দেশি জুতার বেশি কদর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে ছোট-বড়—সবারই চাই নতুন জুতা। দেশে তৈরি বাহারি ডিজাইনের পাশাপাশি বিদেশি জুতাও অভিজাত বিপণিকেন্দ্রে শোভা পাচ্ছে। বিক্রয়কর্মীদের ফুরসত নেই। তাঁদের মুখে কথার ফুলঝুরি, জুতার গুণগান। দুহাত ব্যস্ত ক্রেতার পায়ে জুতা পরাতে। সরেজমিন ঘুরে নগরের বিভিন্ন বিপণিকেন্দ্রে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতারা জানান, এবার পাথর, জরি, মণি, চুমকি ও পুঁতির সূক্ষ্ম কারুকাজ করা জুতার চাহিদা বেশি। পাকিস্তানি রাখি, কারিনা কাপুর, সানিয়া মির্জা, শাকিরা নামের জুতা চলছে ভালো। বিপণিবিতানের এক দোকান থেকে অন্য দোকানে জুতা দেখছিলেন তৌহিদা জান্নাত। তিনি জানালেন, সালোয়ার-কামিজের রঙের সঙ্গে মিল রেখে ফ্ল্যাট সোলের কারুকাজ করা জুতাই তাঁর পছন্দ। মিস ব্র্যান্ডের বিক্রয়কর্মী উজ্জ্বল চৌধুরী জানালেন, ছেলেদের চেয়ে মেয়েরা বেশি ফ্যাশনসচেতন। তাই মেয়েদের জুতার ডিজাইন ও রঙে বেশি বৈচিত্র্য থাকে। মেয়েদের কারিনা কাপুর স্যান্ডেলের মধ্যে কপার, সোনালি ও কালো রঙের ওপর পাথর ও পুঁতির কাজ করা জুতার দাম রাখা হচ্ছে এক হাজার ২৭৫ টাকা। পুঁতি ও চুমকির সূক্ষ্ম কারুকাজ করা পাকিস্তানি রাখির দাম এক হাজার ৫৫০ টাকা। হাইহিল ও উজ্জ্বল রঙের পাথরের কাজ করা শাকিরা জুতার দাম এক হাজার ৭৫০ টাকা। পেনসিল হিল ও পাথরের ভারী কারুকাজ করা সানিয়া মির্জা জুতার দাম এক হাজার ৪৫০ টাকা। সূক্ষ্ম পাথরের কাজ করা পাকিস্তানি জুতা এক হাজার ৭৫০ টাকা। মণি ও পাথরের কাজ করা লেডিস সাইকেল সু এক হাজার ১৫০ টাকা। চামড়ার ওপর কারুকাজ করা পাকিস্তানি নাগরা ৯৫০ টাকা।সানমার ওশান সিটির স্নেহা তাবসসুমের ব্যবস্থাপক মো. আরিফুর রহমান জানালেন, থাইল্যান্ড থেকে ৩০০ ডিজাইনের জুতা আমদানি করা হয়েছে। ব্র্যান্ডগুলো হলো ইন-ট্রেন্ড, পাটরা, বালানা, গার্লি, ফ্রেশি ও সোডা। উজ্জ্বল চকচকে রঙের ওপর পাথরের কাজ করা জুতা বেশি চলছে। জুতাগুলোর দামও হাতের নাগালে ৮৫০ থেকে এক হাজার ৩৫০ টাকা। আখতারুজ্জামান সেন্টারে কেনাকাটা করতে আসা সাদিয়া ইসলাম জানান, ‘জুতা কেনা হয় একবার কিন্তু সারা বছর পরতে হয়। তাই জুতা কেনার সময় জুতার স্থায়িত্ব ও কতটুকু আরামদায়ক তা দেখে কেনার চেষ্টা করি।’ গ্যালারি অ্যাপেক্সের ব্যবস্থাপক কার্তিক ঘোষ জানান, এবার হাইহিলের চেয়ে ফ্ল্যাট সোলের জুতার চাহিদা বেশি। কারণ তরুণ-তরুণীদের মধ্যে জিনসের প্যান্ট পরার চল বেশি। হাইহিলের ওপর পুঁতি ও চুমকির কাজ করা মুচি জুতার দাম দুই হাজার ৬০০ টাকা থেকে তিন হাজার ৫০০ টাকা। ছেলেদের ভেনচুরিনি ব্র্যান্ডের স্যান্ডেল দুই হাজার ৫০০ থেকে চার হাজার ৮০০ টাকা এবং অ্যাপেক্সের সু এক হাজার ২৫০ থেকে চার হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ফুটপাতের বিক্রেতারা জানান, তাঁদের জুতাগুলো ঢাকা ও বিদেশ থেকে লটে আনা হয় বলে দাম কম। এগুলো বিভিন্ন দামি ব্র্যান্ডের অকশন ও বাতিল মাল থেকে নেওয়া হয়। এখানে চটি ও স্যান্ডেল-সু পাওয়া যাবে ৩০০ থেকে এক হাজার ১০০ টাকা এবং সু ৫০০ থেকে এক হাজার ২০০ টাকা। তামাকুমণ্ডি লেনের মেসার্স হর্স সু স্টোরের বিক্রেতা মো. হানিফ জানান, এখানকার সব জুতা থাইল্যান্ড, চীন ও পাকিস্তান থেকে আমদানি করা। চটি বেল্ট ৩৫০ টাকা, পাতলা দুই ফিতা ৩২০, মোটা আংটার চটি ৩৫০ টাকা, তাবিজ বেল্ট ৩৭৫ টাকা, নাগরা বেল্ট ৩৯০ টাকা, দুই পার্ট ফিতাসহ জুতা ৭৫০ টাকা, দুই ফিতা টানা আংটা ৭২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।