দেশি গরুর কদর মিরসরাইয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ের ১৬ ইউনিয়ন ও দুটি পৌরসভা এলাকার প্রায় প্রতিটি বাজারে কোরবানির গরু বেচাকেনা হয়। সারা বছর উপজেলার মিঠাছড়া, বারইয়ারহাট ও আবুতোরব বাজারে গরুর বাজার বসলেও কোরবানির সময় তা উৎসবে পরিণত হয়। তখন প্রায় সব বাজারে, কোথাও কোথাও জমিতেও গরুর হাট বসে। কোরবানি উপলক্ষে উপজেলায় গরুর বড় হাট বসে করেরহাট, বারইয়ারহাট, জোরারগঞ্জ, মিঠাছরা, বামনসুন্দর দারোগারহাট, আবুতোরাব, আবুরহাট বাজারে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোরবানি উপলক্ষে মিরসরাইয়ের আবুতোরাবে ৮ নভেম্বর গরুর হাট বসেছিল। প্রত্যক্ষদর্শী লোকজন জানান, ওই বাজারে শুধু দেশি জাতের গরু পাওয়া গেছে। দামও ছিল বেশি। দেশি গরু প্রসঙ্গে এক ক্রেতা মো. সরোয়ার উদ্দীন জানান, এবার মানুষ দেশি গরুর দিকে নজর দেবে বেশি। কারণ বিদেশি গরুতে অ্যানথ্রাক্স থাকতে পারে বলে একধরনের আতঙ্ক কাজ করছে মানুষের মনে। যদিও সরকারি-বেসরকারি সব সংস্থা বলছে বাংলাদেশের কোনো গরুতে বর্তমানে অ্যানথ্রাক্স নেই।মিঠাছড়া বাজারের সাবেক ইজারাদার মো. কামাল উদ্দীন জানান, মিরসরাইসহ চট্টগ্রামের সবখানে কোরবানির সময় ভারতীয় গরু আসে প্রচুর। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী হয়ে সরকারি নিয়ম মেনে এসব গরু ব্যবসায়ীরা নিয়ে আসেন। কিছু গরু শুল্ক ফাঁকি দিয়ে কুমিল্লা দিয়ে ঢোকে। যেসব গরু শুল্ক ফাঁকি দিয়ে আনা হয় সেগুলোতে বিভিন্ন রোগের ঝুঁকি থাকে। শুল্ক দিয়ে আনা গরুতে ঝুঁকি থাকে না, কারণ সেখানে চিকিৎসক পরীক্ষা করে ছাড়পত্র দেন।বারইয়ারহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইদুল ইসলাম জানান, বারইয়ারহাট পৌর বাজারে বাইরের চেয়ে দেশি গরু বেশি বিক্রি হয়। কারণ মিরসরাইয়ের চরাঞ্চল থেকে প্রচুর গরু বিক্রির জন্য পৌর বাজারে আনা হয়। তবে মোস্তাক নামে এক ব্যবসায়ী এলাকার বাইরের গরু এনে বিক্রি করেন বলে জানান। তিনি বলেন, বারইয়ারহাট পৌর এলাকায় ক্রেতা-বিক্রেতাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। গরু ব্যবসায়ী মোস্তাক হোসেন জানান তিনি সাধারণত রাজশাহী, রংপুর থেকে গরু এনে বিক্রি করেন বেশি। ওই সব গরু ভারত থেকে বাংলাদেশে শুল্ক দিয়ে আনা হয়। তবে মিরসরাইয়ের গরুও তাঁর কাছে আছে। মিরসরাইয়ের চরাঞ্চলে তিনি কিছু গরু পালন করেন বলে জানান। মিরসরাই এলাকার অনেক প্রভাবশালী লোক তাঁর কাছ থেকে গরু কেনেন। এঁদের অন্যতম হলেন মিরসরাইয়ের উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন। মোস্তাক জানান, এবার দেশি গরুর চাহিদা শুরু থেকেই। শেষদিকে যে সব বাজার বসবে সেখানে গরুর দাম বেশি হবে বলেও তিনি মন্তব্য করেন। তিনি ২০ বছর ধরে মিরসরাইয়ে গরুর ব্যবসা করে যাচ্ছেন। তাঁর গরুর প্রচুর চাহিদা রয়েছে মিরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চলে।