প্রচ্ছদ
দেশি ডিজাইনারদের টেকসই নান্দনিক পোশাক
ফ্যাশনের দুনিয়ায় এখন প্রাকৃতিক ও টেকসই ধারার পোশাকের উপস্থিতি ভালোই দেখা যাচ্ছে। সম্প্রতি কাজাখস্তানের তারাজ শহরে অনুষ্ঠিত একটি ফ্যাশন শোতে ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের (এফডিসিবি) ডিজাইনাররা তুলে ধরলেন দেশি উপকরণে তৈরি পোশাক। যেগুলো টেকসই ঘরানার প্রতিনিধিত্ব করে। তাঁদের তৈরি পোশাকগুলোর একঝলক নিয়ে এ আয়োজন
শিকড়ের কাছেই ফিরে যাচ্ছেন সবাই। জীবনযাপনের জন্য প্রাকৃতিক উপকরণ ব্যবহারের চলও বাড়ছে। এসব উপকরণের মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্যই তুলে ধরা হচ্ছে। পিছিয়ে নেই ফ্যাশন ডিজাইনাররাও। তাঁদের কাজে এখন টেকসই (সাসটেইনেবল) ফ্যাশন ধারার জয়জয়কার। বাংলাদেশের ডিজাইনাররাও সেই ধারায় শামিল।
ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের (এফডিসিবি) ১১ জন ডিজাইনার কাজাখস্তানের তারাজ শহরে অনুষ্ঠিত একটি ফ্যাশন শোতে সম্প্রতি তুলে ধরেন তাঁদের নকশা করা পোশাক। ভার্চ্যুয়াল ফ্যাশন শোর এই আয়োজনটি হয় ৭ থেকে ১০ অক্টোবর। টেকসই উপকরণের তৈরি পোশাককে আধুনিক কাটছাঁটে উপস্থাপন করা হয় বেশ নান্দনিকভাবেই। প্রত্যেক ডিজাইনার খাদি, হাতে বোনা সুতির কাপড়, সিল্ক দিয়ে আরামদায়ক ছয়টি করে পোশাক বানিয়েছেন তরুণদের কথা ভেবেই। পরবর্তী প্রজন্মকে জানিয়ে দিয়েছেন, দেশি সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা যায় অসাধারণ নকশার সব পোশাক। এই ফ্যাশন শোতে ডিজাইনাররা কে কী কাজ প্রদর্শন করেছেন, তার একঝলক থাকছে এখানে।
মাহিন খান
এই শোতে ডিজাইনার মাহিন খানের তৈরি পোশাকগুলোতে ১০০ কাউন্টের সুতা ব্যবহার করা হয়েছে। তিনি কোটা চেক, ডোরাকাটা ও নকশাহীন কাপড়ে হাতের সেলাই ও এমব্রয়ডারির মাধ্যমে এনেছেন ভিন্নতা। সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও দিনাজপুরের তাঁতিদের হাতে বোনা সুতায় তৈরি কাপড়, ওজনে একেবারেই হালকা। অনেকটা পালকের সঙ্গেই তুলনা করলেন ডিজাইনার মাহিন খান। সাদা–কালোর বৈপরীত্যকে তুলে ধরেছেন বেশ অভিজাত আঙ্গিকে। ২০২২ সালের বসন্ত-গ্রীষ্মের ফ্যাশন ধারার একঝলক দেখা গেছে তাঁর পোশাকে। ভলিউম দেওয়া হাতা, পোশাকের নিচের অংশে প্লিটের ব্যবহার ইত্যাদি নকশা দেখা যাবে সামনেই।
শৈবাল সাহা
খাদি দিয়ে তৈরি করেছেন পোশাকগুলো। সময়োপযোগী এই পোশাকগুলোর ডিজাইন ফিউশন ধাঁচের। দেখা যাবে দেশি এবং পাশ্চাত্য ঘরানার নকশা। একটি কাপড়ের ওপর আরেকটি কাপড় দিয়ে ওভারল্যাপিং করা হয়েছে বলে জানান শৈবাল সাহা। এ লাইন কাটের পোশাকটিতে প্লিটের ব্যবহার লক্ষণীয়। এতে ভিন্ন মাত্রা যোগ করবে টুপি। পায়ের জুতা, ল্যাপটপ ব্যাগ সবকিছুতেই পাটের ছোঁয়া।
শাহরুখ আমিন
ফুলের নিজস্ব প্রকাশ ঘটেছে ডিজাইনার শাহরুখ আমিনের নকশায়। শিরোনাম ছিল ‘ফ্লাওয়ার পাওয়ার’। চল্লিশ বা ষাটের দশকে নানি–দাদিরা সেলাই করতেন নিখুঁতভাবে। স্কুলেও শেখানো হতো সেলাইয়ের কাজ। কাফতান, লম্বা শার্ট, উঁচু–নিচু কাট, আনারকলি, মিডি ড্রেস ইত্যাদি পোশাকে তুলে ধরেছেন সেই আবেশ। যাঁরা একটু ফিউশনধর্মী কাট পছন্দ করেন, পোশাকগুলো তাঁদের জন্যই। সুতি ও পাটের তৈরি কাপড়ে অমব্রে ডাই করে নেওয়া হয়েছে।
এমদাদ হক
ডিজাইনার এমদাদ হক তাঁর পোশাকসম্ভারের নাম দিয়েছেন ‘রিদম অব ফেব্রিক’। ২০ কাউন্টের সুতায় তৈরি খাদির কাপড় দিয়ে বানানো পোশাকগুলো। হালকা ও গাঢ় বাদামি রং চলে গেছে পাশাপাশি তালে। এর মধ্যে সাদা সুতার ধারা অনেকটা যেন বৃষ্টির ছন্দ তৈরি করেছে। বেলবটম প্যান্টের সঙ্গে আছে খাটো মাপের কুর্তি। সামনে ফাড়া। শালের মতো পঞ্চ, কোমরে বন্ধনী, হাতে বেতের ঝুড়ি, কাশফুল— সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে আলাদা ছন্দ।
ফায়জা আহমেদ
সরল, বাস্তব ও সাধারণ—এই তিন ভাবনা প্রকাশ পেয়েছে ডিজাইনার ফায়জা আহমেদের পোশাকে। মৌলিক রং দিয়ে নকশাকে বেশ সাবলীলভাবে উপস্থাপন করেছেন তিনি। আধুনিক কাট তৈরিতে ব্যবহার করেছেন দেশি তাঁতের কাপড়। নৈসর্গিক, সহজাত আর প্রাচীন স্টাইলিংেয় এসব পোশাক ভালো লাগবে বলে জানালেন এই ডিজাইনার।
ফারাহ্ আঞ্জুম বারী
‘কনশাস এভরিডে’ শিরোনামের পোশাকগুলোতে ডিজাইনার ফারাহ্ আঞ্জুম বারী তুলে ধরেছেন সচেতন বার্তা। প্রকৃতির ক্ষতি না করে, অযথা অপচয় না করে ছয়টি পোশাক বানিয়েছেন তিনি। সুতি কাপড়ের পোশাকটির নিচের অংশে আছে শাড়ির কুঁচির নকশা। ওপরের অংশে নাটকীয় ভাব নিয়ে এসেছে আটকে দেওয়া সিল্কের কাপড়টি। পুরো পোশাকটিতে ড্রেপিঙের ব্যবহার লক্ষণীয়।
চন্দনা দেওয়ান
পোশাকে কৃষ্ণচূড়া ফুলের নকশার মাধুর্য ফুটিয়ে তুলেছেন ডিজাইনার চন্দনা দেওয়ান। ফ্যাশন শোয়ে তুলে ধরা পোশাকগুলোর বিষয়ও ছিল কৃষ্ণচূড়া। কমলা রঙের পোশাকটি বানানো হয়েছে কোটা কাপড় দিয়ে। ফ্রকটির ভেতরে ছাপা নকশার আরেকটি কাপড় দিয়ে স্তর দেওয়া হয়েছে।
আফসানা ফেরদৌসী
‘আনন্দে আবৃত শরৎ’ শিরোনামে ডিজাইনার আফসানা ফেরদৌসী শরতের আকাশের রং তুলে ধরেছেন পোশাকে। শরতের মেঘ ধরা পড়েছে নকশিকাঁথার সাদা সুতায়। সুতি লিনেন কাপড়ের তৈরি লম্বা জামা, জাম্পস্যুট, প্যান্ট, টপস, এ লাইনের ড্রেস, হাতাকাটা কামিজ এবং প্যান্টে আছে ভিন্নতা। জুতা, ব্যাগ ছিল জুট এবং কেনের (বেত) তৈরি। প্রতিটি জামা শরতের একেকটি রূপ তুলে ধরেছে—সকাল, দুপুর, বিকেল ও সন্ধ্যার।
কুহু প্লামন্দান
ডিজাইনার কুহু প্লামন্দানের সংগ্রহের নাম সামার ব্রিজ। সুতি কাপড়ে তৈরি করা হয়েছে এই লম্বা টিউনিক। কাপড়ে প্রথমে হাতে রং করা হয়েছে, তার ওপর রয়েছে ব্লকপ্রিন্টের কাজ। ব্লকপ্রিন্টে বাঘের মুখ রয়েছে।
লিপি খন্দকার
‘শেপ অব ফ্রিডম’ শিরোনামে চাপা সাদা (অফহোয়াইট) রঙের পোশাক ফ্যাশন শোতে তুলে ধরেছেন ডিজাইনার লিপি খন্দকার। কুঁচি এবং প্লিট—তাঁর পোশাকের অন্যতম বৈশিষ্ট্য। পরে আরাম পাওয়া যাবে আর ঘোরাও যাবে স্বচ্ছন্দে। সমসাময়িক নকশা ও কাটে ধুতি–সালোয়ার, স্কার্ট, ট্রাউজার, ড্রেস ও টপ বানিয়েছেন। পুরো পোশাকে চাপা সাদা রঙের প্রাধান্য, প্রথম দেখায় ভালো লাগে। খাদি, তাঁতের শাড়ি দিয়ে বানানো পোশাকগুলো যে কোনো গড়নের অধিকারীরাই পরতে পারবেন। তবে বয়সের ক্ষেত্রে লিপি খন্দকার চিন্তা করেছেন তরুণদের কথা। ধুতি সালোয়ারের সঙ্গে টপটি অসমান (আনইভেন) কাটের। পেছনের অংশ কিছুটা লম্বা, সামনের দিকে কোমর ছোঁয়া।