দেশি ঐতিহ্যে সাজছে মণ্ডপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দরকিল্লা রাজাপুর লেন পূজামণ্ডপ সাজিয়ে তুলছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছাত্র জিহান করিম। সঙ্গে আছেন চার বন্ধু। মণ্ডপসজ্জায় তাঁরা প্রাধান্য দিচ্ছেন দেশি ঐতিহ্য। রূপসজ্জায় রাঙিয়ে তুলছেন গ্রামীণ পরিবেশ। ‘মূলত প্রতিমার সঙ্গে মিল রেখে আমরা মঞ্চ পরিকল্পনা করে থাকি। এ ক্ষেত্রে পূজা কমিটির পছন্দ-অপছন্দ বড় ব্যাপার। এখানে পুরো ব্যাপারটা যতটা শৈল্পিক তার চেয়ে বেশি বাণিজ্যিক।’ এবার দেশি ঐতিহ্যের ছোঁয়া লেগেছে পূজামণ্ডপে। কোনো মঞ্চ তৈরি হচ্ছে কান্তজীর মন্দিরের আদলে। থাকছে টেরাকোটার কাজ আর দেয়ালচিত্র। গত কয়েক বছরে মিসরের পিরামিড কিংবা মোগল স্থাপনার ঐতিহ্যও উঠে এসেছিল পূজামণ্ডপে। অবশ্য সমসাময়িক ঘটনাবলির চিত্র নিয়েও সাজছে মণ্ডপগুলো। মঞ্চজুড়ে নানা প্রতিমা, ছবি আর আলোর ঝলকানিতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী চিন্তার প্রতিফলন ঘটানো হয়েছে।এক মাস ধরে জামাল খান কুসুমকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ে হাজারী লেন পূজামণ্ডপের কাজ করছেন শিল্পী সুকান্ত দে। শারদীয় দুর্গোৎসব সামনে রেখে সহকারীদের নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এখন। নানা নকশা আর ঐতিহ্যের মিশেলে তাঁরা নিপুণ হাতে গড়ে তুলছেন নান্দনিক শিল্পসৌধ। সুকান্ত দে জানান, ‘জামাল খান পূজামণ্ডপে নির্দিষ্ট কোনো থিম নিয়ে কাজ না করলেও হাজারী লেনে কলকাতার পুরস্কারপ্রাপ্ত একটি মণ্ডপের আদলে মঞ্চ গড়ছেন।’ তিনি বলেন, ‘সাধারণত আয়োজকদের পছন্দ অনুযায়ী মঞ্চই আমরা তৈরি করি। নিজস্ব চিন্তার ব্যবহার খুব একটা করা যায় না।’ ঘাটফরহাদবেগ পূজামণ্ডপে এবার মঞ্চ তৈরি হচ্ছে কান্তজীর মন্দিরের আদলে। থাকছে টেরাকোটার কাজ আর বিশাল দেয়ালচিত্র। পূজা কমিটির সদস্য মৃন্ময় বিশ্বাস বলেন, ‘প্রতিবারই আমরা নতুন কিছু করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় এবার কান্তজীর মন্দিরের আদলে মঞ্চসজ্জা করা হয়েছে।’ অন্যদিকে ধর্মীয় ঐতিহ্যের সম্মিলন ঘটেছে পাথরঘাটা পাঁচবাড়ি পূজামণ্ডপে। শিল্পী উত্তম পালের পরিকল্পনায় শিবের দক্ষযজ্ঞের কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে মঞ্চজুড়ে।