা চিন্তা করেন। অবশেষে শাহবাগের আজিজ সুপার মার্কেটে যাত্রা শুরু হয় দেশালের। এর উদ্যোক্তারা হলেন কনক আদিত্য, ইসরাত জাহান ও সবুজ সিদ্দিকী। ১০ এপ্রিল হয়ে গেল দেশালের পাঁচ বছর পূর্তি অনুষ্ঠান। বসুন্ধরা সিটির শপিং মলের দেশী দশ চত্বরে দেশালের তিন অংশীদার ছাড়াও দেশীদশের অন্যান্য স্বত্বাধিকারীরা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। দেশালের অংশীদার ডিজাইনার কনক আদিত্য বলেন, ‘সবার ভালোবাসা ও সহযোগিতা আমাদের পথচলাকে গতিশীল করেছে। একটি থেকে ঢাকার বিভিন্ন স্থানে ছয়টি শোরুম এখন দেশালের।’ ক্রেতা-দর্শকদের অনুরোধে লালন সাঁইয়ের ‘যা করার তাই করো রে মন পিছের কথা রেখো স্মরণ বরাবরই’ গানটি গেয়ে শোনান তিনি। এরপর দেশী দশের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় দেশালকে। মানিকগঞ্জের দশরথ চন্দ্রমনি দাসের ঢোলের বাজনা আর মুড়ি, মুড়কি, বাতাসা খাওয়া—পুরো জায়গাটিতেই বৈশাখী আমেজ এনে দেয়। দেশী দশের পক্ষে কে-ক্র্যাফটের খালেদ মাহমুদ খান শুভেচ্ছা বক্তব্য দেন। সবশেষে শুরু হয় অনুষ্ঠানের মূল আকর্ষণ পালাগান। কিশোরগঞ্জের ইসলাম উদ্দিন পালাকারের মনোমুগ্ধকর পরিবেশনা সবাইকে মাতিয়ে তোলে ভিন্ন আনন্দে। তৌহিদা শিরোপা