দেশি টুপি আর বিদেশি আতরের কদর বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের জেল রোড, রিয়াজউদ্দিন বাজার, গোলাম রসুল মার্কেট, দারুল ফজল মার্কেটসহ নানা স্থায়ী অস্থায়ী দোকানে বিক্রি হচ্ছে বাহারি টুপি আর নানা সুগন্ধের আতর। বছরের অন্যান্য সময় বই বা পোস্টারের ব্যবসা করলেও রমজানে কাটতি বেশি থাকে বলে দারুল ফজল মার্কেট চত্বরে টুপির ব্যবসা করেন সাহাব উদ্দিন। কেমন বিক্রি হচ্ছে জানতে চাইলে জানান, ‘বেশ ভালোই বিক্রি হচ্ছে। নতুন ডিজাইনের টুপির মধ্যে সাদা রঙের টুপিই বেশি চলছে।’ এসব টুপির দাম ২০-১২০ টাকা। বাহারি টুপিগুলোর অধিকাংশই দেশে তৈরি। তবে চীন, ভারত, পাকিস্তান হতেও বেশ কিছু টুপি এসেছে। নানা আকার ও রঙের এসব টুপির দাম ৩০০-৭০০ টাকা। দীর্ঘদিন ধরে আতরের ব্যবসার সঙ্গে জড়িত জেল রোডের রাজা পারফিউমারির স্বত্বাধিকারী মো. আবু জাহের। বছরের অন্যান্য সময়ের তুলনায় এ মাসে বিক্রি বাড়লেও তিনি হতাশার সঙ্গে জানান, ‘এখন নানা চটকদার বিজ্ঞাপনের কারণে সবাই বিভিন্ন স্প্রে ব্যবহার করছেন। আর প্রবাসীরা বিদেশ থেকে আসার সময় নানা ধরনের আতর নিয়ে আসেন ফলে আমাদের বেচাবিক্রি আগের তুলনায় কমে গেছে।’গোলাম রসুল মার্কেটে আজমিরি ক্যাপ হাউসে টুপি ও আতর কিনতে এসেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা ও ইলেকট্রনিকস বিভাগের ছাত্র আসিফ আহমেদ। নানা ধরনের আতরের গন্ধ পরখ করতে করতে বলেন, ‘টুপি ব্যবহার কারাটা সুন্নত। তা ছাড়া যেকোনো ধর্মীয় উৎসবে টুপি ও আতরের ব্যবহারে পবিত্রতার ছাপ ফুটে ওঠে।’ বিভিন্ন বিপণিকেন্দ্র ঘুরে দেখা গেছে ফ্রান্স, ভারত, জার্মানি থেকে আমদানি করা ১০০ গ্রাম আতরের দাম পড়ছে ৩০০ থেকে এক হাজার টাকা। আর বিভিন্ন ব্রান্ডের এসব আতরের মধ্যে দরবার, রয়েল মেরি, সাফারিম্যান সবচেয়ে বেশি চলছে বলে জানান বিক্রেতারা। এ ছাড়াও নগরের বেশ কিছু শৌখিন মানুষ ঈদ উপলক্ষে অনেক আগেই হাতে তৈরি টুপি সংগ্রহ করে রেখেছেন। সবার চেয়ে আলাদা এসব টুপির ব্যবহারে ধর্মীয় ভাব-গাম্ভীর্যের পাশাপাশি রুচির পরিচয়ও মেলে।