দেশি কাপড়ে আধুনিকতার ছোঁয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশি কাপড়ের প্রতি গত কয়েক বছরে ক্রেতাদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। স্থানীয় ফ্যাশন হাউস ও বুটিক হাউসগুলো সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পোশাকে এনেছে আধুনিকতার ছোঁয়া। দেশি তাঁতের কাপড়ের জনপ্রিয়তার পেছনেও বুটিক হাউসগুলোর বড় অবদান আছে। চট্টগ্রামের ঈদ বাজারেও ক্রেতাদের একটা অংশ ছুটছে বুটিক হাউসগুলোর শোরুমে।স্থানীয় বুটিক হাউসগুলোর ঈদপোশাকে এবার অনেক বেশি বৈচিত্র্য দেখা গেছে। কাপড়ের বুনন ও নকশায় ভিন্নতা আনতে চেয়েছে সবাই। তাই বুটিক হাউসগুলোর ঈদপোশাক বাজারচলতি পোশাকের চেয়ে আলাদা করেই চোখে পড়ছে। মেহেদবাগে অবস্থিত রমনীয়া বুটিকসের স্বত্বাধিকারী ফারুক ই আজম জানান, তাঁরা প্রধানত পাঞ্জাবি নিয়ে বেশি কাজ করেন। বর্ষাকালের কারণে এবার পোশাকে গাঢ় রং প্রাধান্য পেয়েছে। নিজেদের নকশা অনুযায়ী তাঁতিদের কাছ থেকে পাঞ্জাবির কাপড় তৈরি করে এনেছেন তাঁরা। সুতা, ব্লক ও বিভিন্ন মাধ্যমে কাজ করা পাঞ্জাবির দাম পড়বে ৫০০ থেকে তিন হাজার টাকা। সুতি, হাফ সিল্ক, অ্যান্ডির শাড়িতে সুতার কাজ, অ্যাপ্লিক ও বিভিন্ন মাধ্যমের সমন্বয়ে কাজ করা শাড়ি পড়বে ৮০০ থেকে তিন হাজার ৭০০ টাকা পর্যন্ত। ক্যাজুয়াল শার্টের দাম পড়বে ৪০০ থেকে ৬০০ টাকা। ফতুয়া সাড়ে ৪০০ থেকে সাড়ে ৮০০ টাকা। বাচ্চাদের পোশাকের মধ্যে ফ্রক ৩০০ থেকে এক হাজার টাকার মধ্যে পাওয়া যাবে। রমনীয়াতে কেনাকাটা করতে আসা মিতা আজহার নামের একজন ক্রেতার সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আমি পাঞ্জাবি কিনতে এসেছি। নগরের পুরোনো বুটিকস হিসেবে রমনীয়ার ওপর নির্ভর করি। সবচেয়ে বড় কথা, এখানকার পোশাক আমার পছন্দের সঙ্গে যায়। রুচিসম্মত কাপড় পাই, সময়ও বাঁচে।’ রমনীয়ার ঠিকানা: রমনীয়া, ৮৬৮ মেহেদীবাগ সড়ক।নতুন বুটিকস হিসেবে হুনাইজা সিগনেচার কালেকশনের পোশাকের সম্ভার বেশ আকর্ষণীয়। পাওয়া যাচ্ছে মেয়েদের নানা ডিজাইনের সালোয়ার-কামিজ। এখানে অর্ডার নিয়ে ক্রেতাদের পছন্দসই শাড়িও তৈরি করে দেওয়া হয়। হুনাইজার ডিজাইনার হুনাইজা হক বলেন, ‘যেহেতু ঈদ আমাদের একটি বড় উৎসব, তাই ঈদ কালেকশন হিসেবে জমকালো জামাগুলোই রেখেছি। সালোয়ার-কামিজের কাপড় হিসেবে থাকছে লোন, সুতি ও মসলিন। এসবের ওপর মুক্তা ও পাথরের কাজ করা হয়েছে। কাটিংয়ে প্রাধান্য পেয়েছে লং-কাট, একটু এক্সক্লুসিভগুলোতে থাকছে আনারকলি-কাট। সালোয়ার-কামিজের দাম পড়বে পাঁচ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত। ঠিকানা: হুনাইজা সিগনেচার কালেকশন, লুসি বিউটি পারলার তৃতীয়তলা, মেহেদীবাগ। পাঞ্জাবি, শাড়ি, সালোয়ার-কামিজ ও ফতুয়ার কালেকশন দিয়ে ঈদপোশাকের সম্ভার গড়ে তুলেছে চারু চট্টগ্রাম। এখানকার ডিজাইনার শিমুল খালেদ জানান, তিনি মূলত মধ্যবিত্তদের কথা মাথায় রেখে পোশাক তৈরি করেন। কারচুপি ও অ্যাপ্লিকসহ বিভিন্ন মাধ্যমে কাজ করা সালোয়ার- কামিজের দাম পড়বে দেড় হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত। শাড়ি পাওয়া যাবে এক হাজার ১০০ থেকে আড়াই হাজার টাকায়। বড় ও ছোটদের পাঞ্জাবি ৭৮০ থেকে দেড় হাজার টাকায় এবং ফতুয়া ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে পাওয়া যাবে। চারু চট্টগ্রামের ঠিকানা: চারু চট্টগ্রাম, ৮৬৮ মেহেদীবাগ সড়ক।