দেশি অলিম্পিক
অলিম্পিকের ইভেন্টগুলোকে সম্পূর্ণ দেশীয় কায়দায় রূপ দিয়ে যদি একটা দেশি অলিম্পিকের আয়োজন করা যেত, তাহলে কেমন হতে পারত বৈচিত্র্যময় সেই সব ইভেন্ট? ভেবে ভেবে নিজের মূল্যবান সময় নষ্ট করেছেন নাসিফ চৌধুরীইভেন্ট: দৌড় (১০০ মিটার)১০০ মিটার ‘মন্ত্রী’দৌড় (পলিটিক্যাল একক ইভেন্ট—ভিআইপি)ভেন্যু: যেকোনো উন্মুক্ত স্থান মন্ত্রিত্বের আশায় যেসব রাজনৈতিক নেতা নিজ দলীয় প্রধানের আশপাশে ঘুরঘুর করেন, তাঁদের নিয়ে আয়োজন করা হবে ১০০ মিটার ‘মন্ত্রী’দৌড়। দৌড়ে অংশগ্রহণকারীরা দাঁত কেলিয়ে হাসতে হাসতে এক লাইনে দাঁড়াবেন। বিচারক হিসেবে থাকবেন দলীয় প্রধান। ওনার নির্দেশ পাওয়ামাত্র দৌড় শুরু হবে। সবার আগে যিনি গন্তব্যে পৌঁছাবেন, তিনি বিজয়ী হবেন। পদক হিসেবে থাকছে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী পদের ছাপ দেওয়া মেডেল।ইভেন্ট: সাঁতাররাজনৈতিক সেতু সাঁতার (পলিটিক্যাল ভিআইপি ইভেন্ট)ভেন্যু: প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতুর নিচেনদী পার হতে কি সেতু লাগে? আগের যুগে কি সেতু ছিল? সেতু ছাড়াও যে নদী পার হওয়া যায়, সেই ধারণা প্রতিষ্ঠিত করতেই সরকারি দলের পক্ষ থেকেই এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন। এটি দেশের ভিআইপি সাঁতারুদের ইভেন্ট, তাই সাঁতারুরা ইচ্ছা করলে নদীর পাড়ে প্রস্তুত রাখা স্পিডবোট ব্যবহার করতে পারেন। যিনি স্পিডবোটের মাধ্যমে সাঁতার কেটে সবার আগে নদী পাড়ি দেবেন, তিনিই এই প্রতিযোগিতার বিজয়ী।ইভেন্ট: সাঁতারফ্রি-স্টাইল মহানগর রোড সাঁতার (আমজনতা ইভেন্ট)ভেন্যু: দেশের যেকোনো মহানগরের সড়কপথ কবি বলেছেন, ‘মেঘ দেখে কেউ করিসনে ভয়’। আকাশে মেঘ দেখে ভয় পেলে চলবে না। উল্টো আকাশে মেঘের ঘনঘটা দেখামাত্র মহানগরের বাসিন্দাদের ফ্রি-স্টাইল মহানগর রোড সাঁতারের জন্য প্রস্তুতি নিতে হবে। বৃষ্টি শুরু হওয়ার পাঁচ মিনিটের মাথায় যখন রাস্তায় কোমরপানি হয়ে যাবে, তখনই সুযোগটা কাজে লাগিয়ে পানিতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটা শুরু করতে হবে। রাস্তায় থাকা প্রত্যেক পথচারীকে বাধ্যতামূলকভাবে এই ইভেন্টে অংশ নিতে হবে।ইভেন্ট: দৌড় (২০০ মিটার)২০০ মিটার ‘নির্যাতিত’ নেতা-কর্মীদের দৌড় (পলিটিক্যাল দলগত ইভেন্ট)ভেন্যু: যেকোনো উন্মুক্ত স্থানহরতালসহ যেকোনো ধরনের আন্দোলন-সংগ্রামে বিরোধী দলের ‘নির্যাতিত’ নেতা-কর্মীদের নিয়ে থাকছে এই দৌড়ের আয়োজন। নেতা-কর্মীরা প্রথমে কঠোর কর্মসূচির নামে হম্বিতম্বি মার্কা মিছিল অথবা সমাবেশ আকারে এক স্থানে সমবেত হবেন। এরপর পুলিশের বাঁশি আর লাঠিপেটা শুরু হওয়ামাত্র দলগতভাবে দৌড় শুরু করতে হবে। প্রথম পুরস্কার হিসেবে থাকছে রক্তাক্ত অবস্থায় পত্রিকায় ছবি, দ্বিতীয় স্থান অধিকারীর জন্য ব্যথানাশক ওষুধ আর তৃতীয় স্থানের জন্য থাকছে পত্রিকার পাতায় দৌড়ের গ্রুপ ছবি।ইভেন্ট: শ্যুটিং৫০ মিটার রাজনৈতিক শ্যুটিং (পুরুষ-দলীয় ইভেন্ট)ভেন্যু: সংসদ প্রাঙ্গণরাজনৈতিক নেতাদের বক্তব্য শুনলে মনে হয়, এক দলের নেতারা বিপক্ষ দলের নেতাদের গুলি করতে পারলে খুব প্রশান্তি লাভ করতেন। শুধু তাঁদের কথা চিন্তা করেই এই ইভেন্ট। এতে সরকারি দল আর বিরোধী দলের নেতাদের ৫০ মিটার দূরত্ব রেখে একে অপরের দিকে পিস্তল তাক করে দাঁড়াবেন। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক রেফারির অধীনে ইভেন্ট পরিচালনা করা হবে। খেলা শুরুর বাঁশি বাজামাত্র ফ্রি-স্টাইল গুলি শুরু করতে হবে। যে দল কম সময়ে প্রতিপক্ষকে বেশি ঘায়েল করতে পারবে, সেই দল জয়ী হবে।ফ্রি-স্টাইল ক্রসফায়ার শ্যুটিং (দলীয় ইভেন্ট)ভেন্যু: দেশের যেকোনো নির্জন স্থান (সময়: গভীর রাত)নামে ক্রসফায়ার হলেও ইভেন্টে শ্যুটিং হবে সোজাসুজি। প্রতিযোগিতার নিয়মকানুন খুবই সোজা। শ্যুটিংয়ের লক্ষ্যবস্তু হিসেবে কোনো মানুষের হাত, পা, চোখ, মুখ—সব বেঁধে দিয়ে দৌড় দিয়ে পালাতে বলা হবে। এরপর কাছ থেকে গুলি করা হবে। এরপর দাবি করতে হবে, ইচ্ছে করে গুলি করা হয়নি। লক্ষ্যবস্তু পালিয়ে যাওয়ার সময় বাধ্য হয়ে গুলি করতে হয়েছে। যার দাবি সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য হবে, তিনিই জয়লাভ করবেন।ইভেন্ট: জিমন্যাস্টিকজিমন্যাস্টিক (একক)ভেন্যু: ঢাকা শহরের যেকোনো চলন্ত বাসঢাকা শহরের সাধারণ নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই ইভেন্ট। এতে প্রতিযোগীদের বিভিন্ন কায়দায় বাসে শুয়ে, বসে, এক পায়ে দাঁড়িয়ে থেকে, বাসের দরজা-জানালাসহ যেকোনো অংশ ধরে ঝুলে থেকে নিজ নিজ শারীরিক কৌশলের প্রদর্শনী দেখাতে হবে। যিনি সবচেয়ে সুন্দরভাবে বাসে ঝুলে ঝুলে গন্তব্যে পৌঁছাতে পারবেন, তিনিই হবেন এই ইভেন্টে বিজয়ী।ইভেন্ট: গোলক নিক্ষেপ গোলক নিক্ষেপ (দলগত ইভেন্ট)ভেন্যু: রাজপথবিরোধীদলীয় সংগ্রামী নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত এই ইভেন্টের নাম গোলক নিক্ষেপ হলেও আসলে ছুড়ে মারতে হবে ইট কিংবা পাথর। লক্ষ্যবস্তু অবশ্যই বাস অথবা প্রাইভেট কারের কাচ। যিনি সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি কাচ ভাঙতে পারবেন, তিনিই হবেন প্রতিযোগিতার বিজয়ী।ইভেন্ট: আবুল বক্সিংআবুল বক্সিং (একক)ভেন্যু: যে কোনো জায়গায়সাধারণ বক্সিং প্রতিযোগিতায় দুজনের লড়াই হলেও এটি একটু ভিন্ন। এ ধরনের বক্সিংয়ে একজন ঘুষি দিয়ে যাবে, আর প্রতিযোগীর মূল কাজ ঘুষি খেয়ে দাঁত বের করে হাসিমুখে দাঁড়িয়ে থাকা। যিনি সবচেয়ে বেশি সময় ঘুষি খেয়ে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে পারবেন, তিনি হবেন প্রতিযোগিতার বিজয়ী। তাঁর জন্য থাকবে বিশিষ্ট দেশপ্রেমিক পদক।ইভেন্ট: ভারোত্তোলনভারোত্তোলন (একক)ভেন্যু: বাস-ট্রেন স্টেশন ও লঞ্চঘাটঈদের সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাস-ট্রেন কিংবা লঞ্চগুলো দেখেছেন? কীভাবে নিজের ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি যাত্রী নিয়ে কত অনায়াসে চলাচল করে? সেই বিষয়টিকেই এখানে প্রতিযোগিতার ভেতরে নিয়ে আসা হয়েছে। ধারণক্ষমতার চেয়ে কোন পরিবহন কত বেশি ‘ভার’ বহন করে চলাচল করতে পারে, সেটি নিয়েই আয়োজন করা যায় ‘ভারোত্তোলন’ ইভেন্ট।