দেশি গেমে জ্যামিতি শেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের কম্পিউটারের গেমস খেলা থেকে বিরত রাখা যায় না—এ অভিযোগ অনেক মা-বাবার। কিন্তু গেমস খেলা বন্ধ করার জন্য তো আর বাচ্চাদের কম্পিউটারে বসা বন্ধ করা যাবে না। তাই এমন গেমস বাচ্চাদের দিতে হবে, যেন বাচ্চারা আনন্দও পায় আবার সঙ্গে সঙ্গে শেখার কাজটাও হয়। এ রকম একটা গেমস হচ্ছে ‘অ্যাডভেঞ্চার অব লিটল তন্ময়’। গেমটিতে কাহিনি গড়ে উঠেছে তন্ময় নামের রোমাঞ্চপ্রিয় এক কিশোরকে নিয়ে, যে বাংলাদেশের বিভিন্ন প্রত্নতাত্ত্ব্বিক নিদর্শনে ঘুরে ঘুরে বিভিন্ন গুপ্তধন উদ্ধার করে। তবে গুপ্তধন উদ্ধারের কাজটি মোটেও সহজ নয়। কারণ, গুপ্তধন উদ্বারের জন্য তন্ময়কে প্রতিটি লেভেলে বেশ কিছু ধাঁধার সমাধান করতে হবে। আর এ ধাঁধাগুলো তৈরি করা হয়েছে জ্যামিতির নানা সমস্যার ওপর। তন্ময়কে সমাধান করতে হবে বৃত্ত, আয়তক্ষেত্র, বর্গ, ত্রিভুজের ক্ষেত্রফল ও পরিধি নিয়ে নানা রকম সমস্যা। আর এ সমস্যগুলোর সমাধান করতে পারলে সে পাবে সঠিক পথের নির্দেশনা। আর নির্দিষ্ট সময়ের মধ্যে ধাঁধার সমাধান করা ছাড়াও তন্ময়কে বাঁচতে হবে ডাকাতদলের হাত থেকে, যারা তন্ময়কে মেরে গুপ্তধন হাতিয়ে নিতে চায়। যদিও ডাকাত তাড়ানোর জন্য তন্ময়ের হাতে অস্ত্র হিসেবে চাবুক আছে। কিন্তু সেই চাবুকও তিনবারের বেশি ব্যবহার করা যায় না। ফলে গেমারকে একটু হিসাব করে খেলতে হবে। আর জ্যামিতির ওপর একটু ধারণা থাকতে হবে। খুব বেশি না জানলেও ক্ষতি নেই। খেলতে খেলতে জ্যামিতির সব মারপ্যাঁচ শেখা হয়ে যাবে। গেমটিতে তন্ময় তার যাত্রা শুরু করবে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি থেকে। তারপর একে একে যাবে নাটোরের রাজবাড়ি, ঢাকার লালবাগের কেল্লা, আহসান মঞ্জিল ও সোনারগাঁয়ের রাজবাড়িতে। প্রতিটি জায়গায় তাকে ১০টি করে জ্যামিতিক সমস্যার সমাধান করতে হবে। আর গেমসে প্রতিটি স্থানের বিশদ বিবরণ দেওয়া আছে। ফলে খুব সহজে গেমার জায়গাগুলোর বিবরণসহ সব তথ্য জানতে পারবে। আর গেমসটি সহজ ও কঠিন দুই মোডেই খেলা যায়। গেমসের গ্রাফিক্স এতটাই আকর্ষণীয় যে মনে হবে পুরোনো রাজবাড়ির মধ্যকার গা-ছমছমে পরিবেশে গেমার ঘুরে বেড়াচ্ছে। আর গেমসের শব্দশৈলী একইভাবে অতীতে নিয়ে যাবে গেমারকে। ফলে সব মিলিয়ে বাংলাদেশের আকর্ষণীয় প্রত্নতাত্ত্বিক জায়গাগুলোতে খেলা আর ঘোরা হয়ে যাবে একই সঙ্গে। এই গেমসটি খেলা যাবে www.champs21.com ঠিকানার ওয়েবসাইটে। সাইটে গেমসটি ছাড়াও রয়েছে গেমসের আকর্ষণীয় ওয়ালপেপার ও স্ক্রিনসেভার।