দেশি পণ্যের চাহিদা সীতাকুণ্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে রোজার শুরু থেকেই সীতাকুণ্ডের বিপণিকেন্দ্রগুলো বাহারি পোশাকসহ রকমারি পণ্যে সাজানো হয়েছে। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বেচাকেনায় জমজমাট হয়ে উঠছে ঈদের কেনাকাটা। তবে সব পণ্যের দাম গত বছরের চেয়ে কিছুটা বেশি— বলেছেন ক্রেতা-বিক্রেতারা।পৌর এলাকার শপিং সেন্টার, ন্যাশনাল মার্কেট, সুপার মার্কেট, নাহার প্লাজা, সমবায় বিতান, আফরোজা প্লাজা, মহিলা মার্কেট, কুমিরার চৌধুরী মার্কেট, ভাটিয়ারি শপিং মার্কেট, বাড়বকুণ্ডের গনি মার্কেটসহ কয়েকটি বিপণিকেন্দ্র ঘুরে দেখা গেছে, বেশির ভাগ দোকানে দেশি-বিদেশি বাহারি পণ্যের সমাহার। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদেশি পোশাকের চেয়ে দেশি পোশাক বেশি বিক্রি হচ্ছে। নাহার প্লাজার আঁচল শাড়ি বিতানের মালিক নিজাম উদ্দিন বলেন, ‘বিদেশি পোশাকের চেয়ে এখানে দেশি পোশাকের চাহিদা বেশি। পাঞ্জাবি ও শিশুর পোশাক এবার বেশি এনেছি।’ ঈদের বাজার করতে আসা সীতাকুণ্ডের গোলাবাড়িয়া গ্রামের আব্দুর রশীদ প্রথম আলোকে বলেন, ‘মা ও ছোট ভাই-বোনের জন্য কেনাকাটা করছি। দাম কিছুটা বেশি। তবে এখনো সাধ্যের মধ্যেই আছে, অবশ্য দরকষাকষি করতে হয়।’গত ঈদের চেয়ে কাপড়ের দাম একটু চড়া হওয়ার কারণ হিসেবে ভাটিয়ারি মার্কেটের ব্যবসায়ী মিজানুর রহমান জানান, চোরাইপথে কাপড় না আসায় এবং বিদেশি কাপড়ের ওপর সরকার কর বাড়িয়ে দেওয়ায় দাম একটু বেশি নিতে হচ্ছে। কুমিরা শপিং সেন্টারের শাড়ি ও থান কাপড়ের দোকান উজ্জ্বল ক্লথের বিক্রয়কর্মী মাহমুদুল হক প্রথম আলোকে জানান, তাঁদের দোকানে তিন রমজান থেকে পুরোদমে বেচাকেনা শুরু হয়েছে। বিশেষ করে সকাল, দুপুর ও এশার নামাজের পর থেকে সেহরি পর্যন্ত বেচাকেনা চলছে। পৌর সদরের দর্জির দোকানগুলোতে প্যান্ট ও শার্ট সেলাইয়ের কাজ চলছে পুরোদমে। ‘প্রায় দর্জির দোকানে কর্মচারীরা দিন-রাত কাজ করছেন, কারও চোখে ঘুম নেই।’ জানিয়েছেন কলেজ রোডের পাপিয়া টেইলার্সের মালিক রতন শ্যাম।উপজেলার বিভিন্ন ফুটপাত ও বিপণিকেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেল, উচ্চ ও মধ্যবিত্তের লোকজন বড় বড় বিপণিকেন্দ্র আর নিম্নবিত্তের লোকজন হাটবাজার ও ফুটপাতের অস্থায়ী দোকানগুলো থেকে কেনাকাটা করছেন বেশি। নাহার প্লাজার নাসির ক্লথ স্টোরের মালিক নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে গ্রামের মানুষের হাতে বাড়তি টাকা-পয়সা তেমন নেই। তারপরও মানুষ ঈদের আনন্দ উপভোগের জন্য যা আছে তা দিয়ে প্রিয়জনদের জন্য কেনাকাটা করছেন।’ বিভিন্ন বিপণিকেন্দ্রে জুতা, গহনা ও প্রসাধনসামগ্রীর দোকানে দেখা গেছে কিশোরী-তরুণীসহ নারীর ভিড়। তবে স্বর্ণের দোকানগুলোতে বেচাকেনা গত বছরের চেয়ে কম। সীতাকুণ্ড শপিং সেন্টারের বি বি স্বর্ণ শিল্পালয়ের মালিক বিশ্বজিৎ বণিক বলেন, ‘স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় বেচাকেনা তেমন হচ্ছে না।’উপজেলা ব্যবসায়ী কমিটির সভাপতি আবুল কাশেম ওয়াহেদী প্রথম আলোকে জানান, উপজেলার সব বিপণিকেন্দ্রে নিজস্ব নিরাপত্তাব্যবস্থা এবং সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া বাইরের বাড়তি নিরাপত্তার জন্য টহল পুলিশ বাড়ানোর আহ্বান জানান তিনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রথম আলোকে নুর আহমদ বলেন, ‘ইতিমধ্যে বাজারের ব্যবসায়ী কমিটির সদস্যদের নিয়ে নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়েছে। নিরাপত্তা বিষয়ে আমরা সব সময় সতর্ক রয়েছি।’